চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাসভবনে আ'গু'ন
ছবি: সংগৃহীত
যোগফল প্রতিবেদক:
চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি ও সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাতে পৃথক দুটি স্থানে এ ঘটনা ঘটে। তবে কীভাবে বা কারা আগুন লাগিয়েছে, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
রাত ১১টার দিকে চাঁদপুর শহরের স্টেট রোড এলাকায় দীপু মনির বাসভবনের একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। তবে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
এর কিছুক্ষণ পর রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বালিয়া ইউনিয়নে সুজিত রায় নন্দীর গ্রামের বাড়িতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ জানান, দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাসভবনে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিভিয়ে ফেলে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন