সংবাদ প্রকাশের জেরে গোপালগঞ্জে সাংবাদিককে যুবলীগ নেতার হুমকির অভিযোগ
ছবির ক্যাপশন
যোগফল প্রতিবেদক:
গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে দৈনিক কালবেলার জেলা প্রতিনিধিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ভাষায় হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন যুবলীগের জেলা কমিটির উপদপ্তর সম্পাদক তানভীর হাসান জনির বিরুদ্ধে। শুধু ফেসবুক পোস্ট নয়, বিভিন্ন নম্বর থেকে ফোন করেও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক মো. জুবায়ের হোসেন। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।
জানা গেছে, জুবায়ের হোসেন গোপালগঞ্জে ‘আজেবাজে রিপোর্ট’ করছেন এবং ‘বিএনপি ও জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন’ করছেন—এমন অভিযোগ তুলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন তানভীর হাসান জনি। ওই পোস্টে সাংবাদিক জুবায়েরকে ‘দুচে দেওয়া হোক’ বলে উল্লেখ করেন তিনি। পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় উদ্বেগ ও নিরাপত্তাহীনতার কথা জানিয়ে সাংবাদিক জুবায়ের হোসেন বলেন, ফেসবুক পোস্টের পাশাপাশি বিভিন্ন অপরিচিত নম্বর থেকে তার মোবাইল ফোনে কল করা হচ্ছে। ফোনে অসৌজন্যমূলক আচরণের পাশাপাশি তার অবস্থান জানতে চাওয়া হচ্ছে। একপর্যায়ে ফোনকারীরা ‘খুব তাড়াতাড়ি দেখা হবে’ বলেও হুমকি দিচ্ছে।
এমন পরিস্থিতিতে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এই সংবাদকর্মী।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন