জেমসকে ‘আমার সোনার বাংলা’ গানে জিয়ার নাম বাদ দিতে বাধ্য করত ছাত্রলীগ: রাকিব
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘কনসার্ট ফর সলিডারিটি’তে নগরবাউল জেমসের ‘আমার সোনার বাংলা’ গান পরিবেশন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। এ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, গত ১৫ বছর গানটি পরিবেশনের সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম বাদ দিতে সংগীতশিল্পী জেমসকে বারবার বাধ্য করত ছাত্রলীগ।
রোববার (৮ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে কেন্দ্রীয় ছাত্রদল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রাকিব বলেন, এবারের কনসার্টে গানটি পরিবেশনের সময় শেখ মুজিবুর রহমানের অংশ বাদ দিতে জেমসকে বাধ্য করা হয়নি। কারণ, শেখ মুজিবের যেটুকু অবদান রয়েছে, সেটুকু তারা কখনো অস্বীকার করেন না।
গানটির লিরিকসের একটি অংশ—‘তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ, তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন’—নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় কনসার্টটি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে রাকিব আরও বলেন, গত ১৫ বছর তারা ৭ নভেম্বর উদ্যাপন করতে পারেননি। তবে এবার পুরো জাতিকে স্বতঃস্ফূর্তভাবে ঐতিহাসিক দিনটি উদ্যাপন করতে দেখা গেছে।
তিনি বলেন, ৭ নভেম্বর সিপাহি-জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছিল।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন