ইসির ৭৪ পিকআপ নিয়ে প্রশ্ন, ডাবল কেবিন চেয়ে জনপ্রশাসনে চিঠি
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
নির্বাচন কমিশনের (ইসি) মাঠপর্যায়ের কার্যালয়ের জন্য ৭৪টি পিকআপ কেনার অনুমোদন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্যে ১০টি আঞ্চলিক নির্বাচন অফিসের জন্য এবং ৬৪টি জেলা নির্বাচন অফিসের জন্য। তবে নির্বাচন কমিশন এসব যানবাহনের মধ্যে আঞ্চলিক কার্যালয়ের জন্য জিপ ও মাইক্রোবাস এবং জেলা কার্যালয়ের জন্য ডাবল কেবিন পিকআপ চেয়েছিল।
সাধারণ পিকআপ নির্বাচনের সময় নির্বাচনি সরঞ্জাম পরিবহনে ব্যবহার করা গেলেও বছরের বাকি সময়ে এসব গাড়ির ব্যবহার কতটা হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, নির্বাচনের বাইরে গাড়িগুলোর ব্যবহার সীমিত থাকলেও চালক নিয়োগ, জ্বালানি, মেরামত ও রক্ষণাবেক্ষণে নিয়মিত সরকারি অর্থ ব্যয় হবে। এতে দীর্ঘমেয়াদে বাড়তি আর্থিক বোঝা তৈরি হতে পারে।
এ কারণে অনুমোদিত পিকআপগুলো ডাবল কেবিন করার প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠিও পাঠিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী বাজেটসহ নির্বাচনসংশ্লিষ্ট লজিস্টিকস ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তবে বিদ্যমান আর্থিক সীমাবদ্ধতাও বিবেচনায় রাখতে হবে। এ ক্ষেত্রে ব্যয়ের বিপরীতে কী সুবিধা পাওয়া যাবে, অর্থাৎ ‘ভ্যালু ফর মানি’ সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত। ডাবল কেবিন পিকআপ সুষ্ঠু নির্বাচনে সহায়তার পাশাপাশি দীর্ঘমেয়াদে ব্যবহারযোগ্য কি না এবং এর ব্যয়-সুবিধা বিবেচনা করে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।
জানা গেছে, গত ১৬ জুন নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠপর্যায়ের কার্যালয়ের জন্য প্রয়োজনীয় যানবাহন ট্রান্সপোর্ট অ্যান্ড ইকুইপমেন্ট (টিওঅ্যান্ডই) কাঠামোতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠায় ইসি। পরে ৪ আগস্ট এ বিষয়ে দুই পক্ষের মধ্যে বৈঠক হয়।
ইসির প্রস্তাবে সচিবালয়ের জন্য অন্যান্য গাড়ির পাশাপাশি ১০টি আঞ্চলিক নির্বাচন অফিসের জন্য ২০টি জিপ ও ১০টি মাইক্রোবাস এবং ৬৪টি জেলা নির্বাচন অফিসের জন্য ৬৪টি ডাবল কেবিন পিকআপ চাওয়া হয়েছিল।
তবে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাবের সব যানবাহনে সম্মতি দেয়নি। গত ২৪ আগস্ট জারি করা সম্মতিপত্রে ১০টি আঞ্চলিক নির্বাচন অফিসের জন্য ১০টি পিকআপ এবং ৬৪টি জেলা নির্বাচন অফিসের জন্য ৬৪টি পিকআপের অনুমোদন দেওয়া হয়। এ ক্ষেত্রে অর্থ বিভাগের সম্মতি ও প্রধানমন্ত্রীর অনুমোদন গ্রহণসহ কয়েকটি শর্ত দেওয়া হয়। পাশাপাশি সাংগঠনিক কাঠামো হালনাগাদ করার নির্দেশনাও দেওয়া হয়।
সম্মতিপত্রে যানবাহনের ধরন হিসেবে শুধু ‘পিকআপ’ উল্লেখ থাকায় বিষয়টি স্পষ্ট করতে গত ৬ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
চিঠিতে বলা হয়, নির্বাচনের সময় নির্বাচনি সামগ্রী ও সরঞ্জাম পরিবহনের পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াত এবং জরুরি প্রশাসনিক কার্যক্রম দ্রুত ও নিরাপদে সম্পন্ন করতে ডাবল কেবিন পিকআপ প্রয়োজন। কিন্তু সম্মতিপত্রে শুধু পিকআপ উল্লেখ থাকায় যানবাহন কেনা ও টিওঅ্যান্ডই বাস্তবায়নে অস্পষ্টতা তৈরি হতে পারে। তাই ‘পিকআপ’-এর পরিবর্তে ‘পিকআপ (ডাবল কেবিন)’ উল্লেখ করে সংশোধিত সম্মতিপত্র দেওয়ার অনুরোধ জানানো হয়। তবে এখনো ওই চিঠির জবাব দেয়নি জনপ্রশাসন মন্ত্রণালয়।
আখতার আহমেদ বলেন, ‘আমাদের ডাবল কেবিন পিকআপ প্রয়োজন। ১০টি আঞ্চলিক নির্বাচন অফিসে হয়তো পিকআপ কাজে লাগবে। বাকি ৬৪টির বিষয়ে কথা বলতে হবে।’
সংশ্লিষ্টদের মতে, সাধারণ বা সিঙ্গেল কেবিন পিকআপ মূলত মালপত্র পরিবহনের জন্য উপযোগী। নির্বাচনের সময় ব্যালট বাক্স ও অন্যান্য নির্বাচনি সরঞ্জাম পরিবহনে এসব গাড়ি কাজে লাগতে পারে। তবে নির্বাচনের বাইরে জেলা ও আঞ্চলিক নির্বাচন অফিসের দৈনন্দিন কাজে এগুলোর ব্যবহার সীমিত হওয়ার আশঙ্কা রয়েছে।
অন্যদিকে ডাবল কেবিন পিকআপ হলে নির্বাচনি সরঞ্জাম পরিবহনের পাশাপাশি কর্মকর্তাদের যাতায়াত, মাঠপর্যায়ে তদন্ত, ভোটার তালিকা হালনাগাদ, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত অনুসন্ধান, ভোটার স্থানান্তর, ভোটকেন্দ্র পরিদর্শনসহ বিভিন্ন প্রশাসনিক কাজে ব্যবহার করা সম্ভব। ফলে সারা বছর গাড়িগুলোর কার্যকর ব্যবহার নিশ্চিত করার সুযোগ থাকবে।
সংশ্লিষ্টদের প্রশ্ন, যে গাড়ি কেনার পর নিয়মিত ব্যবহারের সুযোগ থাকবে না, সেটি কেনার অনুমোদন দিয়ে অতিরিক্ত ব্যয়ের দায় নেওয়া হবে কেন? শুধু নির্বাচনের সময় মালপত্র পরিবহনের প্রয়োজন বিবেচনায় সাধারণ পিকআপ কেনা হলে অব্যবহৃত সময়েও গাড়িগুলোর পরিচালন ব্যয় সরকারি কোষাগার থেকে বহন করতে হবে।
তাদের মতে, গাড়ি কেনার প্রাথমিক ব্যয়ের পাশাপাশি চালকদের বেতন, জ্বালানি ও রক্ষণাবেক্ষণে দীর্ঘমেয়াদি ব্যয়ও সরকারি অর্থের ওপর চাপ তৈরি করবে। তাই যানবাহনের ব্যবহার পরিকল্পনা ও পরিচালন ব্যয়ের সুস্পষ্ট হিসাব ছাড়া এ উদ্যোগ বাস্তবায়ন করা হলে অতীতের ইভিএম প্রকল্পের মতো এসব গাড়িও ইসির জন্য বাড়তি আর্থিক বোঝা হয়ে উঠতে পারে।
এ বিষয়ে বক্তব্য জানতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন