খুঁজুন
advertisement
advertisement
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১৭ আশ্বিন, ১৪৩৩

অভিনয়ের বাইরে নতুন পেশায় হাসান মাসুদ

বার্তা বিভাগ
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
অভিনয়ের বাইরে নতুন পেশায় হাসান মাসুদ

যোগফল প্রতিবেদক: 

বিনোদন জগতের পরিচিত মুখ হাসান মাসুদ অভিনয়ের পাশাপাশি এবার যুক্ত হয়েছেন নতুন একটি পেশায়। একটি এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠানে ‘হেড অব স্টুডেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড ব্র্যান্ড’ পদে যোগ দিয়েছেন তিনি।

নতুন কর্মস্থলে বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে কাজ করবেন এই অভিনেতা। ইতোমধ্যে প্রতিষ্ঠানটির কয়েকটি প্রচারণামূলক কার্যক্রমেও তাকে দেখা গেছে।

২০০৩ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় হাসান মাসুদের। এরপর নাটকেও নিয়মিত অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পান তিনি। তার অভিনীত আলোচিত নাটকের মধ্যে রয়েছে ‘হাউসফুল’, ‘এফডিসি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘বিহাইন্ড দ্য সিন’ ও ‘খুনসুটি’।

অভিনয়ের বাইরে হাসান মাসুদের রয়েছে আরও নানা পরিচয়। সংগীতশিল্পী হিসেবেও কাজ করেছেন তিনি। ২০০৬ সালে প্রকাশিত হয় তার গানের অ্যালবাম। এর আগে বাংলাদেশ সেনাবাহিনীতেও কর্মরত ছিলেন তিনি। পরবর্তী সময়ে সাংবাদিকতাও করেছেন।

তবে একপর্যায়ে সাংবাদিকতার পাশাপাশি অভিনয় শুরু করেন হাসান মাসুদ। ধীরে ধীরে অভিনয়ই হয়ে ওঠে তার পরিচয়ের অন্যতম প্রধান অংশ। দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে নিয়মিত অভিনয় করলেও সাম্প্রতিক সময়ে পর্দায় তাকে তুলনামূলক কম দেখা যাচ্ছে।

এদিকে কিছুদিন আগে অভিনয় থেকে দূরে থাকা নিয়ে হাসান মাসুদের একটি বক্তব্যকে ঘিরে আলোচনা তৈরি হয়। একটি সংবাদমাধ্যমে তিনি আপাতত অভিনয় না করার এবং হজ থেকে ফিরে ধর্মীয় কাজে মনোযোগ দেওয়ার কথা বলেছিলেন বলে খবর প্রকাশিত হয়। পরে বিষয়টি নিয়ে তিনি স্পষ্ট করেন, চিরতরে অভিনয় ছাড়ার কথা তিনি বলেননি।

হাসান মাসুদের ভাষ্য, ভালো কনটেন্ট না পাওয়ার কারণেই তিনি বর্তমানে নিয়মিত কাজ করছেন না।

এর মধ্যেই নতুন পেশায় তার যুক্ত হওয়ার খবর সামনে এসেছে। এ নিয়ে ভক্তদের মধ্যে অভিনয় ছাড়ার জল্পনা তৈরি হলেও, নতুন কর্মস্থলে যোগ দেওয়া মানেই যে তিনি অভিনয় পুরোপুরি ছেড়ে দিচ্ছেন—এমন কোনো ঘোষণা দেননি হাসান মাসুদ।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮

বার্তা বিভাগ
প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮

ছবিতে কিশোরগ্যাং সদস্যরা

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ৬৮ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে দুজনকে আগের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া ছয়জনকে ৩৪ ধারায় গ্রেপ্তার এবং ৬০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে, বুধবার জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, সুধারাম মডেল থানায় ১১ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে দুজনকে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং অপর নয়জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। কোম্পানীগঞ্জ থানায় ২১ জন, বেগমগঞ্জ মডেল থানায় পাঁচজন, চরজব্বর থানায় ছয়জন, চাটখিল থানায় আটজন এবং কবিরহাট থানায় ছয়জনকে আটক করে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। এ ছাড়া সোনাইমুড়ী থানায় আটক ১১ জনের মধ্যে ছয়জনকে ৩৪ ধারায় গ্রেপ্তার এবং অপর পাঁচজনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার আরও বলেন, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি কিশোরদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে জনসচেতনতামূলক ও সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

যোগফল | অনলাইন | নিউজ ডেস্ক 

নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা

বার্তা বিভাগ
প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ৮:৫৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা
নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর জেলা শহর মাইজদীর ১০টির বেশি হোটেল ও রেস্তোরাঁয় প্রতিদিনের খাবার অপচয়ের হিসাব রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি অপচয়ের পরিমাণ ভোক্তাদের সামনে তুলে ধরা, প্রয়োজন অনুযায়ী খাবার অর্ডারে উৎসাহিত করা হয়।  

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে মাইজদীর নাইস গেস্ট হাউজ-২-এ খাদ্যক্ষয় ও অপচয়বিষয়ক আন্তর্জাতিক সচেতনতা দিবস উপলক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক খানি বাংলাদেশ ও পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক প্রান যৌথভাবে সভাটির আয়োজন করে।

সভায় বক্তারা বলেন, প্রয়োজনের অতিরিক্ত খাবার অর্ডার, বেশি রান্না এবং অবশিষ্ট খাবার সংরক্ষণ না করায় অপচয় বাড়ছে। কোনো কোনো হোটেলে প্রতিদিন প্রায় ৫০ কেজি বা তারও বেশি খাবার নষ্ট হয়। অপচয় কমাতে ভোক্তা সচেতনতা, কর্মীদের প্রশিক্ষণ ও পরিমাণ অনুযায়ী খাবার পরিবেশনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী বলেন, শুধু আইন প্রয়োগ করে খাদ্য অপচয় রোধ সম্ভব নয়। শৈশব থেকেই খাবারের মূল্য ও অপচয় রোধে সচেতনতা তৈরি করতে হবে।

এ সময় আরও বক্তব্য রাখেন, এনজিও বন্ধন'র ইডি আমিনুজ্জামান মিলন, প্রান'র কর্মসূচি সমন্বয় প্রধান উম্মে সালমা পপি, পপিপার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান'র মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন অফিসার নুরে আলম সিদ্দিকি রনি, প্রথম আলো নোয়াখালীর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমান, আরটিভি ও দৈনিক আগামীর সময়ের নোয়াখালী প্রতিনিধি গিয়াস উদ্দিন রনি।  

সভা শেষে রেস্তোরাঁ প্রতিনিধিদের মধ্যে ‘ফুড ওয়েস্ট’ পোস্টার ও টেবিল স্ট্যান্ড বিতরণ করা হয়। এসবের মাধ্যমে প্রতিদিন ও মাসে কী পরিমাণ খাবার অপচয় হচ্ছে, তার হিসাব রাখা এবং ভোক্তাদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

যোগফল | অনলাইন | নিউজ ডেস্ক 

সাঁথিয়ায় ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুর

বার্তা বিভাগ
প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ১:২৭ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সাঁথিয়ায় ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুর

নিহত দুই শিশু

এম এ হাই |সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা :

পাবনার সাঁথিয়ায় ভিমরুলের কামড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হলো উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের গয়েসবাড়ি গ্রামের নয়ন হোসেনের ছেলে রোহান হোসেন (৩) এবং একই এলাকার সুজন হোসেনের ছেলে আরাফাত হোসেন (৪) ।

নিহতদের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানাযায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রোহান ও আরাফাত তারা দুজন বাড়ির পাশে বাগানের মধ্যে খেলা করার সময় ভিমরুলের মাটির বাসায় পাট কাঠি দিয়ে আঘাত করার ফলে বিপুল পরিমাণ ভিমরুল বাচ্চা দুটিকে আক্রমণ করে। বাচ্চাদের চিৎকারে পাশে থাকা একটি বাচ্চার মা তাদের বাঁচাতে এগিয়ে এলে তাকেও আক্রমন করে ভিমরুল। কোনমতে পরবর্তীতে বাচ্চা দুটিকে নিয়ে নিরাপদ আশ্রয়ে যান সেই মা। পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। 

পরেদিন বুধবার (৩০ সেপ্টেম্বর) বাচ্চা দুটির মৃত্যু হয়। এঘটনায় একটি শিশুর মা গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। 

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

যোগফল | অনলাইন | নিউজ ডেস্ক