খুঁজুন
advertisement
advertisement
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক, ১৪৩৩

গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, বিজিবিসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের টহল অব্যাহত

বার্তা বিভাগ
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ৫:৫৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, বিজিবিসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের টহল অব্যাহত

ছবি যোগফল গোপালগঞ্জ জেলা সংবাদদাতা

সাইফুল ইসলাম ।। গোপালগঞ্জ জেলা সংবাদদাতা

গোপালগঞ্জে গতকাল(মঙ্গলবার)নানা অঘটনের পর আজ বুধবার জেলার সর্বত্র শান্ত পরিবেশ বিরাজ করছে।পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি (র‌্যাব )সহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা জেলার সর্বত্র টহল অব্যাহত রেখেছেন।সেই সাথে রয়েছে গোয়েন্দা নজরদারী।

শেষ খবর পাওয়া পর্যন্ত গতকালের(মঙ্গলবার)ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানাগেছে।

পুলিশের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে যারা সহিংস ঘটনার সাথে জড়িত কেবলমাত্র তাদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেয়া হবে। নিরীহ জনগন যাতে হয়রানীর শিকার না হয় তার দিকে খেয়াল রাখা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।তিনি জানান, এসব ঘটনায় তারা এখনো কাউকে আটক বা গ্রেফতার করেনি। তিনি আরো বলেন, গোপালগঞ্জ একটি শান্তির জেলা।অল্প কিছু সংখ্যক লোক আছে যারা পরিস্থিতি অশান্ত করতে চায়।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেলেই গোপালগঞ্জে পুলিশের পাশাপাশি ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

পাইকগাছায় এনসিপির কমিটি গঠন, আহ্বায়ক আমিনুল ও সদস্য সচিব নয়ন

বার্তা বিভাগ
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ৬:০২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় এনসিপির কমিটি গঠন, আহ্বায়ক আমিনুল ও সদস্য সচিব নয়ন

ছবি পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাইকগাছা উপজেলা শাখার ৮ সদস্যবিশিষ্ট নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আমিনুল ইসলামকে আহ্বায়ক এবং আব্দুল কাদের নয়নকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) এনসিপির খুলনা জেলা আহ্বায়ক মাহমুদুল হাসান ফয়জুল্লাহ ও সদস্য সচিব আরিফুজ্জামান উজ্জ্বল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ নূরজয় চিশতী, যুগ্ম আহ্বায়ক মোঃ শাহিন ইসলাম ও মোঃ ফয়সাল আহমেদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোঃ ইসমাইল সরদার, যুগ্ম সদস্য সচিব লতা বেগম এবং সাংগঠনিক সম্পাদক আসিফ সরদার।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ আংশিক আহ্বায়ক কমিটি আগামী দুই মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।

আওয়ামী লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত-শিবির: রাশেদ খাঁন

বার্তা বিভাগ
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ৬:২০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
আওয়ামী লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত-শিবির: রাশেদ খাঁন

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত-শিবির। দল দুটি আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে শক্ত অবস্থান না নিয়ে বরং এসব ঘটনাকে স্বাভাবিক করার চেষ্টা করছে।

একই সঙ্গে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে বিএনপি সরকারকে দুর্বল করার কৌশল নিতে পারে জামায়াত-শিবির বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।

ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও ককটেল বিস্ফোরণের দায় বিএনপি সরকারের ওপর চাপিয়ে জামায়াতে ইসলামী বিবৃতি দিয়েছে। এর মাধ্যমে দলটি আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডকে স্বাভাবিক করার চেষ্টা করছে।

রাশেদ খাঁন আরও অভিযোগ করেন, অতীতে জামায়াত-শিবিরের অনেক নেতাকর্মী গুপ্ত পরিচয়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর দাবি, আওয়ামী লীগও বর্তমানে জামায়াতের ছায়ায় থেকে রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছে। একই সঙ্গে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে জামায়াত-শিবির নিজেদের দলে জায়গা করে দিচ্ছে।

পোস্টে তিনি জামায়াত-শিবিরের আওয়ামী লীগবিরোধী অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর ভাষ্য, আওয়ামী লীগ মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করলে বিএনপি সরকার দুর্বল হবে—এমন রাজনৈতিক হিসাব থেকে জামায়াত-শিবির শক্ত অবস্থান নিচ্ছে না বলে মনে করেন তিনি।

এ ছাড়া জামায়াতের কয়েকজন নেতার সঙ্গে একটি দেশের গোয়েন্দা কর্মকর্তার বৈঠকের বিষয়টিও পোস্টে উল্লেখ করেন রাশেদ খাঁন। তাঁর দাবি, ওই বৈঠকে আওয়ামী লীগের বিরোধিতা না করে নিজেদের রাজনৈতিক ক্ষমতায় যাওয়ার কৌশল নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

পোস্টের শেষাংশে রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগের অপতৎপরতা মোকাবিলায় বিএনপি বাংলাদেশপন্থী শক্তিকে সঙ্গে নিয়ে কাজ করবে। রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে বিএনপি সরকারকে দুর্বল করার যেকোনো ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিহত করার আহ্বান জানান তিনি। এ জন্য নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি—এই তিন মাস রাজপথে প্রতিরোধ গড়ে তোলার কথাও বলেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান ২ লাখ ইয়াবাসহ আটক ২, বোট জব্দ

বার্তা বিভাগ
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ৫:৩২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
টেকনাফে কোস্ট গার্ডের অভিযান ২ লাখ ইয়াবাসহ আটক ২, বোট জব্দ

ছবি যোগফল টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

আবু মুসা ।। টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত প্রায় ১০ কোটি টাকা মূল্যের একটি বোট জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৌলভী পাড়ার বাসিন্দা নুর মোহাম্মদ (৫০) ও নজির আহমদ (৪১)। নুর মোহাম্মদের পিতার নাম আবদুল হামিদ এবং মাতার নাম আমেনা খাতুন। অন্যদিকে, নজির আহমদের পিতার নাম মৃত হালদা মিয়া এবং মাতার নাম মৃত মছকুরা খাতুন।

বাংলাদেশ কোস্ট গার্ডের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদী দিয়ে বাংলাদেশে প্রবেশের তথ্য পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ৮টা থেকে ৯টার মধ্যে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি আভিযানিক দল নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে।

পরে কোস্ট গার্ডের সদস্যরা বোটটিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হন। বোটে তল্লাশি চালিয়ে ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে ইয়াবা পাচারে ব্যবহৃত প্রায় ১০ কোটি টাকা মূল্যের বোট এবং এর দুই চালককে আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, মাদক পাচার ও বিস্তার রোধে উপকূলীয় এলাকায় গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: বাংলাদেশ কোস্ট গার্ডের প্রেস বিজ্ঞপ্তি।