চিকিৎসা চলছে, ভক্তদের উদ্দেশে হৃদয়ছোঁয়া বার্তা তানিয়া বৃষ্টির
যোগফল প্রতিবেদক:
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন। জীবনের কঠিন সময় পার করা এই অভিনেত্রী মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি ও ভাবনা ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। এবার পবিত্র কোরআনের একটি আয়াত শেয়ার করে নিজের বিশ্বাস ও ধৈর্যের বার্তা দিয়েছেন তিনি।
নাটক, ওটিটি ও চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পাওয়া তানিয়া বৃষ্টি বর্তমানে চিকিৎসা ও সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে তানিয়া বৃষ্টির মস্তিষ্কে টিউমার শনাক্ত হয়। এরপর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার প্রথম অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করা হয় অভিনেত্রীর।
দ্বিতীয় অস্ত্রোপচার সফল হওয়ার খবর নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন তানিয়া বৃষ্টি। তখন ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমার ২য় সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। ৩য় সার্জারিটিও করতে হবে, তবে এখনই নয়—নিউরোসার্জন প্রস্তুতি নিচ্ছেন, কয়েক মাস সময় লাগবে।’
এরপর গত ১ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেন তানিয়া বৃষ্টি। ছবিতে তার হাতে হাসপাতালের ট্যাগ দেখা যায়। ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, ‘আবার শুরু করি তানিয়া।’
এর দুই দিন পর, ৩ এপ্রিল আরেকটি পোস্টে অভিনেত্রী লেখেন, ‘তৃতীয় সার্জারি। জীবন সুন্দর তানিয়া।’
এরপর কেটে গেছে কয়েক মাস। অভিনয়ে নিয়মিত না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখছেন তানিয়া বৃষ্টি। এবার পবিত্র কোরআনের একটি আয়াত শেয়ার করে নিজের বিশ্বাস, ধৈর্য ও কঠিন সময় পার করার মানসিকতার কথা তুলে ধরেছেন তিনি।
চিকিৎসার এই সময়েও তার এমন ইতিবাচক বার্তা ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করছেন।
তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন