খুঁজুন
advertisement
advertisement
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ, ১৪৩৩

উত্তরায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
উত্তরায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

ছবির ক্যাপশন

যোগফল প্রতিবেদক:

আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সেখানে পরিবারের সঙ্গে বসবাস করছিলেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ মনসুর।

পুলিশ জানায়, হামলা, ভাঙচুর ও হত্যাসহ সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে প্রায় ১৪টি মামলা রয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। আইনি প্রক্রিয়া শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, বুধবার মধ্যরাতে রাজধানীর উত্তরার করতোয়া বিল্ডিংয়ে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির বাসায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। এরপর টানা ১০ বছর শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

সিলেট-৬ আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে এখন পর্যন্ত পাঁচটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে নিজ উপজেলা বিয়ানীবাজার থানায় দুটি এবং গোলাপগঞ্জ থানায় তিনটি মামলা করা হয়।

জানা গেছে, গত ৫ আগস্ট সংঘর্ষে নিহত ময়নুল ইসলামের স্ত্রী শিরিন বেগম বাদী হয়ে একটি এবং নিহত রায়হান উদ্দিনের ভাই বোরহান উদ্দিন বাদী হয়ে পৃথক আরেকটি হত্যা মামলা করেন। বিয়ানীবাজার থানা পুলিশ দুটি মামলার বিষয়টি নিশ্চিত করেছে।

এ ছাড়া গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহত ঢাকা দক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্ত গ্রামের বাসিন্দা নাজমুল ইসলাম (২৪) হত্যার ঘটনায় তার স্ত্রী খাদিজা মাহিরুল বাদী হয়ে মামলা করেন। এতে সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করা হয়। মামলায় স্থানীয় আওয়ামী লীগের ১১৯ জনসহ অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১১০ জনকে আসামি করা হয়েছে।

গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের নিহত মিনহাজের (২৩) বড় ভাই সাঈদ আলম এবং একই উপজেলার পৌর এলাকার ঘোষগাঁও গ্রামের বাসিন্দা গৌছ উদ্দিন হত্যার ঘটনায় তার ভাতিজা রেজাউল করিম পৃথক হত্যা মামলা দায়ের করেন। এসব মামলাতেও নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করা হয়েছে।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাসভবনে আ'গু'ন

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাসভবনে আ'গু'ন

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি ও সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাতে পৃথক দুটি স্থানে এ ঘটনা ঘটে। তবে কীভাবে বা কারা আগুন লাগিয়েছে, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

রাত ১১টার দিকে চাঁদপুর শহরের স্টেট রোড এলাকায় দীপু মনির বাসভবনের একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। তবে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

এর কিছুক্ষণ পর রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বালিয়া ইউনিয়নে সুজিত রায় নন্দীর গ্রামের বাড়িতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ জানান, দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাসভবনে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিভিয়ে ফেলে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম


গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান ফয়সাল কবির গ্রেপ্তার, আটক সাবেক খতিব

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান ফয়সাল কবির গ্রেপ্তার, আটক সাবেক খতিব

ছবির ক্যাপশন

যোগফল প্রতিবেদক:

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গোপালগঞ্জের গোবরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফয়সাল কবিরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ফয়সাল কবিরের বয়স ৫৫ বছর। তার বাবার নাম লিয়াকত হোসেন। তার বাড়ি গোপালগঞ্জ সদর থানার গোবরা ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামে। তিনি আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি মো. রুহুল আমিনকে আটক করেছে গোয়েন্দা পুলিশের একটি দল। বুধবার রাজধানীর একটি এলাকা থেকে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে একটি গোয়েন্দা সংস্থার সূত্র।

জানা গেছে, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ পড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার পর থেকে আত্মগোপনে ছিলেন মুফতি মো. রুহুল আমিন।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

চাঁদপুরে আবাসিক ভবন থেকে নারীর গ'লা'কা'টা মরদেহ উদ্ধার

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
চাঁদপুরে আবাসিক ভবন থেকে নারীর গ'লা'কা'টা মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

চাঁদপুর শহরের একটি আবাসিক ভবনের বাসা থেকে লুৎফর নাহার (৬৫) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) রাতে শহরের জোড়পুকুর পাড় এলাকার নাজিরা কমপ্লেক্সের সাততলা ভবনের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় ওই নারীর হাত ও গলা বাঁধা অবস্থায় ছিল।

পুলিশ মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম