খুঁজুন
advertisement
advertisement
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক, ১৪৩৩

ছাত্রলীগের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ

বার্তা বিভাগ
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ছাত্রলীগের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের  ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ

ছবি যোগফল গোপালগঞ্জ প্রতিনিধি

সাইফুল ইসলাম ।। গোপালগঞ্জ প্রতিনিধি  

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের  ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এছাড়া কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে । সংঘর্ষে পুলিশ সদস্যসহ  অন্তত ১০ জন আহত হয়েছেন।

অন্যদিকে কাশিয়ানী উপজেলার বিভিন্ন স্থানে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। পাশাপাশি গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট সেতুর পশ্চিম পাশে, বিসিক ব্রিজ, সোনাকুড় ও এলজিইডি মোড় ও বেদগ্রম-মিয়াপাড়া মোড় এলাকায় সড়ক অবরোধ করা হয়।

আজ মঙ্গলবার সকাল থেকে টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও সদর উপজেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৯টার দিকে টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা–কর্মীরা। পরে তাঁদের সঙ্গে যোগ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতা–কর্মীরা। পরে তাঁরা লগি-বৈঠা সমেত মিছিল নিয়ে চৌরঙ্গী থেকে পাটগাতী বাসস্ট্যান্ড হয়ে পাটগাতী বাজারে যান। তারা সেখানে যুবদলের কার্যালয়ের বাইরে থাকা কয়েকটি ফেস্টুন ও ব্যানার ভাঙচুর করেন। এরপর মিছিল নিয়ে আবার পাটগাতী বাসস্ট্যান্ডে ফেরার পর পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে  ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষের মধ্যে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া উচ্চবিদ্যালয় (জিটি স্কুল) সংলগ্ন সড়কে পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন দেন বিক্ষোভকারীরা। এ সময় কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। এতে গোপালগঞ্জ–পিরোজপুর সড়কে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হন। তাঁরা টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী  বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটে পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ছাত্রলীগের নেতা–কর্মীদের হামলায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাঁরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।  গোপালগঞ্জ-পিরোজপুর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে বেলা ১ টার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট সেতুর পশ্চিম পাশে, বিসিকি ব্রিজ সংলগ্ন সড়ক, সোনাকুড় ও এলজিইডি মোড়,বেদগ্রাম বিশ্বরোড এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। এ সময় লঞ্চঘাট সেতুর এক পাশে বিক্ষোভকারীরা এবং অন্য পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মুখোমুখি অবস্থান নিতে  দেখা যায়। এতে সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। বিসিক ব্রিজ এলাকার একটি টাইলসের দোকান ভাংচুর করেন বিক্ষোভকারীরা। দুপুর আড়াইটার দিকে অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

অন্যদিকে সকাল ৭টার দিকে কাশিয়ানী উপজেলার কালনা মধুমতি সেতুর টোলপ্লাজা এলাকায় অবরোধ করা হয়। একই সময় উপজেলার পোনা ও মাজড়ার মধ্যবর্তী স্থানে ঢাকা–খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন ছাত্রলীগের নেতা–কর্মীরা। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীরা সরে যান। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে গতকাল সোমবার দিবাগত রাতে কাশিয়ানীর ওড়াকান্দি ইউনিয়নের গোপালপুর এলাকায় ঢাকা–খুলনা মহাসড়ক অবরোধ করা হয়। মহেশপুর রেলস্টেশনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে  অবরোধ সমর্থকরা। এ দিন রাতে গোপালগঞ্জ শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট কার্যালয়ের দেয়াল, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

এ ছাড়া সদর উপজেলার বেদগ্রাম এলাকায় ঢাকা–খুলনা মহাসড়ক অবরোধ  করা হয়। কোটালীপাড়ায় মশালমিছিল ও ককটেল বিস্ফোরণে ঘটানো হয় । এছাড়া রাতে কোটালীপাড়ার উপজেলার বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের গেটে দুবৃত্তরা তালা ঝুলিয়ে দেয়।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ  বলেন, সোমবার  রাতের নাশকতার ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া ৭টি মোটরসাইকেল ও ১৫টি অবিস্ফোরিত ককটেল জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার  দু–একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। কিন্তু  জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলে  পুলিশ সুপার দাবি করেন।

পাইকগাছায় এনসিপির কমিটি গঠন, আহ্বায়ক আমিনুল ও সদস্য সচিব নয়ন

বার্তা বিভাগ
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ৬:০২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় এনসিপির কমিটি গঠন, আহ্বায়ক আমিনুল ও সদস্য সচিব নয়ন

ছবি পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাইকগাছা উপজেলা শাখার ৮ সদস্যবিশিষ্ট নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আমিনুল ইসলামকে আহ্বায়ক এবং আব্দুল কাদের নয়নকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) এনসিপির খুলনা জেলা আহ্বায়ক মাহমুদুল হাসান ফয়জুল্লাহ ও সদস্য সচিব আরিফুজ্জামান উজ্জ্বল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ নূরজয় চিশতী, যুগ্ম আহ্বায়ক মোঃ শাহিন ইসলাম ও মোঃ ফয়সাল আহমেদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোঃ ইসমাইল সরদার, যুগ্ম সদস্য সচিব লতা বেগম এবং সাংগঠনিক সম্পাদক আসিফ সরদার।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ আংশিক আহ্বায়ক কমিটি আগামী দুই মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।

গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, বিজিবিসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের টহল অব্যাহত

বার্তা বিভাগ
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ৫:৫৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, বিজিবিসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের টহল অব্যাহত

ছবি যোগফল গোপালগঞ্জ জেলা সংবাদদাতা

সাইফুল ইসলাম ।। গোপালগঞ্জ জেলা সংবাদদাতা

গোপালগঞ্জে গতকাল(মঙ্গলবার)নানা অঘটনের পর আজ বুধবার জেলার সর্বত্র শান্ত পরিবেশ বিরাজ করছে।পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি (র‌্যাব )সহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা জেলার সর্বত্র টহল অব্যাহত রেখেছেন।সেই সাথে রয়েছে গোয়েন্দা নজরদারী।

শেষ খবর পাওয়া পর্যন্ত গতকালের(মঙ্গলবার)ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানাগেছে।

পুলিশের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে যারা সহিংস ঘটনার সাথে জড়িত কেবলমাত্র তাদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেয়া হবে। নিরীহ জনগন যাতে হয়রানীর শিকার না হয় তার দিকে খেয়াল রাখা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।তিনি জানান, এসব ঘটনায় তারা এখনো কাউকে আটক বা গ্রেফতার করেনি। তিনি আরো বলেন, গোপালগঞ্জ একটি শান্তির জেলা।অল্প কিছু সংখ্যক লোক আছে যারা পরিস্থিতি অশান্ত করতে চায়।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেলেই গোপালগঞ্জে পুলিশের পাশাপাশি ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

আওয়ামী লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত-শিবির: রাশেদ খাঁন

বার্তা বিভাগ
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ৬:২০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
আওয়ামী লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত-শিবির: রাশেদ খাঁন

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত-শিবির। দল দুটি আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে শক্ত অবস্থান না নিয়ে বরং এসব ঘটনাকে স্বাভাবিক করার চেষ্টা করছে।

একই সঙ্গে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে বিএনপি সরকারকে দুর্বল করার কৌশল নিতে পারে জামায়াত-শিবির বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।

ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও ককটেল বিস্ফোরণের দায় বিএনপি সরকারের ওপর চাপিয়ে জামায়াতে ইসলামী বিবৃতি দিয়েছে। এর মাধ্যমে দলটি আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডকে স্বাভাবিক করার চেষ্টা করছে।

রাশেদ খাঁন আরও অভিযোগ করেন, অতীতে জামায়াত-শিবিরের অনেক নেতাকর্মী গুপ্ত পরিচয়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর দাবি, আওয়ামী লীগও বর্তমানে জামায়াতের ছায়ায় থেকে রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছে। একই সঙ্গে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে জামায়াত-শিবির নিজেদের দলে জায়গা করে দিচ্ছে।

পোস্টে তিনি জামায়াত-শিবিরের আওয়ামী লীগবিরোধী অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর ভাষ্য, আওয়ামী লীগ মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করলে বিএনপি সরকার দুর্বল হবে—এমন রাজনৈতিক হিসাব থেকে জামায়াত-শিবির শক্ত অবস্থান নিচ্ছে না বলে মনে করেন তিনি।

এ ছাড়া জামায়াতের কয়েকজন নেতার সঙ্গে একটি দেশের গোয়েন্দা কর্মকর্তার বৈঠকের বিষয়টিও পোস্টে উল্লেখ করেন রাশেদ খাঁন। তাঁর দাবি, ওই বৈঠকে আওয়ামী লীগের বিরোধিতা না করে নিজেদের রাজনৈতিক ক্ষমতায় যাওয়ার কৌশল নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

পোস্টের শেষাংশে রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগের অপতৎপরতা মোকাবিলায় বিএনপি বাংলাদেশপন্থী শক্তিকে সঙ্গে নিয়ে কাজ করবে। রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে বিএনপি সরকারকে দুর্বল করার যেকোনো ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিহত করার আহ্বান জানান তিনি। এ জন্য নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি—এই তিন মাস রাজপথে প্রতিরোধ গড়ে তোলার কথাও বলেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম