খুঁজুন
advertisement
advertisement
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ, ১৪৩৩

আওয়ামী লীগকে যুবদলের হুঁশিয়ারি, ‘এক হাত তুললে দশ হাত তুলব’

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
আওয়ামী লীগকে যুবদলের হুঁশিয়ারি, ‘এক হাত তুললে দশ হাত তুলব’

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আরও নৈরাজ্য ও নাশকতা চালালে তাদের শান্তিতে থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

বুধবার (১৮ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে আয়োজিত সমাবেশে এ হুঁশিয়ারি দেন যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না। ঢাকা মহানগর দক্ষিণ যুবদল এ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আবদুল মোনায়েম মুন্না বলেন, বিএনপির সহনশীলতাকে আওয়ামী লীগ দুর্বলতা হিসেবে দেখছে। যুবদল মাঠে নামলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাড়িঘরে থাকতে পারবেন না।

প্রতিহিংসামূলক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, রাতের আঁধারে চোরের মতো একজন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। যুবদল পাল্টা অগ্নিসংযোগ শুরু করলে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী নিরাপদে থাকতে পারবেন না। তবে বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়; তারা গণতান্ত্রিক উপায়ে সহনশীলতার সঙ্গে রাজনীতি করছে।

তিনি আরও বলেন, এখন থেকে আওয়ামী লীগ একটি হাত তুললে যুবদল দশটি হাত তুলবে।

বক্তব্যে বিগত সরকারের আমলে গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলমের সন্ধান দাবি করেন যুবদল সভাপতি। একই সঙ্গে খিলগাঁও থানা ছাত্রদল নেতা জনি হত্যার বিচার দাবি করেন তিনি।

আবদুল মোনায়েম মুন্না বলেন, ১৯৭১ সালে শেখ মুজিবুর রহমান জনগণকে বিপদের মুখে রেখে আত্মসমর্পণ করেছিলেন। অন্যদিকে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন। একইভাবে শেখ হাসিনাও দেশ ছেড়ে পালিয়েছেন, কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে থেকেই জনগণের পাশে আছেন।

সমাবেশে যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন বলেন, জনগণের কাছ থেকে শিক্ষা নিয়েও আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা তৈরি হয়নি। বরং তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশের শান্তিপ্রিয় মানুষের ঘুম নষ্ট করছে।

শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, গণভবনের দুর্ভেদ্য প্রাচীর, কাঁটাতার কিংবা এসএসএফ বাহিনীর স্বয়ংক্রিয় রাইফেল—কোনো কিছুই তাকে রক্ষা করতে পারেনি। সর্বশেষ আন্দোলনে এক হাজার ৪০০ সাধারণ মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নূরুল ইসলাম নয়ন বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশের মাটিতে হবে। বর্তমান সরকার যেকোনো মূল্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি দাঁড় করাবে।

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন যুবদলের সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল, সহসভাপতি নুরুল ইসলাম সোহেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে নয়াপল্টন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নাইটিঙ্গেল মোড়, পুরানা পল্টন ও গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় হয়ে মতিঝিলের বক চত্বরে গিয়ে শেষ হয়।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

রোহিঙ্গা গণ'হ'ত্যা মামলায় আইসিজের রায় আজ

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রোহিঙ্গা গণ'হ'ত্যা মামলায় আইসিজের রায় আজ

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের হেগে অবস্থিত পিস প্যালেসে স্থানীয় সময় সকাল ১০টায় রায় পড়া শুরু হবে। রায় ঘোষণা করতে প্রায় ৯০ মিনিট সময় লাগতে পারে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এই রায়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার জন্য দায়ী ঘোষণা করতে পারে আইসিজে। আদালতের রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে রায় বাস্তবায়নে আদালতের সরাসরি ক্ষমতা সীমিত। মিয়ানমার রায় না মানলে গাম্বিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ চাইতে পারে।

যেভাবে মামলার সূত্রপাত

পশ্চিম আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়া ২০১৯ সালের নভেম্বরে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি করে। গাম্বিয়ার অভিযোগ, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে।

ওই অভিযানের পর অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হন। রোহিঙ্গাদের অধিকাংশই মুসলিম। মিয়ানমারের বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে তারা নিপীড়নের শিকার।

অভিযানে হত্যাকাণ্ড, গণধর্ষণ এবং গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়ার বিবরণ দিয়েছেন বেঁচে যাওয়া ব্যক্তিরা। জাতিসংঘের একটি অনুসন্ধানী দলও ওই অভিযানে ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ সংঘটিত হওয়ার কথা জানিয়েছিল।

তবে মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে বৈধভাবেই সামরিক অভিযান চালানো হয়েছিল। রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করার উদ্দেশ্য ছিল—এমন সরাসরি প্রমাণও নেই বলে দাবি করে মিয়ানমার।

কেন গুরুত্বপূর্ণ এই রায়

১৯৪৮ সালের গণহত্যা সনদ অনুযায়ী, কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড চালানো হলে তা গণহত্যা হিসেবে বিবেচিত হয়।

এর আগে কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার জন্য দায়ী ঘোষণা করেনি আইসিজে। ২০০৭ সালে বসনিয়ার স্রেব্রেনিৎসায় ১৯৯৫ সালের হত্যাকাণ্ড ঠেকাতে ব্যর্থ হওয়ায় সার্বিয়াকে দায়ী করেছিল আদালত। ওই হত্যাকাণ্ডে ৮ হাজারের বেশি মুসলিম পুরুষ ও কিশোর নিহত হয়েছিলেন। তবে সার্বিয়া নিজে গণহত্যা করেছে বলে রায় দেয়নি আদালত।

রোহিঙ্গা মামলার এই রায় দক্ষিণ আফ্রিকার করা ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগের মামলাসহ ভবিষ্যতের অন্যান্য মামলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।

আন্তর্জাতিক বিচার আদালত রাষ্ট্রের মধ্যে বিরোধ নিষ্পত্তি করে। তাই মিয়ানমারকে দায়ী ঘোষণা করতে পারলেও ব্যক্তিবিশেষের বিচার করার এখতিয়ার এই আদালতের নেই। ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধের বিচার করার দায়িত্ব আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি)।

গাম্বিয়া আইসিজের কাছে মিয়ানমারকে দায়ীদের বিচারের আওতায় আনা, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া এবং রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফিরে যাওয়ার পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছে। তবে রোহিঙ্গাদের পক্ষে ক্ষতিপূরণ চাওয়ার অধিকার গাম্বিয়ার রয়েছে কি না, তা নিয়ে আপত্তি জানিয়েছে মিয়ানমার।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে যুবদলের দুই নেতা বহিষ্কার

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে যুবদলের দুই নেতা বহিষ্কার

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

‘ফ্যাসিস্টের দোসরদের’ পক্ষ নিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যাসিস্টের প্রতি সহানুভূতিশীল কর্মকর্তার পক্ষাবলম্বন করে বক্তব্য দেওয়ার মাধ্যমে দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে রাজশাহীর ভবানীগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজাউলকে বহিষ্কার করা হয়েছে।

তাদের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

গণভোটের রায় উপেক্ষায় রাজনৈতিক সংকট: জামায়াতের সেক্রেটারি জেনারেল

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গণভোটের রায় উপেক্ষায় রাজনৈতিক সংকট: জামায়াতের সেক্রেটারি জেনারেল

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, জুলাই সনদের গণভোটের রায় অগ্রাহ্য করে সরকার দেশ পরিচালনার যে মানসিকতা দেখাচ্ছে, তা থেকেই বর্তমান রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়েছে। অবিলম্বে জনগণের গণরায় মেনে নিয়ে সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নিতে হবে।

বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, হামলা, অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও জননিরাপত্তাহীনতা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। পুলিশ ও সরকারি স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হচ্ছে। এ অবস্থায় রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতিকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি অভিযোগ করেন, দেশে পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের চেষ্টা চলছে। প্রশাসনের ভেতরে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

জামায়াতের এই নেতা আরও বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পাশাপাশি জুলাই সনদের পক্ষে গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা উপেক্ষা করার সুযোগ নেই। সংবিধান সংস্কারের প্রস্তাব বাস্তবায়নে সরকার ও বিরোধী দলকে সংসদীয় প্রক্রিয়ায় একসঙ্গে কাজ করতে হবে। চলমান সংকট রাজপথে না ঠেলে সংসদেই এর সমাধান খুঁজে বের করতে হবে।

দেশবাসীর প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পাশাপাশি দেশের শিল্প-কারখানা ও অর্থনীতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিল্পের স্বার্থও রক্ষা করতে হবে।

মিয়া গোলাম পরওয়ার জানান, চলমান সন্ত্রাস ও সহিংসতার প্রতিবাদে আগামী ২১ নভেম্বর শনিবার রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী। ডিসেম্বর মাসজুড়েও সংগঠনটির বিভিন্ন কর্মসূচি থাকবে।

এ ছাড়া ফ্যাসিবাদের পুনর্বাসন রোধে সব রাজনৈতিক দল ও দেশপ্রেমিক শক্তিকে নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচি নিয়ে মাঠে নামার আহ্বান জানান তিনি।

প্রেস ব্রিফিংয়ে তিনি আরও বলেন, বিরোধী দল হিসেবে সরকারের ভালো ও জনকল্যাণমূলক কাজে জামায়াতে ইসলামী সহযোগিতা করবে। তবে জনগণের গণরায় উপেক্ষা করে দেশ পরিচালনার চেষ্টা করলে রাজনৈতিক সংকট আরও গভীর হবে।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন ও অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং সেক্রেটারি ড. রেজাউল করিমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম