ছবির ক্যাপশন
যোগফল প্রতিবেদক:
আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সেখানে পরিবারের সঙ্গে বসবাস করছিলেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ মনসুর।
পুলিশ জানায়, হামলা, ভাঙচুর ও হত্যাসহ সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে প্রায় ১৪টি মামলা রয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। আইনি প্রক্রিয়া শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, বুধবার মধ্যরাতে রাজধানীর উত্তরার করতোয়া বিল্ডিংয়ে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির বাসায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। এরপর টানা ১০ বছর শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
সিলেট-৬ আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে এখন পর্যন্ত পাঁচটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে নিজ উপজেলা বিয়ানীবাজার থানায় দুটি এবং গোলাপগঞ্জ থানায় তিনটি মামলা করা হয়।
জানা গেছে, গত ৫ আগস্ট সংঘর্ষে নিহত ময়নুল ইসলামের স্ত্রী শিরিন বেগম বাদী হয়ে একটি এবং নিহত রায়হান উদ্দিনের ভাই বোরহান উদ্দিন বাদী হয়ে পৃথক আরেকটি হত্যা মামলা করেন। বিয়ানীবাজার থানা পুলিশ দুটি মামলার বিষয়টি নিশ্চিত করেছে।
এ ছাড়া গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহত ঢাকা দক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্ত গ্রামের বাসিন্দা নাজমুল ইসলাম (২৪) হত্যার ঘটনায় তার স্ত্রী খাদিজা মাহিরুল বাদী হয়ে মামলা করেন। এতে সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করা হয়। মামলায় স্থানীয় আওয়ামী লীগের ১১৯ জনসহ অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১১০ জনকে আসামি করা হয়েছে।
গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের নিহত মিনহাজের (২৩) বড় ভাই সাঈদ আলম এবং একই উপজেলার পৌর এলাকার ঘোষগাঁও গ্রামের বাসিন্দা গৌছ উদ্দিন হত্যার ঘটনায় তার ভাতিজা রেজাউল করিম পৃথক হত্যা মামলা দায়ের করেন। এসব মামলাতেও নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করা হয়েছে।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম
আপনার মতামত লিখুন