খুঁজুন
advertisement
advertisement
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ, ১৪৩৩

জাতীয় সংলাপে আওয়ামী লীগকেও রাখতে হবে: রুমিন ফারহানা

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
জাতীয় সংলাপে আওয়ামী লীগকেও রাখতে হবে: রুমিন ফারহানা

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সংলাপ করতে হলে আওয়ামী লীগকেও আলোচনার টেবিলে রাখতে হবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। আওয়ামী লীগ ক্ষমা চাইবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘তারা করবে কি না জানি না, আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না।’

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এর একটি টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

জাতীয় সংলাপের প্রয়োজনীয়তা এবং আওয়ামী লীগকে আলোচনায় রাখার বিষয়ে রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগকে বাইরে রেখে আলোচনা করলে তা যেকোনো কিছু হতে পারে, কিন্তু জাতীয় সংলাপ হতে পারে না।

তিনি বলেন, আওয়ামী লীগকে সমর্থন করেন না এবং ভবিষ্যতেও দলটিতে যোগ দেওয়ার কোনো ইচ্ছা নেই। তবে দেশে আওয়ামী লীগের উল্লেখযোগ্যসংখ্যক সমর্থক রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, তাদের আলোচনার বাইরে রেখে জাতীয় সংলাপ সম্ভব নয়।

রুমিন ফারহানা বলেন, ‘জরিপ বলছে, শেখ হাসিনা যখন পালিয়ে যান, তখনও ২৫ শতাংশ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করতেন। এখন এই ৪০ শতাংশ লোককে আলোচনার টেবিলের বাইরে রেখে সংলাপ করলে সেটা জাতীয় সংলাপ হতে পারে না।’

আওয়ামী লীগকে আলোচনায় আনার ক্ষেত্রে তাদের অপরাধ স্বীকার ও অনুশোচনার বিষয়টিও তুলে ধরেন তিনি। তার ভাষ্য, আওয়ামী লীগকে আলোচনার টেবিলে আনতে হবে এবং একই সঙ্গে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

দলটি ক্ষমা চাইবে কি না, এমন প্রশ্নে রুমিন ফারহানা বলেন, ‘তারা প্রকাশ করবে কি না জানি না। আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না। এদের কাছে কী? চাইতাম, যদি আমার চেয়ে বেটার শাসন তুমি দিতে পারতা।’

তবে আওয়ামী লীগ অপরাধ করেছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সার্টেইনলি (অবশ্যই)।’

আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে এই সংসদ সদস্য বলেন, যারা অপরাধ করেছে, তাদের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তাদের আলোচনার টেবিলে এনে নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা আছে কি না, তা জানতে হবে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান তুলে ধরে রুমিন ফারহানা বলেন, রাজনীতিবিদদের সামনে এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করা ছাড়া তেমন কোনো বিকল্প নেই। তিনি বলেন, ‘আমি প্যাশনেটলি রাজনীতিটা করি। এখন সামনের পরিস্থিতি অত্যন্ত কুয়াশাচ্ছন্ন এবং ঘোলা। অনেক কিছুই জানুয়ারির মধ্যে পরিষ্কার হবে।’

রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক দূরত্ব ও বিভাজন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ১৯৪৭ সালের দেশভাগের প্রেক্ষাপট নিয়ে নিজের পড়াশোনার প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন, ধর্মীয় বিভাজনের মতো রাজনৈতিক মত ও পথের পার্থক্য থেকেও সমাজে বিভক্তি ও সহিংসতা তৈরি হচ্ছে।

তিনি বলেন, রাজনীতিবিদদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য কমে গেছে। একে অপরের সঙ্গে বসে চা খাওয়া তো দূরের কথা, অনেকে পরস্পরের দিকে তাকাতেও চান না। এ ধরনের পরিস্থিতি দেশকে ভালো কোনো দিকে নিয়ে যাবে না।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার নিরাপত্তা

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার নিরাপত্তা

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বুধবার (১৮ নভেম্বর) এ নির্দেশনা দেওয়া হয়। বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমনপথে তল্লাশি জোরদার, ল্যান্ডসাইড এলাকায় নজরদারি বৃদ্ধি এবং সার্বক্ষণিক নিরাপত্তা টহল বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বিমানবন্দরে প্রবেশকারী সব ধরনের যানবাহনে তল্লাশি জোরদার করতে বলা হয়েছে।

বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তা জোরদারে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের টহল ও নজরদারি বাড়ানোর পাশাপাশি যানবাহনে তল্লাশি জোরদার করতে বলা হয়েছে।

এ ছাড়া বিমানবন্দর থানাকে আশপাশের এলাকায় পুলিশের টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। দেশের যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট পরিচালিত হয় না, সেখানেও রাতের বেলায় টহল, নজরদারি ও পর্যবেক্ষণ অব্যাহত রাখতে বলা হয়েছে।

এদিকে বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় এআই ক্যামেরার আওতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে পুলিশের সঙ্গে বৈঠক করেছে বেবিচক। পুলিশের বিদ্যমান এআই ক্যামেরাভিত্তিক নজরদারি কার্যক্রমের আওতায় বিমানবন্দর এলাকাতেও ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনও নিজস্ব ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিচ্ছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

ইসির ৭৪ পিকআপ নিয়ে প্রশ্ন, ডাবল কেবিন চেয়ে জনপ্রশাসনে চিঠি

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ইসির ৭৪ পিকআপ নিয়ে প্রশ্ন, ডাবল কেবিন চেয়ে জনপ্রশাসনে চিঠি

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

নির্বাচন কমিশনের (ইসি) মাঠপর্যায়ের কার্যালয়ের জন্য ৭৪টি পিকআপ কেনার অনুমোদন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্যে ১০টি আঞ্চলিক নির্বাচন অফিসের জন্য এবং ৬৪টি জেলা নির্বাচন অফিসের জন্য। তবে নির্বাচন কমিশন এসব যানবাহনের মধ্যে আঞ্চলিক কার্যালয়ের জন্য জিপ ও মাইক্রোবাস এবং জেলা কার্যালয়ের জন্য ডাবল কেবিন পিকআপ চেয়েছিল।

সাধারণ পিকআপ নির্বাচনের সময় নির্বাচনি সরঞ্জাম পরিবহনে ব্যবহার করা গেলেও বছরের বাকি সময়ে এসব গাড়ির ব্যবহার কতটা হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, নির্বাচনের বাইরে গাড়িগুলোর ব্যবহার সীমিত থাকলেও চালক নিয়োগ, জ্বালানি, মেরামত ও রক্ষণাবেক্ষণে নিয়মিত সরকারি অর্থ ব্যয় হবে। এতে দীর্ঘমেয়াদে বাড়তি আর্থিক বোঝা তৈরি হতে পারে।

এ কারণে অনুমোদিত পিকআপগুলো ডাবল কেবিন করার প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠিও পাঠিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী বাজেটসহ নির্বাচনসংশ্লিষ্ট লজিস্টিকস ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তবে বিদ্যমান আর্থিক সীমাবদ্ধতাও বিবেচনায় রাখতে হবে। এ ক্ষেত্রে ব্যয়ের বিপরীতে কী সুবিধা পাওয়া যাবে, অর্থাৎ ‘ভ্যালু ফর মানি’ সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত। ডাবল কেবিন পিকআপ সুষ্ঠু নির্বাচনে সহায়তার পাশাপাশি দীর্ঘমেয়াদে ব্যবহারযোগ্য কি না এবং এর ব্যয়-সুবিধা বিবেচনা করে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।

জানা গেছে, গত ১৬ জুন নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠপর্যায়ের কার্যালয়ের জন্য প্রয়োজনীয় যানবাহন ট্রান্সপোর্ট অ্যান্ড ইকুইপমেন্ট (টিওঅ্যান্ডই) কাঠামোতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠায় ইসি। পরে ৪ আগস্ট এ বিষয়ে দুই পক্ষের মধ্যে বৈঠক হয়।

ইসির প্রস্তাবে সচিবালয়ের জন্য অন্যান্য গাড়ির পাশাপাশি ১০টি আঞ্চলিক নির্বাচন অফিসের জন্য ২০টি জিপ ও ১০টি মাইক্রোবাস এবং ৬৪টি জেলা নির্বাচন অফিসের জন্য ৬৪টি ডাবল কেবিন পিকআপ চাওয়া হয়েছিল।

তবে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাবের সব যানবাহনে সম্মতি দেয়নি। গত ২৪ আগস্ট জারি করা সম্মতিপত্রে ১০টি আঞ্চলিক নির্বাচন অফিসের জন্য ১০টি পিকআপ এবং ৬৪টি জেলা নির্বাচন অফিসের জন্য ৬৪টি পিকআপের অনুমোদন দেওয়া হয়। এ ক্ষেত্রে অর্থ বিভাগের সম্মতি ও প্রধানমন্ত্রীর অনুমোদন গ্রহণসহ কয়েকটি শর্ত দেওয়া হয়। পাশাপাশি সাংগঠনিক কাঠামো হালনাগাদ করার নির্দেশনাও দেওয়া হয়।

সম্মতিপত্রে যানবাহনের ধরন হিসেবে শুধু ‘পিকআপ’ উল্লেখ থাকায় বিষয়টি স্পষ্ট করতে গত ৬ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

চিঠিতে বলা হয়, নির্বাচনের সময় নির্বাচনি সামগ্রী ও সরঞ্জাম পরিবহনের পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াত এবং জরুরি প্রশাসনিক কার্যক্রম দ্রুত ও নিরাপদে সম্পন্ন করতে ডাবল কেবিন পিকআপ প্রয়োজন। কিন্তু সম্মতিপত্রে শুধু পিকআপ উল্লেখ থাকায় যানবাহন কেনা ও টিওঅ্যান্ডই বাস্তবায়নে অস্পষ্টতা তৈরি হতে পারে। তাই ‘পিকআপ’-এর পরিবর্তে ‘পিকআপ (ডাবল কেবিন)’ উল্লেখ করে সংশোধিত সম্মতিপত্র দেওয়ার অনুরোধ জানানো হয়। তবে এখনো ওই চিঠির জবাব দেয়নি জনপ্রশাসন মন্ত্রণালয়।

আখতার আহমেদ বলেন, ‘আমাদের ডাবল কেবিন পিকআপ প্রয়োজন। ১০টি আঞ্চলিক নির্বাচন অফিসে হয়তো পিকআপ কাজে লাগবে। বাকি ৬৪টির বিষয়ে কথা বলতে হবে।’

সংশ্লিষ্টদের মতে, সাধারণ বা সিঙ্গেল কেবিন পিকআপ মূলত মালপত্র পরিবহনের জন্য উপযোগী। নির্বাচনের সময় ব্যালট বাক্স ও অন্যান্য নির্বাচনি সরঞ্জাম পরিবহনে এসব গাড়ি কাজে লাগতে পারে। তবে নির্বাচনের বাইরে জেলা ও আঞ্চলিক নির্বাচন অফিসের দৈনন্দিন কাজে এগুলোর ব্যবহার সীমিত হওয়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে ডাবল কেবিন পিকআপ হলে নির্বাচনি সরঞ্জাম পরিবহনের পাশাপাশি কর্মকর্তাদের যাতায়াত, মাঠপর্যায়ে তদন্ত, ভোটার তালিকা হালনাগাদ, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত অনুসন্ধান, ভোটার স্থানান্তর, ভোটকেন্দ্র পরিদর্শনসহ বিভিন্ন প্রশাসনিক কাজে ব্যবহার করা সম্ভব। ফলে সারা বছর গাড়িগুলোর কার্যকর ব্যবহার নিশ্চিত করার সুযোগ থাকবে।

সংশ্লিষ্টদের প্রশ্ন, যে গাড়ি কেনার পর নিয়মিত ব্যবহারের সুযোগ থাকবে না, সেটি কেনার অনুমোদন দিয়ে অতিরিক্ত ব্যয়ের দায় নেওয়া হবে কেন? শুধু নির্বাচনের সময় মালপত্র পরিবহনের প্রয়োজন বিবেচনায় সাধারণ পিকআপ কেনা হলে অব্যবহৃত সময়েও গাড়িগুলোর পরিচালন ব্যয় সরকারি কোষাগার থেকে বহন করতে হবে।

তাদের মতে, গাড়ি কেনার প্রাথমিক ব্যয়ের পাশাপাশি চালকদের বেতন, জ্বালানি ও রক্ষণাবেক্ষণে দীর্ঘমেয়াদি ব্যয়ও সরকারি অর্থের ওপর চাপ তৈরি করবে। তাই যানবাহনের ব্যবহার পরিকল্পনা ও পরিচালন ব্যয়ের সুস্পষ্ট হিসাব ছাড়া এ উদ্যোগ বাস্তবায়ন করা হলে অতীতের ইভিএম প্রকল্পের মতো এসব গাড়িও ইসির জন্য বাড়তি আর্থিক বোঝা হয়ে উঠতে পারে।

এ বিষয়ে বক্তব্য জানতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পুলিশের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দার ও সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার।

বুধবার (১৮ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রজ্ঞাপন দুটি প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, মো. তারেক সেকান্দার বর্তমানে রাঙ্গামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত। এর আগে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

তার বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় মামলা করা হয়েছে। ওই মামলার পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকালীন তাকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত রাখা হয়েছে। এ সময় বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন।

অন্যদিকে, সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার বর্তমানে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত রয়েছেন। এর আগে তিনি রাজবাড়ীর পাংশা সার্কেলের সার্কেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে গত ১৮ আগস্ট বিভাগীয় মামলা দায়ের করা হয়। ওই মামলার ভিত্তিতে তাকেও সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বরখাস্তকালীন তাকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত রাখা হবে। তিনিও বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, দুই কর্মকর্তার সাময়িক বরখাস্তের আদেশ অবিলম্বে কার্যকর হবে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম