নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংলাপ করতে হলে আওয়ামী লীগকেও আলোচনার টেবিলে রাখতে হবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। আওয়ামী লীগ ক্ষমা চাইবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘তারা করবে কি না জানি না, আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না।’
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এর একটি টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
জাতীয় সংলাপের প্রয়োজনীয়তা এবং আওয়ামী লীগকে আলোচনায় রাখার বিষয়ে রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগকে বাইরে রেখে আলোচনা করলে তা যেকোনো কিছু হতে পারে, কিন্তু জাতীয় সংলাপ হতে পারে না।
তিনি বলেন, আওয়ামী লীগকে সমর্থন করেন না এবং ভবিষ্যতেও দলটিতে যোগ দেওয়ার কোনো ইচ্ছা নেই। তবে দেশে আওয়ামী লীগের উল্লেখযোগ্যসংখ্যক সমর্থক রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, তাদের আলোচনার বাইরে রেখে জাতীয় সংলাপ সম্ভব নয়।
রুমিন ফারহানা বলেন, ‘জরিপ বলছে, শেখ হাসিনা যখন পালিয়ে যান, তখনও ২৫ শতাংশ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করতেন। এখন এই ৪০ শতাংশ লোককে আলোচনার টেবিলের বাইরে রেখে সংলাপ করলে সেটা জাতীয় সংলাপ হতে পারে না।’
আওয়ামী লীগকে আলোচনায় আনার ক্ষেত্রে তাদের অপরাধ স্বীকার ও অনুশোচনার বিষয়টিও তুলে ধরেন তিনি। তার ভাষ্য, আওয়ামী লীগকে আলোচনার টেবিলে আনতে হবে এবং একই সঙ্গে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
দলটি ক্ষমা চাইবে কি না, এমন প্রশ্নে রুমিন ফারহানা বলেন, ‘তারা প্রকাশ করবে কি না জানি না। আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না। এদের কাছে কী? চাইতাম, যদি আমার চেয়ে বেটার শাসন তুমি দিতে পারতা।’
তবে আওয়ামী লীগ অপরাধ করেছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সার্টেইনলি (অবশ্যই)।’
আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে এই সংসদ সদস্য বলেন, যারা অপরাধ করেছে, তাদের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তাদের আলোচনার টেবিলে এনে নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা আছে কি না, তা জানতে হবে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান তুলে ধরে রুমিন ফারহানা বলেন, রাজনীতিবিদদের সামনে এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করা ছাড়া তেমন কোনো বিকল্প নেই। তিনি বলেন, ‘আমি প্যাশনেটলি রাজনীতিটা করি। এখন সামনের পরিস্থিতি অত্যন্ত কুয়াশাচ্ছন্ন এবং ঘোলা। অনেক কিছুই জানুয়ারির মধ্যে পরিষ্কার হবে।’
রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক দূরত্ব ও বিভাজন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ১৯৪৭ সালের দেশভাগের প্রেক্ষাপট নিয়ে নিজের পড়াশোনার প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন, ধর্মীয় বিভাজনের মতো রাজনৈতিক মত ও পথের পার্থক্য থেকেও সমাজে বিভক্তি ও সহিংসতা তৈরি হচ্ছে।
তিনি বলেন, রাজনীতিবিদদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য কমে গেছে। একে অপরের সঙ্গে বসে চা খাওয়া তো দূরের কথা, অনেকে পরস্পরের দিকে তাকাতেও চান না। এ ধরনের পরিস্থিতি দেশকে ভালো কোনো দিকে নিয়ে যাবে না।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম
আপনার মতামত লিখুন