ছেলেকে রাজনীতিতে আনবেন কি না, ভাগ্যের ওপর ছেড়ে দিলেন মির্জা আব্বাস
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
ছোট ছেলে মির্জা আরাফাত আব্বাস আজানকে রাজনীতিতে আনবেন কি না, তা তার ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। তবে নিজের পরিবারকে রাজনৈতিক পরিবার উল্লেখ করে তিনি বলেছেন, পরিবার থেকে কেউ না কেউ রাজনীতিতে আসবেই।
বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ছোট ছেলে মির্জা আরাফাত আব্বাস আজানকে সঙ্গে নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন কক্ষে প্রবেশ করেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস।
ছেলেকে রাজনীতিতে নিয়ে আসবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, ‘এটা ওর ভাগ্যের বিষয়। আমি নিজেও জানতাম না, একদিন রাজনীতিতে আসব কি না। তবে আমার পরিবার কিন্তু পলিটিক্যাল পরিবার। রাজনীতিতে কেউ না কেউ আসবেই। আমার পরিবারে ছেলেসহ ১৫ থেকে ২০ জন রাজনীতি করার মতো লোক আছে।’
নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, রাজনীতিতে তাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। তার সঙ্গে যারা প্রতিযোগিতায় ছিলেন, তাদের অনেকেই ঝরে পড়েছেন। রাজনীতিতে অনেক প্রতিযোগিতা রয়েছে এবং অনেকে অংশগ্রহণ করলেও শেষ পর্যন্ত টিকে থাকতে পারেন না।
এদিকে বাবার পাশে থাকার ইচ্ছার কথা জানিয়েছেন মির্জা আরাফাত আব্বাস আজান। বাবার রাজনীতিতে যোগদান ও নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, পড়ালেখাসহ নানা কারণে দীর্ঘদিন দেশের বাইরে থাকতে হয়েছে। এখন বাবার পাশে থাকাটা জরুরি বলে মনে করেন তিনি।
আজান বলেন, ‘সবকিছুতেই বাবা আমার আদর্শ। বাবার পাশে ছায়া হয়ে থাকতে চাই।’
ভবিষ্যতে বাবার রাজনীতির হাল ধরবেন কি না, এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন, ‘বাবাই আমার আদর্শ, এটাই আমার শেষ কথা।’
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন