ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলার প্রয়োজন নেই: রুবিও
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন করে সামরিক হামলা চালানোর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের আরোপ করা অর্থনৈতিক চাপেই ইরান অনেকটা দুর্বল হয়ে পড়েছে। তবে ইরান যাতে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেটি নিশ্চিত করাকেই বিজয় হিসেবে দেখছে ওয়াশিংটন।
ফেডারেলিস্ট সোসাইটির এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন রুবিও। তার এ মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর আগে ট্রাম্প বলেছিলেন, সামরিক দিক থেকে যুদ্ধ কার্যত শেষ।
রুবিও বলেন, ইরানের শাসকগোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ এতটাই ব্যাপক যে আপাতত নতুন করে সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই। এই চাপের কারণে দেশটি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। তবে ইরানকে কখনো পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না দেওয়াই হবে যুক্তরাষ্ট্রের প্রকৃত বিজয়।
যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষও অর্থনৈতিক চাপের মুখে পড়েছেন বলে স্বীকার করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সংঘাতের প্রভাবে জ্বালানির দাম বেড়েছে এবং বৈশ্বিক অর্থনীতির প্রায় প্রতিটি খাতে এর প্রভাব পড়েছে।
রুবিও বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচির হুমকি উপেক্ষা করা, অজনপ্রিয় একটি যুদ্ধে না জড়ানো কিংবা বিষয়টি পরবর্তী প্রশাসনের জন্য রেখে দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য সহজ ছিল। কিন্তু তিনি তা করেননি। বরং বিষয়টি অমীমাংসিত না রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
তবে এ সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ নয় বলেও মন্তব্য করেন রুবিও। তার মতে, বিষয়টি বেশ জটিল। এর ফলে অর্থনৈতিক চাপসহ নানা ধরনের দুর্ভোগ তৈরি হয়। যুক্তরাষ্ট্র বিষয়টি স্বীকার করছে বলেও জানান তিনি।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন