খুঁজুন
advertisement
advertisement
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক, ১৪৩৩

অপতথ্য ও অপপ্রচার ঠেকাতে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

বার্তা বিভাগ
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ৬:১৩ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
অপতথ্য ও অপপ্রচার ঠেকাতে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার রোধ এবং সঠিক তথ্য প্রচারে তরুণদের সম্পৃক্ত করতে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ইয়াসের খান চৌধুরী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম বর্তমানে বিশ্বব্যাপী অত্যন্ত শক্তিশালী যোগাযোগমাধ্যম। এ মাধ্যমে যেন অপপ্রচার বা অসত্য তথ্য ছড়িয়ে না পড়ে এবং বাংলাদেশের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা না হয়, সে বিষয়ে সরকার কাজ করছে। পাশাপাশি জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ফ্যাক্টচেকিং, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন প্রতিরোধে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদেরও সম্পৃক্ত করার সুযোগ রয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কাজ করছে মন্ত্রণালয়, যাতে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে। পাশাপাশি গণমাধ্যমকে শক্তিশালী করতে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করা হচ্ছে।

দেশের সাংবাদিক ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বাড়াতে আন্তর্জাতিক সহযোগিতায় একটি প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগের কথাও জানান তিনি।

ইয়াসের খান চৌধুরী বলেন, আন্তর্জাতিকভাবে পরিচিত একটি বিদেশি সম্প্রচারমাধ্যমের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে একটি প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠা করতে পারে কি না, তা নিয়ে কথা হয়েছে। উদ্যোগটি বাস্তবায়িত হলে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও কর্মরত সাংবাদিকেরা তিন থেকে ছয় মাস মেয়াদি প্রশিক্ষণের সুযোগ পাবেন।

তিনি বলেন, এক-দুই দিনের প্রশিক্ষণের পরিবর্তে আন্তর্জাতিক মানের দীর্ঘমেয়াদি ও হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন। এতে দেশের সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়বে এবং আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করার যোগ্যতা অর্জনের সুযোগ তৈরি হবে।

নিজের পেশাগত অভিজ্ঞতা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, রাজনীতিতে আসার আগে তিনি যুক্তরাজ্যের বিবিসির আইটি ও ব্রডকাস্টিং বিভাগে দায়িত্ব পালন করেছেন। সেখানে কাজের অভিজ্ঞতা তাকে আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যমের কর্মপদ্ধতি ও পেশাগত মান সম্পর্কে ধারণা দিয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের তরুণেরা যেন দেশি-বিদেশি গণমাধ্যমে গুরুত্বপূর্ণ অবস্থানে যেতে পারেন, সেটাই তার প্রত্যাশা। শুধু গণমাধ্যম নয়, তরুণেরা যে পেশায়ই যুক্ত হোন না কেন, দক্ষতা ও যোগ্যতার মাধ্যমে ভালো অবস্থানে পৌঁছে দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

মতবিনিময়কালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক গণমাধ্যম ও সাংবাদিকতা খাতে প্রয়োগভিত্তিক গবেষণায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের সম্পৃক্ত করার প্রস্তাব দেন। গণমাধ্যম ও সাংবাদিকতার বিভিন্ন সমস্যা নিয়ে গবেষণা এবং বাস্তবভিত্তিক সমাধান খুঁজতে বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন তিনি।

সাক্ষাৎকালে শিক্ষার্থীরা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং তথ্য অধিদপ্তরের (পিআইডি) বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখার অভিজ্ঞতা তুলে ধরেন। তারা গণমাধ্যমের কার্যক্রম, সংবাদ পরিবেশন, তথ্য সংগ্রহ ও সম্প্রচার ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা জানান, তথ্য মন্ত্রণালয় ও তথ্য অধিদপ্তর পরিদর্শনের মাধ্যমে গণমাধ্যমের এমন কিছু বাস্তব বিষয় সম্পর্কে জানতে পেরেছেন, যা শ্রেণিকক্ষের পড়াশোনায় জানা সম্ভব হয় না। এ ধরনের অভিজ্ঞতা ভবিষ্যৎ পেশাগত জীবনে সহায়ক হবে বলেও তারা মনে করেন।

এ সময় শিক্ষার্থীরা সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ে গবেষণা, প্রশিক্ষণ এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

পাইকগাছায় এনসিপির কমিটি গঠন, আহ্বায়ক আমিনুল ও সদস্য সচিব নয়ন

বার্তা বিভাগ
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ৬:০২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় এনসিপির কমিটি গঠন, আহ্বায়ক আমিনুল ও সদস্য সচিব নয়ন

ছবি পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাইকগাছা উপজেলা শাখার ৮ সদস্যবিশিষ্ট নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আমিনুল ইসলামকে আহ্বায়ক এবং আব্দুল কাদের নয়নকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) এনসিপির খুলনা জেলা আহ্বায়ক মাহমুদুল হাসান ফয়জুল্লাহ ও সদস্য সচিব আরিফুজ্জামান উজ্জ্বল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ নূরজয় চিশতী, যুগ্ম আহ্বায়ক মোঃ শাহিন ইসলাম ও মোঃ ফয়সাল আহমেদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোঃ ইসমাইল সরদার, যুগ্ম সদস্য সচিব লতা বেগম এবং সাংগঠনিক সম্পাদক আসিফ সরদার।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ আংশিক আহ্বায়ক কমিটি আগামী দুই মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।

গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, বিজিবিসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের টহল অব্যাহত

বার্তা বিভাগ
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ৫:৫৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, বিজিবিসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের টহল অব্যাহত

ছবি যোগফল গোপালগঞ্জ জেলা সংবাদদাতা

সাইফুল ইসলাম ।। গোপালগঞ্জ জেলা সংবাদদাতা

গোপালগঞ্জে গতকাল(মঙ্গলবার)নানা অঘটনের পর আজ বুধবার জেলার সর্বত্র শান্ত পরিবেশ বিরাজ করছে।পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি (র‌্যাব )সহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা জেলার সর্বত্র টহল অব্যাহত রেখেছেন।সেই সাথে রয়েছে গোয়েন্দা নজরদারী।

শেষ খবর পাওয়া পর্যন্ত গতকালের(মঙ্গলবার)ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানাগেছে।

পুলিশের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে যারা সহিংস ঘটনার সাথে জড়িত কেবলমাত্র তাদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেয়া হবে। নিরীহ জনগন যাতে হয়রানীর শিকার না হয় তার দিকে খেয়াল রাখা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।তিনি জানান, এসব ঘটনায় তারা এখনো কাউকে আটক বা গ্রেফতার করেনি। তিনি আরো বলেন, গোপালগঞ্জ একটি শান্তির জেলা।অল্প কিছু সংখ্যক লোক আছে যারা পরিস্থিতি অশান্ত করতে চায়।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেলেই গোপালগঞ্জে পুলিশের পাশাপাশি ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

আওয়ামী লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত-শিবির: রাশেদ খাঁন

বার্তা বিভাগ
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ৬:২০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
আওয়ামী লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত-শিবির: রাশেদ খাঁন

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত-শিবির। দল দুটি আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে শক্ত অবস্থান না নিয়ে বরং এসব ঘটনাকে স্বাভাবিক করার চেষ্টা করছে।

একই সঙ্গে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে বিএনপি সরকারকে দুর্বল করার কৌশল নিতে পারে জামায়াত-শিবির বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।

ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও ককটেল বিস্ফোরণের দায় বিএনপি সরকারের ওপর চাপিয়ে জামায়াতে ইসলামী বিবৃতি দিয়েছে। এর মাধ্যমে দলটি আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডকে স্বাভাবিক করার চেষ্টা করছে।

রাশেদ খাঁন আরও অভিযোগ করেন, অতীতে জামায়াত-শিবিরের অনেক নেতাকর্মী গুপ্ত পরিচয়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর দাবি, আওয়ামী লীগও বর্তমানে জামায়াতের ছায়ায় থেকে রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছে। একই সঙ্গে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে জামায়াত-শিবির নিজেদের দলে জায়গা করে দিচ্ছে।

পোস্টে তিনি জামায়াত-শিবিরের আওয়ামী লীগবিরোধী অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর ভাষ্য, আওয়ামী লীগ মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করলে বিএনপি সরকার দুর্বল হবে—এমন রাজনৈতিক হিসাব থেকে জামায়াত-শিবির শক্ত অবস্থান নিচ্ছে না বলে মনে করেন তিনি।

এ ছাড়া জামায়াতের কয়েকজন নেতার সঙ্গে একটি দেশের গোয়েন্দা কর্মকর্তার বৈঠকের বিষয়টিও পোস্টে উল্লেখ করেন রাশেদ খাঁন। তাঁর দাবি, ওই বৈঠকে আওয়ামী লীগের বিরোধিতা না করে নিজেদের রাজনৈতিক ক্ষমতায় যাওয়ার কৌশল নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

পোস্টের শেষাংশে রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগের অপতৎপরতা মোকাবিলায় বিএনপি বাংলাদেশপন্থী শক্তিকে সঙ্গে নিয়ে কাজ করবে। রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে বিএনপি সরকারকে দুর্বল করার যেকোনো ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিহত করার আহ্বান জানান তিনি। এ জন্য নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি—এই তিন মাস রাজপথে প্রতিরোধ গড়ে তোলার কথাও বলেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম