শেখ হাসিনার নতুন এনআইডি পাওয়ার সুযোগ নেই, জানাল নির্বাচন কমিশন
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ খবরকে ‘বিভ্রান্তিকর’ বলে দাবি করেছে সরকার।
বার্তা সংস্থা রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাতে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনের খবর প্রকাশিত হয়। এদিকে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা জানিয়েছেন, আইনি ও কারিগরি কারণে শেখ হাসিনার নতুন করে এনআইডি পাওয়ার সুযোগ নেই।
ইসি কর্মকর্তাদের ভাষ্য, শেখ হাসিনার আগের এনআইডি ব্লক করা রয়েছে। জাতীয় পরিচয়পত্র আইন অনুযায়ী, একজন নাগরিক একবার ভোটার হিসেবে নিবন্ধিত হয়ে এনআইডি পাওয়ার পর দ্বিতীয়বার নতুন করে ভোটার নিবন্ধনের সুযোগ নেই। কেউ দ্বিতীয়বার নিবন্ধনের মাধ্যমে এনআইডি নেওয়ার চেষ্টা করলে তা আইনত দণ্ডনীয় অপরাধ।
কর্মকর্তারা জানান, অতীতে একাধিকবার ভোটার নিবন্ধন করে এনআইডি নেওয়ার ঘটনা শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। সাধারণত এ ধরনের ক্ষেত্রে প্রথম এনআইডি বহাল রেখে পরবর্তী পরিচয়পত্র বাতিল করা হয়।
নতুন করে ভোটার নিবন্ধনের আবেদন করা হলে আবেদনকারীর আঙুলের ছাপ সার্ভারে সংরক্ষিত তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হয়। আগে নিবন্ধিত থাকলে আঙুলের ছাপের মাধ্যমে তা শনাক্ত করা সম্ভব। ফলে দ্বিতীয়বার নিবন্ধনের আবেদন প্রক্রিয়াকরণের সুযোগ থাকে না।
এ ছাড়া অতীতে কেউ কেউ হাতের আঙুলের পরিবর্তে পায়ের আঙুলের ছাপ ব্যবহার করে দ্বিতীয়বার নিবন্ধনের চেষ্টা করেছিলেন। এ ধরনের জালিয়াতি ঠেকাতে বর্তমানে নিবন্ধন প্রক্রিয়ায় বিষয়টি বিশেষভাবে যাচাই করা হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।
সূত্র জানায়, গত বছরের মার্চে শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের এনআইডি লক করে দেয় এনআইডি অনুবিভাগ। এ-সংক্রান্ত নথিতে শাখাটির সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন উল্লেখ করেন, এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরের মৌখিক নির্দেশে তাদের পরিচয়পত্র লক করা হয়েছে।
তালিকায় রয়েছেন শেখ হাসিনা, শেখ রেহানা সিদ্দিক, সজীব আহমেদ ওয়াজেদ, সায়মা ওয়াজেদ, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক।
অন্যদিকে, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, শেখ হাসিনার পক্ষ থেকেই আবেদনটি করা হয়েছে কি না, তা নিশ্চিত নয় তারা। হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান জানান, ম্যাট্রিক্স চেম্বার্স নামের একটি প্রতিষ্ঠান থেকে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে ই-মেইল পেয়েছে হাইকমিশন।
তবে ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমোদন বা অথরাইজেশন-সংক্রান্ত কোনো নথি কিংবা প্রমাণপত্র পাঠানো হয়নি। এ কারণে আবেদনটি তাঁর পক্ষ থেকে করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার সুযোগ নেই। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এর আগে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভারতে অবস্থানরত শেখ হাসিনা দেশে ফেরার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন করেছেন। সোমবার আইনজীবীর মাধ্যমে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয় বলে জানায় সংবাদমাধ্যমটি।
প্রতিবেদন অনুযায়ী, দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে শেখ হাসিনার আইনজীবীরা নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানান। লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো চিঠিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তারা জানতে পেরেছেন।
চিঠিতে শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তি ও সনদ থেকে উদ্ভূত বাধ্যবাধকতার বিষয় উল্লেখ করে আবেদনটি দ্রুত নিষ্পত্তির অনুরোধ জানানো হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন