নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আ"গু"ন
ছবি: সংগৃহীত
যোগফল প্রতিবেদক:
নাটোরে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) ভোর ৪টার দিকে শহরের ভবানীগঞ্জ এলাকায় সরকারি পাবলিক লাইব্রেরির সামনে অবস্থিত স্মৃতিস্তম্ভে এ ঘটনা ঘটে। তবে কারা এ ঘটনায় জড়িত, তা এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
স্থানীয়দের ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, মুখে সাদা রুমাল বাঁধা এক যুবক জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন জুলাই যোদ্ধারা। তারা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
জুলাই যোদ্ধা সাজ্জাদ আহমেদ বলেন, নাটোরের জুলাই স্মৃতিস্তম্ভটি উন্মুক্ত স্থানে অবস্থিত। কোনো বেষ্টনী না থাকায় এটি নিরাপত্তাহীন অবস্থায় রয়েছে। স্মৃতিস্তম্ভটির নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
তিনি আরও বলেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় আনতে হবে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন