খুঁজুন
advertisement
advertisement
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক, ১৪৩৩

ছাত্রলীগের ‘সর্বাত্মক ধর্মঘট’ ঘিরে দেশের বিভিন্ন স্থানে নাশকতা, নিহত ১

বার্তা বিভাগ
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ৩:৩২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ছাত্রলীগের ‘সর্বাত্মক ধর্মঘট’ ঘিরে দেশের বিভিন্ন স্থানে নাশকতা, নিহত ১

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ‘সর্বাত্মক ধর্মঘট’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর থেকে দিনভর এসব ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফরিদপুরে বাসে অগ্নিসংযোগে এক চালকের মৃত্যু হয়েছে। রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার গাড়িতে ককটেল হামলায় চালক গুরুতর আহত হয়েছেন।

নাশকতা প্রতিরোধে অভিযান চালিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে অর্ধশতাধিক নেতাকর্মী ও সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে, গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, গত ৭ থেকে ৯ নভেম্বর পর্যন্ত সারা দেশে ২৭টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ১৯টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১১টি মামলা হয়েছে এবং ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা নিয়ে বিরোধী দলের অভিযোগের জবাবে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সারা দেশে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এলাকায় তিনজনের মধ্যে দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। অন্য একজন পালিয়ে গেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দু-একটি প্রতীকী ঘটনা একত্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ বলা যৌক্তিক নয়। সীমান্তের ওপার থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত ককটেল উদ্ধার ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার ধানমন্ডি ৩২ নম্বর, সায়েন্সল্যাব ও মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গত ২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টাকালে ৩৩ জনকে হাতেনাতে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ধানমন্ডি ৩২ নম্বরের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। ককটেলের সঙ্গে পাওয়া একটি সাদা কাগজে কী লেখা ছিল, তা নিয়ে পুলিশের কর্মকর্তাদের বক্তব্যে ভিন্নতা পাওয়া গেছে। ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, কাগজে শুধু ‘প্রজন্ম ৭১’ লেখা ছিল। তবে থানার পরিদর্শক (অপারেশন) মো. রেজানুর রহমান দাবি করেন, সেখানে ‘বাংলাদেশ মুক্তির ডাক ৭১’ ও ‘জয় বাংলা, জয় মুজিববাদ’ লেখা ছিল।

দুপুরে সায়েন্সল্যাব এলাকায় সিটি কলেজের পাশে মিরপুর সড়ক থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়। এ ছাড়া গাবতলী-মোহাম্মদপুর সড়কের বেড়িবাঁধে বাংলাদেশ ইউনিভার্সিটির সামনেও একটি ককটেল পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম।

ঢাবি শিক্ষিকার গাড়িতে ককটেল হামলা, চালক আহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ব্যবসায় বিভাগের এক শিক্ষিকার প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণে মো. সোহেল নামে এক চালক আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

হাসপাতালে চিকিৎসাধীন সোহেল জানান, তিনি বিভাগের শিক্ষিকা নাবিলা ইসলামের গাড়িচালক। শিক্ষিকাকে নামিয়ে দিয়ে গাড়িতে বসে স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন। এ সময় গাড়ির সামনের কাচের কাছে একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে স্প্লিন্টারের আঘাত লাগে।

শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে একটি গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এতে গাড়িচালক আহত হয়েছেন। তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, গত সোমবার দুপুর ১২টা থেকে মঙ্গলবার পর্যন্ত ককটেল বিস্ফোরণের সময় এবং বিভিন্ন চেকপোস্টে অভিযান চালিয়ে নাশকতাকারী সন্দেহে ৩৩ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের অধিকাংশই কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত অথবা সংগঠনটির নিয়োগ করা ব্যক্তি বলে দাবি করেছে পুলিশ।

জাবির প্রধান ফটকে তালা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রধান ফটক ডেইরি গেটে তালা ঝুলিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল হালিম বলেন, সোমবার গভীর রাতে তিনটি মোটরসাইকেলে করে ৮ থেকে ১০ জন এসে ফটকে তালা লাগিয়ে দেয়। এ সময় তারা নিরাপত্তাকর্মীদের গুলি করার হুমকি দেয়।

ককটেল হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে সাভারের নবীনগরে ঢাকা-আরিচা মহাসড়কে মোটরসাইকেল শোডাউন ও প্রতিবাদ মিছিল করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল।

ফরিদপুরে বাসে আগুনে ঘুমন্ত চালকের মৃত্যু

ফরিদপুরে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে চালক মো. কালাচাঁদ (৫০) মারা গেছেন। সোমবার (৯ নভেম্বর) রাত ১টা ৫০ মিনিটের দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কালাচাঁদ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামের বাসিন্দা। তিনি ফরিদপুর-টেকেরহাট-মাদারীপুর রুটে চলাচলকারী কিশোর-তনয় পরিবহনের বাসচালক ছিলেন।

জানা গেছে, রাতে বাসটি গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডের সামনে সড়কে দাঁড় করানো ছিল। চালক বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. মাহমুদুল হাসান বলেন, বাসে অগ্নিকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, গ্রেপ্তার ৮

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়া মোড়ে এ ঘটনার সূত্রপাত হয়। বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও তাদের সঙ্গে যোগ দেন।

পুলিশ বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রায় দুই ঘণ্টা যান চলাচল ব্যাহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়।

এর আগে সোমবার রাতেও গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। জেলা স্কুল, সরকারি মহিলা কলেজ, পাসপোর্ট অফিস ও সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়।

এসব ঘটনায় পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে। এ সময় সাতটি মোটরসাইকেল জব্দ এবং ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।

এ ছাড়া কোটালীপাড়ায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের পাশে ককটেল বিস্ফোরণ ঘটে। সোমবার রাত সোয়া ৯টার দিকে মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

জাজিরায় পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ

শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে ছাত্র ধর্মঘট পালন করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার রাত ১টার দিকে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছেলে দানিব বিন ইকবালের ফেসবুক আইডিসহ কয়েকটি আইডি থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়। ভিডিওতে প্রায় এক ঘণ্টা টোলপ্লাজার কার্যক্রম বন্ধ রেখে তাদের অবস্থান করতে দেখা যায়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেলেও কারা বিস্ফোরণ ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার

রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশের ফুলগাছের ভেতর থেকে গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিমানবন্দর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে প্রধান ফটক বন্ধ করে যাত্রীদের চলাচলের জন্য বিকল্প মসজিদ গেট খুলে দেওয়া হয়।

একই সময়ে বিমানবন্দরে অবতরণ করা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে পেছনের ফটক দিয়ে বের করা হয়। পরে বস্তু দুটি বিমানবন্দর এলাকা থেকে সরিয়ে পবা উপজেলার পাকুড়িয়ার একটি ফাঁকা মাঠে নিয়ে নিষ্ক্রিয় করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন মন্ত্রী। নিরাপত্তাঝুঁকির বিষয়টি জানার পর তাকে বিকল্প পথে বের করা হয়। পরে তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা দেন।

ট্রেন ও বাসে অগ্নিসংযোগ

নেত্রকোনার মোহনগঞ্জ রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এতে ট্রেনের একটি বগির অন্তত চারটি আসন পুড়ে যায়।

ট্রেনের গার্ড ও কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে মোহনগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। নির্ধারিত সময়েই ট্রেনটি ছেড়ে যায়।

এদিকে নওগাঁ শহরের বাইপাস সড়কের গাবতলী মোড় এলাকায় সোমবার রাত সাড়ে ১২টার দিকে দাঁড়িয়ে থাকা আল বারাকা পরিবহনের দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বরগুনা ও পটুয়াখালীতে অগ্নিসংযোগ ও অবরোধ

বরগুনায় ধর্মঘটের আগের রাতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে তালা দেওয়া, সড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বেতাগী উপজেলায় উপজেলা পরিষদ, পৌরসভা কার্যালয়, ইউনিয়ন পরিষদ ও একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে তালা দেওয়া হয়। এ ছাড়া পৌরসভার একটি ট্রাকে আগুন দেওয়া হয়েছে। আমতলীতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টাও করা হয়।

অন্যদিকে পটুয়াখালীর কলাপাড়ায় রাতভর বিভিন্ন সড়কে আগুন জ্বালানো ও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। সোমবার রাতে কুয়াকাটা বাস টার্মিনালে মডার্ন পরিবহনের একটি বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এতে বাসটিতে আংশিক আগুন ধরলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পরে ঘটনাস্থল থেকে দুটি পেট্রোল বোমাসদৃশ বোতল উদ্ধার করে পুলিশ।

খাগড়াছড়ি ও চট্টগ্রামেও অগ্নিসংযোগ

খাগড়াছড়ি সদরের পানখাইয়াপাড়া সড়কের কেএসটিসি হাসপাতালের সামনে মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে দাঁড়িয়ে থাকা একটি চাঁদের গাড়িতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, ঘটনাস্থলে পৌঁছানোর ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

চট্টগ্রামের কর্ণফুলীতে মহাসড়কে টায়ার জ্বালিয়ে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে উপজেলার বড় উঠান ইউনিয়নের কৈয়গ্রামের পিএবি সড়কে এ ঘটনা ঘটে।

এ ছাড়া সোমবার রাতে চট্টগ্রামের আনোয়ারায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ব্যাংকের কিছু পুরোনো কাগজপত্র পুড়ে যায়। নিরাপত্তাকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

সিলেটে ঝটিকা মিছিল ও অবরোধের চেষ্টা

সিলেট নগরী ও জেলার বিভিন্ন স্থানে মঙ্গলবার ভোরে ঝটিকা মিছিল ও সড়ক অবরোধের চেষ্টা করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এসব কর্মসূচির প্রতিবাদে মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ করেছেন বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

পাইকগাছায় এনসিপির কমিটি গঠন, আহ্বায়ক আমিনুল ও সদস্য সচিব নয়ন

বার্তা বিভাগ
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ৬:০২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় এনসিপির কমিটি গঠন, আহ্বায়ক আমিনুল ও সদস্য সচিব নয়ন

ছবি পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাইকগাছা উপজেলা শাখার ৮ সদস্যবিশিষ্ট নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আমিনুল ইসলামকে আহ্বায়ক এবং আব্দুল কাদের নয়নকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) এনসিপির খুলনা জেলা আহ্বায়ক মাহমুদুল হাসান ফয়জুল্লাহ ও সদস্য সচিব আরিফুজ্জামান উজ্জ্বল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ নূরজয় চিশতী, যুগ্ম আহ্বায়ক মোঃ শাহিন ইসলাম ও মোঃ ফয়সাল আহমেদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোঃ ইসমাইল সরদার, যুগ্ম সদস্য সচিব লতা বেগম এবং সাংগঠনিক সম্পাদক আসিফ সরদার।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ আংশিক আহ্বায়ক কমিটি আগামী দুই মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।

গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, বিজিবিসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের টহল অব্যাহত

বার্তা বিভাগ
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ৫:৫৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, বিজিবিসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের টহল অব্যাহত

ছবি যোগফল গোপালগঞ্জ জেলা সংবাদদাতা

সাইফুল ইসলাম ।। গোপালগঞ্জ জেলা সংবাদদাতা

গোপালগঞ্জে গতকাল(মঙ্গলবার)নানা অঘটনের পর আজ বুধবার জেলার সর্বত্র শান্ত পরিবেশ বিরাজ করছে।পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি (র‌্যাব )সহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা জেলার সর্বত্র টহল অব্যাহত রেখেছেন।সেই সাথে রয়েছে গোয়েন্দা নজরদারী।

শেষ খবর পাওয়া পর্যন্ত গতকালের(মঙ্গলবার)ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানাগেছে।

পুলিশের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে যারা সহিংস ঘটনার সাথে জড়িত কেবলমাত্র তাদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেয়া হবে। নিরীহ জনগন যাতে হয়রানীর শিকার না হয় তার দিকে খেয়াল রাখা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।তিনি জানান, এসব ঘটনায় তারা এখনো কাউকে আটক বা গ্রেফতার করেনি। তিনি আরো বলেন, গোপালগঞ্জ একটি শান্তির জেলা।অল্প কিছু সংখ্যক লোক আছে যারা পরিস্থিতি অশান্ত করতে চায়।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেলেই গোপালগঞ্জে পুলিশের পাশাপাশি ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

আওয়ামী লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত-শিবির: রাশেদ খাঁন

বার্তা বিভাগ
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ৬:২০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
আওয়ামী লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত-শিবির: রাশেদ খাঁন

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত-শিবির। দল দুটি আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে শক্ত অবস্থান না নিয়ে বরং এসব ঘটনাকে স্বাভাবিক করার চেষ্টা করছে।

একই সঙ্গে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে বিএনপি সরকারকে দুর্বল করার কৌশল নিতে পারে জামায়াত-শিবির বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।

ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও ককটেল বিস্ফোরণের দায় বিএনপি সরকারের ওপর চাপিয়ে জামায়াতে ইসলামী বিবৃতি দিয়েছে। এর মাধ্যমে দলটি আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডকে স্বাভাবিক করার চেষ্টা করছে।

রাশেদ খাঁন আরও অভিযোগ করেন, অতীতে জামায়াত-শিবিরের অনেক নেতাকর্মী গুপ্ত পরিচয়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর দাবি, আওয়ামী লীগও বর্তমানে জামায়াতের ছায়ায় থেকে রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছে। একই সঙ্গে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে জামায়াত-শিবির নিজেদের দলে জায়গা করে দিচ্ছে।

পোস্টে তিনি জামায়াত-শিবিরের আওয়ামী লীগবিরোধী অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর ভাষ্য, আওয়ামী লীগ মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করলে বিএনপি সরকার দুর্বল হবে—এমন রাজনৈতিক হিসাব থেকে জামায়াত-শিবির শক্ত অবস্থান নিচ্ছে না বলে মনে করেন তিনি।

এ ছাড়া জামায়াতের কয়েকজন নেতার সঙ্গে একটি দেশের গোয়েন্দা কর্মকর্তার বৈঠকের বিষয়টিও পোস্টে উল্লেখ করেন রাশেদ খাঁন। তাঁর দাবি, ওই বৈঠকে আওয়ামী লীগের বিরোধিতা না করে নিজেদের রাজনৈতিক ক্ষমতায় যাওয়ার কৌশল নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

পোস্টের শেষাংশে রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগের অপতৎপরতা মোকাবিলায় বিএনপি বাংলাদেশপন্থী শক্তিকে সঙ্গে নিয়ে কাজ করবে। রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে বিএনপি সরকারকে দুর্বল করার যেকোনো ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিহত করার আহ্বান জানান তিনি। এ জন্য নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি—এই তিন মাস রাজপথে প্রতিরোধ গড়ে তোলার কথাও বলেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম