খুঁজুন
advertisement
advertisement
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ, ১৪৩৩

গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় আ. লীগের সহিংসতা সর্বশেষ আপডেট

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় আ. লীগের সহিংসতা সর্বশেষ আপডেট

ছবিতে টুঙ্গিপাড়া

  • এমপি জিলানী ও স্বজনের
  • ১৫ বাড়ি পুড়ে ছাই, ক্ষতি
  • ৫ কোটি টাকার
  • স্বর্ণালঙ্কার, ফ্রিজ, ওভেন লুটের অভিযোগ
  • টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধ, এলাকা ছাড়ছেন পুলিশ সদস্যরা, পুড়েছে ৩০ গাড়ি

সাইফুল ইসলাম | গোপালগঞ্জ জেলা সংবাদদাতা 

গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানীর টুঙ্গিপাড়ার পাটগাতি দক্ষিণ পাড়ার বাড়িসহ তাঁর আত্মীয়-স্বজনের অন্তত ১৫টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। 

গত মঙ্গলবার রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব বাড়িতে আগুন দেন। এর আগে সেখানে ভাংচুর করা হয়। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, আগুন দেওয়ার আগে বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র লুট করা হয়। 

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর থেকে বন্ধ রয়েছে থানার কার্যক্রম। হামলার সময়ই থানা থেকে চলে যান কর্তব্যরত পুলিশ সদস্যরা। হামলাকারীদের দেওয়া আগুনে পুলিশের ৯টি সরকারি গাড়ি পুরোপুরি পুড়ে গেছে। 

বুধবার দুপুর ১টার দিকে সরেজমিনে দেখা যায়, পাটগাতিতে সংসদ সদস্য এস এম জিলানীর পুড়িয়ে দেওয়া বাড়ি থেকে এখনো ধোঁয়া উড়ছে। মধুমতি নদীর তীরে আড়াই তলা পাকা বাড়ির সব জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে। কিছুই আর অক্ষত নেই। পাশেই তাঁর পৈত্রিক টিনের ঘরও ভাঙচুর করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। তাঁর চাচাতো ভাই এস এম মাহমুদের বাড়িসহ ১৪ জন আত্মীয় স্বজনের বাড়ি পোড়ানো হয়েছে। বেশিরভাগ বাড়ি টিনের তৈরি। 

সংসদ সদস্যের মেজো ভাই এস এম হায়দার আলী  বলেন, বাড়িতে তিন বোন ও তাদের ছেলেমেয়েরা ছিলেন। মঙ্গলবার রাত ৯ টার দিকে কয়েকশ' লোক লাঠিসোটা ও অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির দিকে ছুটে আসে। তখন আমরা প্রাণভয়ে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেই।

সংসদ সদস্যের বড় বোন সেতারা কবির অভিযোগ করেন, আগুন দেওয়ার আগে বাড়ি থেকে দুটি ফ্রিজ, তিনটি ওভেন ও ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার লুট করা হয়।

টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার এসকান্দার শেখ জানান, আগুন লাগার খবর পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে যেতে পারেননি। কারণ স্টেশনের সামনেই বিক্ষোভ করছিলেন একদল লোক। পরে রাত ৯টা ৫৫ মিনিটে তারা সংসদ সদস্যের বাড়িতে পৌঁছান। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ২টা ১০ মিনিটের দিকে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে আনুমানিক ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে বিক্ষোভকারীদের বাধার কারণে তারা টুঙ্গিপাড়া থানায় দেওয়া আগুন নেভাতে যেতে পারেননি।

এদিকে বুধবার দুপুর দুইটার দিকে টুঙ্গিপাড়া থানায় গিয়ে যায়,  সেখানে কোনো পুলিশ সদস্য নেই। পাশের পুলিশ অফিসার্স মেস থেকে জিনিসপত্র নিয়ে ভ্যানে করে চলে যাচ্ছিলেন সেখানে থাকা পুলিশ সদস্যরা। ভ্যানে থাকা জিনিসপত্রের মধ্যে সরকারি আগ্নেয়াস্ত্র, পুলিশের হেলমেট এগুলো দেখা গেছে। পুলিশ সদস্যরা সবাই ছিলেন সাদা পোশাকে। 

একাধিক পুলিশ সদস্য জানান, ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের নিরাপদ স্থানে চলে যেতে বলেছেন। তাই কেউ কেউ পুলিশ লাইন ও এসপি অফিসে গেছেন বলে জানা গেছে। 

মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ সংলগ্ন এলাকা থেকে পুলিশ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ৪/৫ জনকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানায় নিয়ে আসে।  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক  শাহীন বিশ্বাস কালু লাইভ করে গ্রেফতারকৃতদের ছেড়ে দেওয়ার আল্টিমেটাম দেন। পুলিশ সেই আল্টিমেটামে কর্ণপাত করে নি। পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা ও সমর্থকরা থানা ঘেরাও করে। পরে পুলিশের সাথে দফায় দফায় তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। গ্রেফতারকৃতদের ছিনিয়ে নিতে গেলে পুলিশ টিয়ার সেল, রাবার বুলেট সাউন্ড গ্রানাইট ছুঁড়ে বিক্ষুব্ধদের ভঙ্গ করার চেষ্টা করে। পরে তারা পুলিশের ওপর চড়াও হয়।  তারা গ্রেফতারকৃতদের ছিনিয়ে নিয়ে। পরে থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে দুই তলা থানা ভবনের সবগুলো ঘর এবং ভেতরে থাকা সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া পুলিশের ৯ টি গাড়ি ও ১৫ টি মোটরসাইকেল উড়িয়ে দেওয়া হয়।

পুলিশ সদস্যরা অভিযোগ করেন, থানা থেকে সরকারি অস্ত্রসহ কম্পিউটার ও অন্যান্য জিনিসপত্র লুট করা হয়েছে।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম বলেন, মঙ্গলবারের ঘটনার পর টুঙ্গিপাড়া থানার কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে।  পুলিশের অস্ত্র লুটের বিষয়টি আমার জানা নেই। তবে এমপির বাড়িসহ বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি । তবে সার্বিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার থেকে আপনারা (গণমাধ্যম কর্মী) বেশি জায়গায় যাচ্ছেন। সার্বিক পরিস্থিতি সম্পর্কে আপনারা আমার থেকেও আরো বেশি জানেন।

৩০ গাড়িতে আগুন 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রেপ্তারকৃত  ছাড়িয়ে নিতে ৩০ গাড়িতে আগুন দেয়া হয়েছে। 

মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়া থানা,  নিলফা বাজার ও পাটগাতী দক্ষিণপাড়া গ্রামে গোপালগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে এসব ঘটনা ঘটে। 
এরমধ্যে টুঙ্গিপাড়া থানার  ৯ গাড়ি, ১৫ টি মোটরসাইকেল, বিজিবি একটি সাজোয়াযান সহ টহলের ৪ টি গাড়ি ও এসএম জিলানীর বাড়ির ১টি গাড়ি রয়েছে।

মঙ্গলবার রাত ৮ টার দিকে থানা থেকে গ্রেফতারকৃতদের ছিনিয়ে নেয়ার সময় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা থানার ৯ টি গাড়ি ও ১৫ টি মোটরসাইকেল আগুন দেয়।

এরপর রাত সাড়ে ৯ টার দিকে  বিক্ষোভকারীরা সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতে আগুন দিলে ১ গাড়ি পুড় যায় । খবর পেয়ে সাজোয়া যান এপিসি ও ৩টি টহল গাড়ি নিয়ে বিজিবি সদস্যরা গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন। তাদের গাড়ি গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের  টুঙ্গিপাড়া উপজেলার নিলফা নামক স্থানে ব্যারিকেডের মুখে পড়ে। সেখানে সিদ্ধু সংগঠনের নেতা- কর্মীরা   বিজিবি একটি এপিসি সহ ৪ টি গাড়িতে আগুন দেয়। এভাবেই এক রাতে টুঙ্গিপাড়ায় পুড়ে যায় ৩০ টি গাড়ি।

ঢাকা খুলনা মহাসড়কে সন্ধ্যায় ব্যারিকেট 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ নভেম্বরের লকডাউন কে কেন্দ্র করে আজ বুধবার  সন্ধ্যার পর ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার তারাইল, গোপালপুর, ফুকরা, তিলছাড়া, ঘোনাপাড়া নামক স্থানে সড়কের পাশে গাছ কেটে সড়কে ফেলে ব্যারিকেড সৃষ্টি করা হয়েছে। ফলে সন্ধ্যার পর থেকে ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। প্রত্যক্ষদর্শী দৈনিক যুগান্তরের কাশিয়ানী প্রতিনিধি লিয়াকত হোসেন লিংকন এ তথ্য জানিয়েছেন।

টুঙ্গিপাড়ার ৭ স্থানে অবরোধ অব্যাহত
গোপালগঞ্জ - টুঙ্গিপাড়া সড়ক এখনও অবরোধ করে রেখেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা । আজ বুধবার সকাল সাড়ে ১২ টার দিকে খালেক (নীলফা )বাজার মোড়ে গিয়ে দেখা যায়, গাছের গুড়ি ও পোড়ানো গাড়ি দিয়ে অবরোধ করে রাখা হয়েছে। 

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে গোপালগঞ্জ - টুঙ্গিপাড়া সড়কের অন্তত ৭টি স্থানে অবরোধ করে রাখা হয়।

আজ নীলফাবাজার মোড়,  রামচন্দ্রপুর (রওশনপুর), সিঙ্গিপাড়া, মল্লিকের মাঠ, নতুন বাজার, পাটগাতী বাসস্ট্যান্ড ও চৌরঙ্গী মোড়ে অবরোধ রয়েছে। 

নীলফাবাজার মোড়ে অবরোধকারীদের একজন জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি, বাস এসব চলাচলে বাধা দেওয়া হচ্ছে। তবে স্থানীয় যোগাযোগের ক্ষেত্রে ব্যবহৃত রিক্সা, ইজিবাইক এগুলো একপাশ দিয়ে চলতে দেওয়া হচ্ছে।

গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কোন তৎপরতা লক্ষ্য করা যায় নি।

এদিকে গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী এলাকা এবং নীলফাবাজার মোড়ে অবরোধ করা স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ মাইকে বাজানো হচ্ছে।  


টুঙ্গিপাড়া সরকারি কলেজের পূর্বের নামের ব্যানার টাঙালো ছাত্রলীগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সরকারি কলেজের নাম পরিবর্তন করে পূর্বের নাম ‘সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ’ লেখা একটি ব্যানার টানিয়ে দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১ টার দিকে কলেজের বাইরের অংশের দেয়ালে ব্যানার টাঙানো হয়। পরবর্তীতে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

ভিডিওতে দেখা যায়, বুধবার বেলা ১১ টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হক, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওসমান গনি ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেমাস রহমানের নেতৃত্বে ১৫-২০ জন নেতাকর্মী কলেজের অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে তার সঙ্গে কথা বলছেন। 

এ সময় তারা অধ্যক্ষকে উদ্দেশ্য করে বলেন, ‘টুঙ্গিপাড়া সরকারি কলেজ’ নামটি অবৈধ অন্তর্বর্তীকালীন (ইউনূস) সরকারের দেওয়া নাম। আগামীতে কলেজের আগের নাম অর্থাৎ ‘সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ’ ব্যবহার করার জন্য অধ্যক্ষকে অনুরোধ করেন। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজের বাইরে বিভিন্ন রকম শ্লোগান দেন।

টুঙ্গিপাড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ারা আক্তার বলেন, বেলা ১১ টার ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজে এসে পূর্বের নামের ব্যানার টাঙিয়ে দিয়েছে। এছাড়া দাপ্তরিক সমস্ত কাজে পূর্বের নাম ব্যবহার সহ আরো যেসব স্থানে টুঙ্গিপাড়া সরকারি কলেজ লেখা আছে সেগুলো পরিবর্তন করতে বলেছেন। তবে তারা কোন প্রকার ভাঙচুর করেনি। 

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম বলেন, এবিষয়ে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে কেউ কিছু জানায়নি। খোঁজ খবর নিয়ে বিস্তারিত জানাতে পারবো।

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পূর্বের নামের ব্যানার টানালো নিষিদ্ধ সংগঠনের নেতা কর্মীরা।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পূর্বের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লেখা একটি ব্যানার টানিয়ে দিয়েছে  নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। 

 বুধবার(১৮ নভেম্বর) বিকাল পাঁচটার দিকে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ওই ব্যানার টানিয়ে দেয়। 

এ সময় সংগঠনের নেতাকর্মীরা 'জয় বাংলা-জয় বঙ্গবন্ধু ' সহ বিভিন্ন স্লোগান দেয়। 
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ব্যানার টানানোর পর তারা আনন্দ উল্লাস প্রকাশ করেন। 

কাশিয়ানীতে বিএনপির কার্যালয়, গ্রামীণ ব্যাংক ভাংচুর-আগুন
  
গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় গ্রামীণ ব্যাংকের কাশিয়ানী উপজেলা শাখায় ভাংচুর ও কাগজপত্রে আগুন দেওয়া হয়। এছাড়া কয়েকটি দোকানেও ভাংচুর করা হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এসব ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। 

বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলা সদরের বাসস্ট্যান্ড, ঘোনাপাড়া ও এলাকায় এসব ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা ১১টার দিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী হঠাৎ এসে উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা চালায়। এ সময় তারা কার্যালয়ের সামনে অগ্নিসংযোগ করে এবং বিএনপির একটি তোরণ আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে উপজেলার ঘোনাপাড়া বাজারে গ্রামীণ ব্যাংক, রাতইল ইউনিয়ন বিএনপির কার্যালয় ও একটি দোকান ভাংচুর করে। 

এ বিষয়ে জানতে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

কোটালীপাড়ায় আড়াই বছর পর আ. লীগের কার্যালয় খুলে নেতা কর্মীদের উল্লাস ও বিক্ষোভ মিছিল 
 
প্রায় আড়াই বছর পর গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় খুলে দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উল্লাস প্রকাশ করেছেন। 

বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ -সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়টি খুলে ভিতরে প্রবেশ করেন। 

পরে আওয়ামী লীগ ঘোষিত ১৯ নভেম্বর, বৃহস্পতিবারের লকডাউন সফল করার লক্ষ্যে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম  সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র কারাবন্দী  মোঃ কামাল হোসেন শেখের বাড়ি হয়ে উপজেলা শহীদ মিনার চত্বর এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। 
সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা বক্তব্য রাখেন। 

এছাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম বাদল, উপজেলা  যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খাইরুল রাজ্জাক খসরু, উপজেলা ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার, সাধারণ সম্পাদক শামীম দাড়িয়াসহ আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী ও সমার্থকরা উপস্থিত ছিলেন। 

এ সময় উপস্থিত নেতাকর্মীরা ঘোষিত কর্মসূচি সফল করার আহ্বান জানান। জেলার কোথাও আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নেই।

গোপালগঞ্জ জেলার ৫ উপজেলার কোথাও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা দেখা যায়নি। মাঠে ছিল না পুলিশ সহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। 
মঙ্গলবার জেলা জুড়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ব্যাপক  তৎপরতা দেখা যায়। কিন্তু রাতে টুঙ্গিপাড়া থানায় হামলা অগ্নিসংযোগ ও গ্রেফতারকৃতদের ছিনিয়ে নেওয়ার পর থেকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা যাচ্ছে না।

উত্তরায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
উত্তরায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

ছবির ক্যাপশন

যোগফল প্রতিবেদক:

আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সেখানে পরিবারের সঙ্গে বসবাস করছিলেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ মনসুর।

পুলিশ জানায়, হামলা, ভাঙচুর ও হত্যাসহ সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে প্রায় ১৪টি মামলা রয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। আইনি প্রক্রিয়া শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, বুধবার মধ্যরাতে রাজধানীর উত্তরার করতোয়া বিল্ডিংয়ে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির বাসায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। এরপর টানা ১০ বছর শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

সিলেট-৬ আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে এখন পর্যন্ত পাঁচটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে নিজ উপজেলা বিয়ানীবাজার থানায় দুটি এবং গোলাপগঞ্জ থানায় তিনটি মামলা করা হয়।

জানা গেছে, গত ৫ আগস্ট সংঘর্ষে নিহত ময়নুল ইসলামের স্ত্রী শিরিন বেগম বাদী হয়ে একটি এবং নিহত রায়হান উদ্দিনের ভাই বোরহান উদ্দিন বাদী হয়ে পৃথক আরেকটি হত্যা মামলা করেন। বিয়ানীবাজার থানা পুলিশ দুটি মামলার বিষয়টি নিশ্চিত করেছে।

এ ছাড়া গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহত ঢাকা দক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্ত গ্রামের বাসিন্দা নাজমুল ইসলাম (২৪) হত্যার ঘটনায় তার স্ত্রী খাদিজা মাহিরুল বাদী হয়ে মামলা করেন। এতে সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করা হয়। মামলায় স্থানীয় আওয়ামী লীগের ১১৯ জনসহ অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১১০ জনকে আসামি করা হয়েছে।

গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের নিহত মিনহাজের (২৩) বড় ভাই সাঈদ আলম এবং একই উপজেলার পৌর এলাকার ঘোষগাঁও গ্রামের বাসিন্দা গৌছ উদ্দিন হত্যার ঘটনায় তার ভাতিজা রেজাউল করিম পৃথক হত্যা মামলা দায়ের করেন। এসব মামলাতেও নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করা হয়েছে।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

চাঁদপুরে আবাসিক ভবন থেকে নারীর গ'লা'কা'টা মরদেহ উদ্ধার

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
চাঁদপুরে আবাসিক ভবন থেকে নারীর গ'লা'কা'টা মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

চাঁদপুর শহরের একটি আবাসিক ভবনের বাসা থেকে লুৎফর নাহার (৬৫) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) রাতে শহরের জোড়পুকুর পাড় এলাকার নাজিরা কমপ্লেক্সের সাততলা ভবনের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় ওই নারীর হাত ও গলা বাঁধা অবস্থায় ছিল।

পুলিশ মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

চট্টগ্রামে নওফেলের বাড়িতে পুলিশের অভিযান

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
চট্টগ্রামে নওফেলের বাড়িতে পুলিশের অভিযান

ছবির ক্যাপশন

যোগফল প্রতিবেদক:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে চট্টগ্রামে অভিযান চালিয়েছে নগর পুলিশ (সিএমপি)। এর অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও প্রয়াত সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বাড়িতে অভিযান চালানো হয়েছে। বাড়িটি তার ছেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের।

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরের দুই নম্বর গেটের চশমা হিল এলাকায় অবস্থিত বাড়িটিতে এ অভিযান চালানো হয়।

স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে নগরজুড়ে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্ভাব্য নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা ঠেকাতে বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় চশমা হিল এলাকায় নওফেলের বাড়িতে অভিযান চালানো হয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বাড়িটির সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত সাড়ে ৮টার দিকে কয়েকজন পুলিশ সদস্য ও সাদা পোশাকের ব্যক্তি বাড়িতে প্রবেশ করছেন। এ সময় তাদের বাড়ির বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতেও দেখা যায়।

অভিযানের বিষয়ে জানতে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে প্রশ্ন করার পর ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন। পরে সিএমপির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অভিযান সম্পর্কে অবগত নন বলে জানান।

অভিযানের সময় বাড়িতে কাউকে পাওয়া গেছে কি না, কিংবা সেখান থেকে কোনো সরঞ্জাম বা নথিপত্র উদ্ধার করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে সিএমপির একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ মন্তব্য করতে রাজি হননি।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম