চীন-থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য ও নিরাপত্তাসহ ৮ চুক্তি সই
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
বাণিজ্য, নিরাপত্তা, কৃষি ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারে চীন ও থাইল্যান্ডের মধ্যে আটটি চুক্তি সই হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) থাইল্যান্ডের সরকারি জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।
এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের মধ্যে বৈঠক শেষে এসব চুক্তি সই হয়।
চীনা প্রধানমন্ত্রীর তিন দিনের সরকারি সফরে চুক্তিগুলো সই হয়। গত সাত বছরের মধ্যে এটিই কোনো চীনা প্রধানমন্ত্রীর প্রথম থাইল্যান্ড সফর।
চুক্তিগুলোর আওতায় রয়েছে গাড়ি উৎপাদন, কারিগরি শিক্ষা, কৃষিপণ্য রপ্তানি, খাদ্য নিরাপত্তা, নিরাপত্তা সহযোগিতা, পরিমাপের মানদণ্ড এবং কনস্যুলার সেবা।
চুক্তি অনুযায়ী, থাইল্যান্ডের জনপ্রিয় ফল ডুরিয়ান ও সালাক চীনে রপ্তানির প্রক্রিয়া আরও সহজ হবে। পাশাপাশি বৈদ্যুতিক গাড়ি (ইভি), ব্যাটারি উৎপাদন ও প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রেও দুই দেশ সহযোগিতা বাড়াবে।
এদিকে চীনের কাছে পাঁচ লাখ টন থাই চাল বিক্রির প্রস্তাব বাস্তবায়নে অগ্রগতি চেয়েছেন থাই প্রধানমন্ত্রী আনুতিন। থাই সংবাদমাধ্যম দ্য নেশনের প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে প্রাথমিকভাবে ৪০ হাজার টন চাল বিক্রি হয়েছে।
এসব চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন