খুঁজুন
advertisement
advertisement
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ, ১৪৩৩

রোহিঙ্গা গণ'হ'ত্যা মামলায় আইসিজের রায় আজ

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রোহিঙ্গা গণ'হ'ত্যা মামলায় আইসিজের রায় আজ

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের হেগে অবস্থিত পিস প্যালেসে স্থানীয় সময় সকাল ১০টায় রায় পড়া শুরু হবে। রায় ঘোষণা করতে প্রায় ৯০ মিনিট সময় লাগতে পারে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এই রায়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার জন্য দায়ী ঘোষণা করতে পারে আইসিজে। আদালতের রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে রায় বাস্তবায়নে আদালতের সরাসরি ক্ষমতা সীমিত। মিয়ানমার রায় না মানলে গাম্বিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ চাইতে পারে।

যেভাবে মামলার সূত্রপাত

পশ্চিম আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়া ২০১৯ সালের নভেম্বরে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি করে। গাম্বিয়ার অভিযোগ, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে।

ওই অভিযানের পর অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হন। রোহিঙ্গাদের অধিকাংশই মুসলিম। মিয়ানমারের বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে তারা নিপীড়নের শিকার।

অভিযানে হত্যাকাণ্ড, গণধর্ষণ এবং গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়ার বিবরণ দিয়েছেন বেঁচে যাওয়া ব্যক্তিরা। জাতিসংঘের একটি অনুসন্ধানী দলও ওই অভিযানে ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ সংঘটিত হওয়ার কথা জানিয়েছিল।

তবে মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে বৈধভাবেই সামরিক অভিযান চালানো হয়েছিল। রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করার উদ্দেশ্য ছিল—এমন সরাসরি প্রমাণও নেই বলে দাবি করে মিয়ানমার।

কেন গুরুত্বপূর্ণ এই রায়

১৯৪৮ সালের গণহত্যা সনদ অনুযায়ী, কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড চালানো হলে তা গণহত্যা হিসেবে বিবেচিত হয়।

এর আগে কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার জন্য দায়ী ঘোষণা করেনি আইসিজে। ২০০৭ সালে বসনিয়ার স্রেব্রেনিৎসায় ১৯৯৫ সালের হত্যাকাণ্ড ঠেকাতে ব্যর্থ হওয়ায় সার্বিয়াকে দায়ী করেছিল আদালত। ওই হত্যাকাণ্ডে ৮ হাজারের বেশি মুসলিম পুরুষ ও কিশোর নিহত হয়েছিলেন। তবে সার্বিয়া নিজে গণহত্যা করেছে বলে রায় দেয়নি আদালত।

রোহিঙ্গা মামলার এই রায় দক্ষিণ আফ্রিকার করা ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগের মামলাসহ ভবিষ্যতের অন্যান্য মামলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।

আন্তর্জাতিক বিচার আদালত রাষ্ট্রের মধ্যে বিরোধ নিষ্পত্তি করে। তাই মিয়ানমারকে দায়ী ঘোষণা করতে পারলেও ব্যক্তিবিশেষের বিচার করার এখতিয়ার এই আদালতের নেই। ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধের বিচার করার দায়িত্ব আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি)।

গাম্বিয়া আইসিজের কাছে মিয়ানমারকে দায়ীদের বিচারের আওতায় আনা, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া এবং রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফিরে যাওয়ার পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছে। তবে রোহিঙ্গাদের পক্ষে ক্ষতিপূরণ চাওয়ার অধিকার গাম্বিয়ার রয়েছে কি না, তা নিয়ে আপত্তি জানিয়েছে মিয়ানমার।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আওয়ামী লীগ আবারও হত্যার রাজনীতি শুরু করেছে: রিজভী

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
আওয়ামী লীগ আবারও হত্যার রাজনীতি শুরু করেছে: রিজভী

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

রক্তাক্ত লাশের ওপর দিয়ে ফ্যাসিস্টরা আবারও ক্ষমতায় ফিরতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ আবারও হত্যার রাজনীতি শুরু করেছে। দেশে নতুন করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালির আগে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, ভিন্নমতের রাজনৈতিক দলের নেতাকর্মীদের দমন করা হয়েছে। গুম, খুন ও ক্রসফায়ার ছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্র। তারা আবারও হত্যার রাজনীতি শুরু করেছে। রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় ফিরতে চায়।

এ সময় আওয়ামী লীগের কর্মকাণ্ডে ভারত থেকে ইন্ধন দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।

শিক্ষাপ্রতিষ্ঠানে সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, অতীতে পাঠ্যসূচিতে একটি রাজনৈতিক দল ও তার নেতার ইতিহাসকে প্রাধান্য দেওয়া হয়েছিল। অন্য নেতাদের ছোট করে দেখানো হয়েছিল। এমনকি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও খাটো করা হয়েছিল।

তিনি আরও বলেন, সত্য ইতিহাস আড়াল করে পাঠ্যসূচিতে মিথ্যা ইতিহাস তুলে ধরা হয়েছিল। শিক্ষাপ্রতিষ্ঠানে সব মত ও পথের মানুষের সহাবস্থান নিশ্চিত করতে হবে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

জাতীয় সংলাপে আওয়ামী লীগকেও রাখতে হবে: রুমিন ফারহানা

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
জাতীয় সংলাপে আওয়ামী লীগকেও রাখতে হবে: রুমিন ফারহানা

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সংলাপ করতে হলে আওয়ামী লীগকেও আলোচনার টেবিলে রাখতে হবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। আওয়ামী লীগ ক্ষমা চাইবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘তারা করবে কি না জানি না, আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না।’

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এর একটি টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

জাতীয় সংলাপের প্রয়োজনীয়তা এবং আওয়ামী লীগকে আলোচনায় রাখার বিষয়ে রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগকে বাইরে রেখে আলোচনা করলে তা যেকোনো কিছু হতে পারে, কিন্তু জাতীয় সংলাপ হতে পারে না।

তিনি বলেন, আওয়ামী লীগকে সমর্থন করেন না এবং ভবিষ্যতেও দলটিতে যোগ দেওয়ার কোনো ইচ্ছা নেই। তবে দেশে আওয়ামী লীগের উল্লেখযোগ্যসংখ্যক সমর্থক রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, তাদের আলোচনার বাইরে রেখে জাতীয় সংলাপ সম্ভব নয়।

রুমিন ফারহানা বলেন, ‘জরিপ বলছে, শেখ হাসিনা যখন পালিয়ে যান, তখনও ২৫ শতাংশ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করতেন। এখন এই ৪০ শতাংশ লোককে আলোচনার টেবিলের বাইরে রেখে সংলাপ করলে সেটা জাতীয় সংলাপ হতে পারে না।’

আওয়ামী লীগকে আলোচনায় আনার ক্ষেত্রে তাদের অপরাধ স্বীকার ও অনুশোচনার বিষয়টিও তুলে ধরেন তিনি। তার ভাষ্য, আওয়ামী লীগকে আলোচনার টেবিলে আনতে হবে এবং একই সঙ্গে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

দলটি ক্ষমা চাইবে কি না, এমন প্রশ্নে রুমিন ফারহানা বলেন, ‘তারা প্রকাশ করবে কি না জানি না। আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না। এদের কাছে কী? চাইতাম, যদি আমার চেয়ে বেটার শাসন তুমি দিতে পারতা।’

তবে আওয়ামী লীগ অপরাধ করেছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সার্টেইনলি (অবশ্যই)।’

আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে এই সংসদ সদস্য বলেন, যারা অপরাধ করেছে, তাদের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তাদের আলোচনার টেবিলে এনে নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা আছে কি না, তা জানতে হবে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান তুলে ধরে রুমিন ফারহানা বলেন, রাজনীতিবিদদের সামনে এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করা ছাড়া তেমন কোনো বিকল্প নেই। তিনি বলেন, ‘আমি প্যাশনেটলি রাজনীতিটা করি। এখন সামনের পরিস্থিতি অত্যন্ত কুয়াশাচ্ছন্ন এবং ঘোলা। অনেক কিছুই জানুয়ারির মধ্যে পরিষ্কার হবে।’

রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক দূরত্ব ও বিভাজন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ১৯৪৭ সালের দেশভাগের প্রেক্ষাপট নিয়ে নিজের পড়াশোনার প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন, ধর্মীয় বিভাজনের মতো রাজনৈতিক মত ও পথের পার্থক্য থেকেও সমাজে বিভক্তি ও সহিংসতা তৈরি হচ্ছে।

তিনি বলেন, রাজনীতিবিদদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য কমে গেছে। একে অপরের সঙ্গে বসে চা খাওয়া তো দূরের কথা, অনেকে পরস্পরের দিকে তাকাতেও চান না। এ ধরনের পরিস্থিতি দেশকে ভালো কোনো দিকে নিয়ে যাবে না।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে যুবদলের দুই নেতা বহিষ্কার

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে যুবদলের দুই নেতা বহিষ্কার

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

‘ফ্যাসিস্টের দোসরদের’ পক্ষ নিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যাসিস্টের প্রতি সহানুভূতিশীল কর্মকর্তার পক্ষাবলম্বন করে বক্তব্য দেওয়ার মাধ্যমে দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে রাজশাহীর ভবানীগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজাউলকে বহিষ্কার করা হয়েছে।

তাদের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম