নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকায় ট্রাক-চালকদের বিক্ষোভ, নেতৃত্বে সাইফুল আলম নীরব
ছবির ক্যাপশন
যোগফল প্রতিবেদক:
সকল প্রকার নৈরাজ্য, সন্ত্রাস ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়ন।
শনিবার (২৮ নভেম্বর) আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশি-বিদেশি সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি বশির হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও চলমান বিভিন্ন ঘটনাপ্রবাহ নিয়ে বক্তব্য দেন সাইফুল আলম নীরব।
তিনি বলেন, সকল প্রকার নৈরাজ্য, সন্ত্রাস ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ জানাতেই তারা রাজপথে নেমেছেন। বিগত স্বৈরাচারী শাসকের দোসররা দেশকে আবারও অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। এসব অপতৎপরতা রুখে দিতে তারা বদ্ধপরিকর।
গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার নির্দেশে জ্বালাও-পোড়াও ও নাশকতার মাধ্যমে অপশক্তিগুলো সারা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করেছিল। তবে সচেতন জনগণ ও জাতীয়তাবাদী শক্তির ঐক্যবদ্ধ প্রতিরোধে তাদের সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
আন্তর্জাতিক ষড়যন্ত্রের প্রসঙ্গে সাইফুল আলম নীরব বলেন, দেশের ভেতরে ও বিদেশে বসে বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র চলছিল, তা নস্যাৎ হয়ে গেছে। তারেক রহমানের দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে দেশি-বিদেশি সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে এবং দেশ স্থিতিশীলতা ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।
বক্তব্যের শেষে তিনি একটি নিরাপদ, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে নেতা-কর্মীসহ সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশ শেষে ইউনিয়নের নেতা-কর্মীরা রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল বের করেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন