চুয়াডাঙ্গায় ট্রলির ধাক্কায় স্কুলছাত্রীর মৃ"ত্যু
ছবি: সংগৃহীত
যোগফল প্রতিবেদক:
চুয়াডাঙ্গার জীবননগরে ইঞ্জিনচালিত ট্রলির (লটাহাম্বার) ধাক্কায় তাসফিয়া ফারিহা নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সম্রাট নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাসফিয়া ফারিহা উপজেলার ছটেঙ্গাপাড়া গ্রামের খবির হোসেনের মেয়ে। সে প্রাইড প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। আহত সম্রাট একই গ্রামের আব্দুল গফুরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার সকালে সম্রাটের বাইসাইকেলে চড়ে একটি অনুষ্ঠানে অংশ নিতে স্কুলে যাচ্ছিল তাসফিয়া। পথে কালা মসজিদ এলাকায় পৌঁছালে জীবননগর থানার দিক থেকে আসা মাটিভর্তি দ্রুতগতির একটি ইঞ্জিনচালিত ট্রলি তাদের সাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাসফিয়ার মৃত্যু হয়।
এ সময় সাইকেল চালক সম্রাটের একটি হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।
দুর্ঘটনার পর ট্রলিচালক ও গাড়িতে থাকা অন্য ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোলায়মান জানান, মাটিভর্তি ইঞ্জিনচালিত ট্রলির ধাক্কায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তাসফিয়ার মৃত্যু হয়েছে। ট্রলিটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। চালককে আইনের আওতায় আনতে পুলিশের একটি দল কাজ শুরু করেছে।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন