আওয়ামী লীগের অপতৎপরতা মোকাবিলায় মাঠে নামছে বিএনপি, জামায়াত ও এনসিপি
ছবির ক্যাপশন
যোগফল প্রতিবেদক:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ও নৈরাজ্য মোকাবিলায় পৃথক কর্মসূচি নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন বিএনপি, সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন ও সম্ভাব্য অপতৎপরতা ঠেকানোর বিষয়ে তাদের অবস্থান অনেকটা একই।
এদিকে বুধবার (১৮ নভেম্বর) মাগরিবের নামাজের আগে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৈঠকে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার বিষয়ে দুই নেতা একমত হয়েছেন বলে জানিয়েছেন জামায়াতের একজন সংসদ সদস্য।
ওই সংসদ সদস্যের ভাষ্য, মাগরিবের নামাজের আগে জামায়াত আমিরকে চায়ের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। বৈঠকে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন অমীমাংসিত বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বিরোধীদলীয় নেতা। এ সময় মতবিরোধ ভুলে ঐক্যের ভিত্তিতে বর্তমান সহিংস পরিস্থিতি ও ফ্যাসিবাদী আওয়ামী লীগের মোকাবিলায় একমত হন দুই নেতা।
একাধিক সূত্র জানিয়েছে, রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যে মতপার্থক্য থাকলেও আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন ও সম্ভাব্য অপতৎপরতার প্রশ্নে তিন দলের অবস্থান একই। কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি স্থানীয় পর্যায়েও দলগুলোর নেতাদের মধ্যে যোগাযোগ রয়েছে।
দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগ আবার রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ পেলে সবচেয়ে বেশি রাজনৈতিক চাপে পড়তে পারে জামায়াত ও এনসিপি। বিশেষ করে ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের প্রত্যাবর্তন নতুন সংকট সৃষ্টি করতে পারে। অন্যদিকে বিএনপিও আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে।
তবে তিন দল যৌথ কর্মসূচির পরিবর্তে নিজ নিজ রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে থাকার পরিকল্পনা করছে। বিএনপির নেতাদের সঙ্গে জামায়াত ও এনসিপির নেতাদের যোগাযোগ রয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিএনপির তৃণমূলকে সতর্ক থাকার নির্দেশ
বিএনপির সূত্র জানায়, ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিকদের, বিশেষ করে জামায়াত ও এনসিপির সঙ্গে বিরোধে না জড়াতে কেন্দ্র থেকে তৃণমূলের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। দলটির ধারণা, তিন দলের ঐক্য অটুট থাকলে আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন কঠিন হবে। এ ঐক্যে ফাটল ধরাতে দেশ-বিদেশ থেকে নানা ষড়যন্ত্র চলছে বলেও মনে করছে বিএনপি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিস্টদের বেআইনি ও অন্যায় তৎপরতার প্রতিবাদে বিএনপি বিক্ষোভ করছে। এর বেশি কিছু নয়। বেআইনি ও অন্যায় তৎপরতা আইনগত পদ্ধতিতে প্রশাসন ও আদালত দেখবে।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ডিসেম্বর মাসে বিএনপি স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করবে। বিজয় দিবস উদযাপনের পাশাপাশি সমাবেশ, মিছিল-মিটিং কর্মসূচি পালন করা হবে। নিষিদ্ধ আওয়ামী লীগ বেআইনি কর্মকাণ্ড করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দল ও অঙ্গসংগঠনগুলোকে পৃথক কর্মসূচি দিয়ে মাঠে থাকার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দলের সংসদ সদস্যদের সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইন নিজের হাতে তুলে না নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে নেতাকর্মীদের। অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য প্রশাসনকে জানানো এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার পরামর্শ দেওয়া হয়েছে।
ডিসেম্বরজুড়ে বিজয়ের মাস উপলক্ষে বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা, অবস্থান ও সাংস্কৃতিক কর্মসূচি পালনের পরিকল্পনা করছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীদেরও বিশেষ বার্তা দেওয়া হয়েছে।
এরই অংশ হিসেবে বুধবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে যুবদল। সেখানে আওয়ামী লীগের অপতৎপরতার দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা।
যুবদলের সহসভাপতি নুরুল ইসলাম সোহেল বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে এখন থেকেই মাঠে থাকবে যুবদল। বিজয় দিবস, খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বলেন, আওয়ামী লীগ ইস্যুতে তাঁরা কোনো কর্মসূচি পালন করছেন না। ডিসেম্বরের নিয়মিত কর্মসূচি নিয়ে মাঠে থাকবেন। বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাজপথে অবস্থান কর্মসূচি থাকবে।
ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূঁইয়া বলেন, ডিসেম্বরকে লক্ষ্য করে আওয়ামী লীগ নেতাকর্মীরা যাতে কোনো অপকর্ম করতে না পারে, সে জন্য সংগঠনের সবাইকে মাঠে থাকতে বলা হয়েছে।
জেলায় জেলায় সক্রিয় থাকার বার্তা
আওয়ামী লীগের অপতৎপরতা মোকাবিলায় জেলা ও মহানগর পর্যায়ের নেতাদেরও বিশেষ নির্দেশনা দিয়েছে বিএনপি। দলীয় সূত্র জানায়, বিভিন্ন জেলায় সমাবেশ, বিক্ষোভ মিছিলসহ নানা কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, পলাতক ফ্যাসিস্টরা সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করে ফায়দা লুটতে চায়। মানুষের মধ্যে ভয় সৃষ্টি করতে চায়। জানমালের যাতে ক্ষতি না হয়, সে বিষয়ে খেয়াল রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে নৈরাজ্য সৃষ্টি করে কোনো লাভ হবে না, কারণ জনগণ আগের চেয়ে বেশি সচেতন।
বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়কারী এম এ সালাম বলেন, আওয়ামী লীগের কেউ যাতে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে জন্য তাঁদের মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
আওয়ামী লীগকে সহযোগিতা করলে বহিষ্কার
নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যদের সহযোগিতা, আশ্রয়-প্রশ্রয় কিংবা গ্রেপ্তার ব্যক্তিদের মুক্ত করার চেষ্টা করার প্রমাণসহ অভিযোগ পাওয়া গেলে দল থেকে বহিষ্কারসহ কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিএনপি।
দলীয় সূত্র জানায়, দেশের বিভিন্ন জেলা থেকে আওয়ামী লীগের সদস্যদের স্থানীয় নেতারা সহায়তা করছেন—এমন অভিযোগ কেন্দ্রে আসার পর এ নির্দেশনা দেওয়া হয়েছে। ফ্যাসিস্টদের সহায়তার অভিযোগে সম্প্রতি যুবদলের কয়েকজন নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন কক্সবাজার জেলা যুবদলের মৎস্য ও পশুপালনবিষয়ক সম্পাদক সজীব আলী, রাজশাহীর ভবানীগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজাউল, ঝালকাঠি জেলা যুবদলের সদস্য সচিব আনিসুর রহমান আনিস ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম তুহিন এবং চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক এন এ বাবুল ও তথ্য, যোগাযোগ ও বিজ্ঞানবিষয়ক সহসম্পাদক মো. সারোয়ার।
বিএনপির সিনিয়র নেতারা জানিয়েছেন, অভিযোগগুলো যাচাই করে জড়িতদের পদ-পদবি বা প্রভাব বিবেচনা না করেই ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আইনি ব্যবস্থা নিতে পুলিশকেও সহযোগিতা করবে দলটি।
একগুচ্ছ কর্মসূচি নিয়ে মাঠে নামছে জামায়াত
গত ১৪ নভেম্বর রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সে এক অনুষ্ঠানে ডিসেম্বরজুড়ে কর্মসূচি নিয়ে মাঠে থাকার ঘোষণা দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
এরই অংশ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে আগামী ২১ নভেম্বর শনিবার ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছে দলটি। জামায়াত মনে করে, গণভোটের রায় বাস্তবায়নের ঘোষণা দিলে বিরোধী দল হিসেবে সরকারের কাজে সহযোগিতা করবে তারা। এতে রাজনৈতিক সংকট কাটবে এবং সরকারের প্রতি জনগণের আস্থা ফিরবে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না। এ লক্ষ্যে জামায়াত ডিসেম্বর মাসজুড়ে কর্মসূচি পালন করবে। আগামী শনিবার রাজধানীতে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হবে। একই সঙ্গে ফ্যাসিবাদবিরোধী দল ও শক্তিগুলোকে নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচি নিয়ে মাঠে থাকার আহ্বান জানান তিনি।
দলীয় সূত্র জানায়, ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা করবে জামায়াত। পাশাপাশি নৈরাজ্য মোকাবিলায় বিক্ষোভ, সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে। এসব কর্মসূচি বিভাগীয় শহরসহ সারা দেশে পালিত হবে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ডিসেম্বর মাসে একগুচ্ছ কর্মসূচি নিয়ে রাজপথে থাকবে জামায়াত। বিজয় দিবস ছাড়াও আওয়ামী লীগের নৈরাজ্য থেকে জনগণকে সুরক্ষা দিতে পরিকল্পনা সাজানো হয়েছে। নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম ঠেকানো বা প্রতিরোধ করার দায়িত্ব সরকারের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। সরকার ব্যর্থ হলে জনগণকে সঙ্গে নিয়ে তাঁরা মাঠে নামবেন।
বিভাগ ও সিটি করপোরেশন এলাকায় সমাবেশের পরিকল্পনা এনসিপির
ডিসেম্বর মাসে সাংগঠনিক কর্মসূচি জোরদার করার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নির্ভরযোগ্য সূত্র জানায়, সংবিধান সংস্কার পরিষদ গঠন ও জুলাই গণহত্যার বিচারসহ চার দফা দাবিতে চলমান কর্মসূচির পাশাপাশি আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্য মোকাবিলার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
আগামী শনিবার লন্ডন সফর শেষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম দেশে ফিরলে নতুন কর্মসূচি প্রণয়ন করা হবে।
সূত্র জানায়, ডিসেম্বর মাসে সারা দেশের বিভাগীয় শহর ও সিটি করপোরেশন এলাকায় গণসমাবেশ করার বিষয়ে দলটির ভেতরে আলোচনা চলছে। পাশাপাশি জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের পরিকল্পনা রয়েছে। এসব কর্মসূচি শেষে আগামী জানুয়ারিতে ঢাকায় মহাসমাবেশ আয়োজনের চিন্তাভাবনা করছে দলটি।
এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, আওয়ামী লীগকে তাঁরা হুমকি মনে করছেন না। তাদের অপতৎপরতা নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের। সরকারের কারণেই তারা এতদূর আসতে পেরেছে, তাই এ সমস্যার সমাধানও সরকারকে করতে হবে। ডিসেম্বর মাসে দলের কর্মসূচির অংশ হিসেবে তাঁরা মাঠে থাকবেন।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন