খুঁজুন
advertisement
advertisement
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ, ১৪৩৩

সিলেটে বাসে অগ্নিসংযোগের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ৫:৩৫ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সিলেটে বাসে অগ্নিসংযোগের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

সিলেটে বাসে অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে সিলেট সদর উপজেলার নতুনবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে তাদের আদালতে হাজির করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সিলেট সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সৈয়দ আব্দুল্লাহ আল মাসুদ (২৫), সিলেট মহানগর ছাত্রলীগের উপসম্পাদক (উদ্যোক্তা ও উদ্ভাবন বিষয়ক) আব্দুল কাদির বাপ্পি (২২), ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. সৈয়দ শাকীব (২৫) ও মো. জাহেদ (২৩)।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়ন পরিষদের সামনের সড়কে সিলেট-কোম্পানীগঞ্জ রুটে চলাচলকারী সাদা পাথর এক্সপ্রেসের দুটি বাসের পেছনের টায়ারে আগুন দেওয়া হয়। নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ও তাদের সহযোগীরা এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা নিজেদের ব্যবহৃত মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারে নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন গ্রুপে যুক্ত ছিলেন। এসব গ্রুপের মাধ্যমে সিলেট মহানগরের বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও অপরাধ সংঘটনে তারা যুক্ত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, খাদিমনগর ইউনিয়ন পরিষদের সামনের সড়কে দুটি সাদা পাথর এক্সপ্রেসের বাসে অগ্নিসংযোগের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। মোটরসাইকেলে এসে তারা বাস দুটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। এতে বাস দুটির দুটি টায়ারে আগুন ধরে যায়।

তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

এ ঘটনার নেপথ্যে কারা রয়েছে এবং কারা নির্দেশদাতা ও পরিকল্পনাকারী, তা শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে এবং নির্দেশদাতা ও পরিকল্পনাকারীদের শনাক্ত করা সম্ভব হলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

উত্তরায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
উত্তরায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

ছবির ক্যাপশন

যোগফল প্রতিবেদক:

আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সেখানে পরিবারের সঙ্গে বসবাস করছিলেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ মনসুর।

পুলিশ জানায়, হামলা, ভাঙচুর ও হত্যাসহ সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে প্রায় ১৪টি মামলা রয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। আইনি প্রক্রিয়া শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, বুধবার মধ্যরাতে রাজধানীর উত্তরার করতোয়া বিল্ডিংয়ে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির বাসায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। এরপর টানা ১০ বছর শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

সিলেট-৬ আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে এখন পর্যন্ত পাঁচটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে নিজ উপজেলা বিয়ানীবাজার থানায় দুটি এবং গোলাপগঞ্জ থানায় তিনটি মামলা করা হয়।

জানা গেছে, গত ৫ আগস্ট সংঘর্ষে নিহত ময়নুল ইসলামের স্ত্রী শিরিন বেগম বাদী হয়ে একটি এবং নিহত রায়হান উদ্দিনের ভাই বোরহান উদ্দিন বাদী হয়ে পৃথক আরেকটি হত্যা মামলা করেন। বিয়ানীবাজার থানা পুলিশ দুটি মামলার বিষয়টি নিশ্চিত করেছে।

এ ছাড়া গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহত ঢাকা দক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্ত গ্রামের বাসিন্দা নাজমুল ইসলাম (২৪) হত্যার ঘটনায় তার স্ত্রী খাদিজা মাহিরুল বাদী হয়ে মামলা করেন। এতে সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করা হয়। মামলায় স্থানীয় আওয়ামী লীগের ১১৯ জনসহ অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১১০ জনকে আসামি করা হয়েছে।

গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের নিহত মিনহাজের (২৩) বড় ভাই সাঈদ আলম এবং একই উপজেলার পৌর এলাকার ঘোষগাঁও গ্রামের বাসিন্দা গৌছ উদ্দিন হত্যার ঘটনায় তার ভাতিজা রেজাউল করিম পৃথক হত্যা মামলা দায়ের করেন। এসব মামলাতেও নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করা হয়েছে।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

চাঁদপুরে আবাসিক ভবন থেকে নারীর গ'লা'কা'টা মরদেহ উদ্ধার

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
চাঁদপুরে আবাসিক ভবন থেকে নারীর গ'লা'কা'টা মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

চাঁদপুর শহরের একটি আবাসিক ভবনের বাসা থেকে লুৎফর নাহার (৬৫) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) রাতে শহরের জোড়পুকুর পাড় এলাকার নাজিরা কমপ্লেক্সের সাততলা ভবনের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় ওই নারীর হাত ও গলা বাঁধা অবস্থায় ছিল।

পুলিশ মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

চট্টগ্রামে নওফেলের বাড়িতে পুলিশের অভিযান

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
চট্টগ্রামে নওফেলের বাড়িতে পুলিশের অভিযান

ছবির ক্যাপশন

যোগফল প্রতিবেদক:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে চট্টগ্রামে অভিযান চালিয়েছে নগর পুলিশ (সিএমপি)। এর অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও প্রয়াত সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বাড়িতে অভিযান চালানো হয়েছে। বাড়িটি তার ছেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের।

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরের দুই নম্বর গেটের চশমা হিল এলাকায় অবস্থিত বাড়িটিতে এ অভিযান চালানো হয়।

স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে নগরজুড়ে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্ভাব্য নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা ঠেকাতে বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় চশমা হিল এলাকায় নওফেলের বাড়িতে অভিযান চালানো হয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বাড়িটির সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত সাড়ে ৮টার দিকে কয়েকজন পুলিশ সদস্য ও সাদা পোশাকের ব্যক্তি বাড়িতে প্রবেশ করছেন। এ সময় তাদের বাড়ির বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতেও দেখা যায়।

অভিযানের বিষয়ে জানতে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে প্রশ্ন করার পর ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন। পরে সিএমপির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অভিযান সম্পর্কে অবগত নন বলে জানান।

অভিযানের সময় বাড়িতে কাউকে পাওয়া গেছে কি না, কিংবা সেখান থেকে কোনো সরঞ্জাম বা নথিপত্র উদ্ধার করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে সিএমপির একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ মন্তব্য করতে রাজি হননি।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম