‘ফ্যাসিস্টের দোসরদের’ পক্ষ নিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যাসিস্টের প্রতি সহানুভূতিশীল কর্মকর্তার পক্ষাবলম্বন করে বক্তব্য দেওয়ার মাধ্যমে দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে রাজশাহীর ভবানীগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজাউলকে বহিষ্কার করা হয়েছে।
তাদের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম