খুঁজুন
advertisement
advertisement
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক, ১৪৩৩

ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতার আশঙ্কা ছাত্রদল নেতার

বার্তা বিভাগ
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ১:১৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতার আশঙ্কা ছাত্রদল নেতার

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েমের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্টতার আশঙ্কা প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।

মঙ্গলবার (১০ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।

নাসির উদ্দীন নাসির বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে। অতীতে ছাত্রলীগের সঙ্গে তার সম্পর্ক ছিল উল্লেখ করে তিনি বলেন, ২০১৪-১৫ সালের আন্দোলন-পরবর্তী সময়ে বিএনপি ও ছাত্রদলের আন্দোলন দমনে ছাত্রলীগের মিছিলে সাদিক কায়েমকে দেখা গেছে।

তিনি আরও বলেন, সাদিক কায়েমের অতীত কর্মকাণ্ডের কারণে তার বক্তব্য নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁর দাবি, সাদিক কায়েমের বিভ্রান্তিকর বক্তব্যকে কাজে লাগিয়ে ছাত্রলীগ ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা করছে।

ছাত্রদলের এই নেতা বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশের মানুষ যে রায় দিয়েছে, তার মধ্য দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। এ সময়ে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে। তবে দেশের মানুষ ও শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ রয়েছে এবং শিক্ষার্থীদের পাশে ছাত্রদল রয়েছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

পাইকগাছায় এনসিপির কমিটি গঠন, আহ্বায়ক আমিনুল ও সদস্য সচিব নয়ন

বার্তা বিভাগ
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ৬:০২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় এনসিপির কমিটি গঠন, আহ্বায়ক আমিনুল ও সদস্য সচিব নয়ন

ছবি পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাইকগাছা উপজেলা শাখার ৮ সদস্যবিশিষ্ট নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আমিনুল ইসলামকে আহ্বায়ক এবং আব্দুল কাদের নয়নকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) এনসিপির খুলনা জেলা আহ্বায়ক মাহমুদুল হাসান ফয়জুল্লাহ ও সদস্য সচিব আরিফুজ্জামান উজ্জ্বল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ নূরজয় চিশতী, যুগ্ম আহ্বায়ক মোঃ শাহিন ইসলাম ও মোঃ ফয়সাল আহমেদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোঃ ইসমাইল সরদার, যুগ্ম সদস্য সচিব লতা বেগম এবং সাংগঠনিক সম্পাদক আসিফ সরদার।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ আংশিক আহ্বায়ক কমিটি আগামী দুই মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।

গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, বিজিবিসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের টহল অব্যাহত

বার্তা বিভাগ
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ৫:৫৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, বিজিবিসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের টহল অব্যাহত

ছবি যোগফল গোপালগঞ্জ জেলা সংবাদদাতা

সাইফুল ইসলাম ।। গোপালগঞ্জ জেলা সংবাদদাতা

গোপালগঞ্জে গতকাল(মঙ্গলবার)নানা অঘটনের পর আজ বুধবার জেলার সর্বত্র শান্ত পরিবেশ বিরাজ করছে।পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি (র‌্যাব )সহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা জেলার সর্বত্র টহল অব্যাহত রেখেছেন।সেই সাথে রয়েছে গোয়েন্দা নজরদারী।

শেষ খবর পাওয়া পর্যন্ত গতকালের(মঙ্গলবার)ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানাগেছে।

পুলিশের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে যারা সহিংস ঘটনার সাথে জড়িত কেবলমাত্র তাদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেয়া হবে। নিরীহ জনগন যাতে হয়রানীর শিকার না হয় তার দিকে খেয়াল রাখা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।তিনি জানান, এসব ঘটনায় তারা এখনো কাউকে আটক বা গ্রেফতার করেনি। তিনি আরো বলেন, গোপালগঞ্জ একটি শান্তির জেলা।অল্প কিছু সংখ্যক লোক আছে যারা পরিস্থিতি অশান্ত করতে চায়।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেলেই গোপালগঞ্জে পুলিশের পাশাপাশি ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

আওয়ামী লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত-শিবির: রাশেদ খাঁন

বার্তা বিভাগ
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ৬:২০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
আওয়ামী লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত-শিবির: রাশেদ খাঁন

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত-শিবির। দল দুটি আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে শক্ত অবস্থান না নিয়ে বরং এসব ঘটনাকে স্বাভাবিক করার চেষ্টা করছে।

একই সঙ্গে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে বিএনপি সরকারকে দুর্বল করার কৌশল নিতে পারে জামায়াত-শিবির বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।

ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও ককটেল বিস্ফোরণের দায় বিএনপি সরকারের ওপর চাপিয়ে জামায়াতে ইসলামী বিবৃতি দিয়েছে। এর মাধ্যমে দলটি আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডকে স্বাভাবিক করার চেষ্টা করছে।

রাশেদ খাঁন আরও অভিযোগ করেন, অতীতে জামায়াত-শিবিরের অনেক নেতাকর্মী গুপ্ত পরিচয়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর দাবি, আওয়ামী লীগও বর্তমানে জামায়াতের ছায়ায় থেকে রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছে। একই সঙ্গে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে জামায়াত-শিবির নিজেদের দলে জায়গা করে দিচ্ছে।

পোস্টে তিনি জামায়াত-শিবিরের আওয়ামী লীগবিরোধী অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর ভাষ্য, আওয়ামী লীগ মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করলে বিএনপি সরকার দুর্বল হবে—এমন রাজনৈতিক হিসাব থেকে জামায়াত-শিবির শক্ত অবস্থান নিচ্ছে না বলে মনে করেন তিনি।

এ ছাড়া জামায়াতের কয়েকজন নেতার সঙ্গে একটি দেশের গোয়েন্দা কর্মকর্তার বৈঠকের বিষয়টিও পোস্টে উল্লেখ করেন রাশেদ খাঁন। তাঁর দাবি, ওই বৈঠকে আওয়ামী লীগের বিরোধিতা না করে নিজেদের রাজনৈতিক ক্ষমতায় যাওয়ার কৌশল নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

পোস্টের শেষাংশে রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগের অপতৎপরতা মোকাবিলায় বিএনপি বাংলাদেশপন্থী শক্তিকে সঙ্গে নিয়ে কাজ করবে। রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে বিএনপি সরকারকে দুর্বল করার যেকোনো ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিহত করার আহ্বান জানান তিনি। এ জন্য নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি—এই তিন মাস রাজপথে প্রতিরোধ গড়ে তোলার কথাও বলেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম