খুঁজুন
advertisement
advertisement
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক, ১৪৩৩

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ জামায়াতের ১৫ দফা দাবি

বার্তা বিভাগ
প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ৪:৪৬ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ জামায়াতের ১৫ দফা দাবি

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

দেশের তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ নিরসন, শ্রমিকদের অধিকার নিশ্চিত এবং শিল্পের স্থিতিশীলতা বজায় রাখতে দ্রুত ন্যূনতম মজুরি নির্ধারণসহ ১৫ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সংবাদ সম্মেলনে দেশের পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ, ন্যূনতম মজুরি নির্ধারণ, শিল্পপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ, একের পর এক কারখানা বন্ধ এবং লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থান অনিশ্চিত হয়ে পড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বর্তমান পরিস্থিতি কেবল শ্রমিক-মালিক বিরোধের বিষয় নয়; এটি দেশের শিল্প উৎপাদন, রপ্তানি বাণিজ্য, বৈদেশিক মুদ্রা অর্জন এবং জাতীয় অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ সংকট।

তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষা, যাতায়াত এবং বিদ্যুৎ-গ্যাসের ব্যয় বাড়লেও শ্রমিকদের আয় ও জীবনমানের কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। ফলে একজন শ্রমিকের মাসিক আয়ে নিজের ও পরিবারের মৌলিক চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় শ্রমিকরা ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন।

তিনি আরও বলেন, শ্রমিকের ন্যায্য মজুরি কোনো অনুগ্রহ নয়, এটি তার অধিকার। শ্রমিকের জীবনমান উপেক্ষা করে শিল্পের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব নয়।

ছয় সদস্যের মজুরি বোর্ডের প্রথম সভার প্রসঙ্গ তুলে জামায়াতের এই নেতা বলেন, শ্রমিকদের প্রকৃত জীবনযাত্রার ব্যয়, বাজারদর, পরিবারের সদস্যসংখ্যা ও মৌলিক চাহিদা বিবেচনায় নিয়ে বোর্ড নিরপেক্ষ ও গ্রহণযোগ্য সুপারিশ দেবে বলে তারা আশা করেন। শ্রমিকদের কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করে দ্রুত ন্যূনতম মজুরি ঘোষণা এবং ২০২৭ সালের জানুয়ারি থেকে তা কার্যকর করার দাবি জানান তিনি।

শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়ে শিল্পপ্রতিষ্ঠানে ভাঙচুর, অগ্নিসংযোগ, যানবাহনে হামলা ও উৎপাদন ব্যাহত করার মতো কর্মকাণ্ডের নিন্দা জানান মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, কারখানা ধ্বংস করে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করা যায় না। এতে শ্রমিকরা কর্মসংস্থান হারান, মালিকেরা বিনিয়োগ হারান এবং ক্ষতিগ্রস্ত হয় জাতীয় অর্থনীতি।

চলমান শ্রম অসন্তোষকে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিকলীগসহ রাজনৈতিক স্বার্থান্বেষী কোনো মহল উসকানি বা নাশকতার চেষ্টা করছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খুঁজে বের করার দাবি জানান তিনি। একই সঙ্গে শ্রমিকদের আন্দোলন দমনের নামে হয়রানি, নির্যাতন ও গণগ্রেপ্তার বন্ধের আহ্বান জানান।

গাজীপুরে পোশাকশ্রমিক তৌফিক শেখের মৃত্যুর ঘটনাও নিরপেক্ষ তদন্তের দাবি জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, কী কারণে তার মৃত্যু হয়েছে, কারা দায়ী এবং কোন পরিস্থিতিতে এ ঘটনা ঘটেছে, তা তদন্তের মাধ্যমে জাতির সামনে তুলে ধরতে হবে। দায়ীদের আইনের আওতায় আনার পাশাপাশি আহত শ্রমিকদের সুচিকিৎসা এবং নিহত ও আহতদের পরিবারকে যথাযথ সহায়তা দিতে হবে।

পোশাকশিল্পের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বিজিএমইএ ও সংশ্লিষ্ট শিল্প সূত্রের তথ্য অনুযায়ী, সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ ও মিরপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে সহস্রাধিক কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে। শত শত কারখানা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। এতে হাজার হাজার শ্রমিক কাজে যোগ দিতে পারেননি।

এ ছাড়া গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে সাম্প্রতিক সময়ে শতাধিক পোশাক কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়েছে এবং প্রায় ৬২ হাজার শ্রমিক কর্মসংস্থান হারিয়েছেন বলে দাবি করেন তিনি। এ পরিস্থিতি অব্যাহত থাকলে বিদেশি ক্রয়াদেশ বাতিল, পণ্য সরবরাহে ব্যর্থতা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সরকারের প্রতি জামায়াতের ১৫ দফা দাবি:

1. শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি ও মৌলিক চাহিদা বিবেচনায় নিয়ে পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণ এবং ২০২৭ সালের জানুয়ারি থেকে কার্যকর করতে হবে।

2. গাজীপুরে নিহত শ্রমিক তৌফিক শেখের মৃত্যুর নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে। আহত শ্রমিকদের চিকিৎসা ও নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।

3. কারখানা ও যানবাহনে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও নাশকতায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

4. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে শ্রমিকদের ওপর অযাচিত বলপ্রয়োগ, নির্যাতন, হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন বন্ধ করতে হবে।

5. গ্রেপ্তার হওয়া নিরপরাধ শ্রমিক ও শ্রমিক নেতাদের মুক্তি দিতে হবে এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে।

6. রাজনৈতিক বা দলীয় পরিচয়ে সাধারণ শ্রমিকদের ওপর হামলা, নির্যাতন ও হয়রানি বন্ধ করতে হবে।

7. শ্রমিক, কারখানা, শিল্পপ্রতিষ্ঠান ও যানবাহনের নিরাপত্তায় শিল্পাঞ্চলে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে হবে।

8. সরকার, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে অবিলম্বে কার্যকর সংলাপের আয়োজন করতে হবে।

9. শ্রমিকদের আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করতে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ বা অন্য কোনো মহলের উসকানি ও নাশকতার চেষ্টা থাকলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তা প্রতিরোধ করতে হবে।

10. বন্ধ কারখানাগুলো দ্রুত চালু করে শ্রমিকদের নিরাপদ ও স্বাভাবিক কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।

11. অন্যায় ও বেআইনিভাবে শ্রমিক ছাঁটাই বন্ধ করতে হবে। কালো তালিকাভুক্ত শ্রমিকদের বিষয়টি পর্যালোচনা করে পুনরায় কাজের সুযোগ দিতে হবে।

12. শ্রমিকদের বকেয়া বেতন, ভাতা, ওভারটাইম ও অন্যান্য আইনগত পাওনা দ্রুত পরিশোধ করতে হবে।

13. শ্রমিকদের জীবনমান উন্নয়নে ন্যায্যমূল্যে খাদ্যসামগ্রী সরবরাহের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। পাশাপাশি স্বাস্থ্যসেবা, আবাসন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ করতে হবে।

14. নারী শ্রমিকদের জন্য স্বাস্থ্যকর ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।

15. পোশাকশিল্প, শ্রমিকদের চাকরি, মালিকদের বিনিয়োগ ও জাতীয় অর্থনীতি রক্ষায় শ্রমিক-মালিকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন, শ্রমিক হত্যার সুষ্ঠু বিচার, নিরপরাধ শ্রমিকদের মুক্তি এবং বন্ধ কারখানাগুলো চালুর কার্যকর উদ্যোগ নিতে হবে। মালিকদেরও শ্রমিকদের প্রতিপক্ষ নয়, বরং শিল্পের অপরিহার্য অংশীদার হিসেবে বিবেচনা করার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির মাওলানা আনম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

গাজীপুরের বাসনে এক নারী'র মরদেহ উদ্ধার করে পুলিশ

বার্তা বিভাগ
প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, ৯:২২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গাজীপুরের বাসনে এক নারী'র মরদেহ উদ্ধার করে পুলিশ

প্রতীকী ছবি

মাহবুবুর রহমান | গাজীপুর 

গাজীপুর মহানগরের ১৮ নম্বর ওয়ার্ডের নলজানি মধ্যপাড়া গ্রামে শাহিদা বেগম (নাম) নামে এক ভাড়াটিয়া নারী খুন হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বাসন থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন।

নিহত শাহিদা বেগম আব্দুল মতিন নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। পাশাপাশি অবস্থিত ‘রাবেয়ার মা টেইলার্স’ নামের একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন তিনি।

স্থানীয় ও আশপাশের ভাড়াটিয়াদের সূত্রে জানা যায়, নিহতের স্বামী পেশায় একজন রিকশাচালক। তিনি দুই সন্তানের জননী। তাঁর গ্রামের বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে।

স্থানীয়দের ধারণা, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে হত্যাকাণ্ডটি ঘটে। নিহতের পিঠে আঘাতের চিহ্ন দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পাশের কক্ষের এক ভাড়াটিয়া প্রথমে দরজা খুলে মরদেহ দেখতে পান।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বাসন থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বাড়ির সংশ্লিষ্ট কক্ষটি ঘিরে রাখেন। তদন্তের স্বার্থে সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বাইরে উৎসুক জনতার ভিড় দেখা গেছে।

পুলিশ মরদেহ উদ্ধারের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান করছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

নোয়াখালীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

বার্তা বিভাগ
প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নোয়াখালীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

ছবি যোগফল

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় মো.সামির (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১টার দিকে সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দিঘিরপাড় পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামির ওই এলাকার উত্তরপাড়ার বাহাদুরের বাড়ির মো.সোহাগের ছেলে।  

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে সামির বাড়ির পাশের দিঘিরপাড় পাকা সড়ক দিয়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগতিতে আসা একটি অটোরিকশার সঙ্গে তার ধাক্কা লাগে। এতে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহজাহান কামাল বলেন, ঘটনার পরপরই অটোরিকশা পালিয়ে যায়। কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণিত অলিম্পিয়াড

বার্তা বিভাগ
প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণিত অলিম্পিয়াড

ছবি যোগফল

সাইফুল ইসলাম ।।  গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জাতীয় গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গণিত সমিতি ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের বরিশাল অঞ্চল পর্ব আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীত পরিবেশন, বেলুন উড্ডয়ন ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করার মধ্য দিয়ে অলিম্পিয়াডের উদ্বোধন করেন গোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান।

প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে সারাদেশকে ৮ টি অঞ্চলে ভাগ করা হয়েছে। যেখানে বরিশাল অঞ্চলের ১১টি জেলার ৪টি পাবলিক ও ৫টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং ১৭টি সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়ে বরিশাল পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশ নিতে মোট ১৪০ জন শিক্ষার্থী নিবন্ধন করে।

এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা চলে অলিম্পিয়াড পরীক্ষা। মূল্যায়ন শেষে বিকেল ৩টায় ফল প্রকাশ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বরিশাল পর্বের এই গণিত অলিম্পিয়াড আয়োজনে কনভেনরের দায়িত্ব পালন করে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মিনারুল ইসলাম।

অলিম্পিয়াডে বাংলাদেশ গণিত সমিতির ভাইস প্রেসিডেন্ট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মাহতাব উদ্দিন আহাম্মদ, উত্তরা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. শাহানশাহ্ খান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. বিজন কৃষ্ণ সাহা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদুর রহমান, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন ও সরকারি ব্রজমোহন কলেজের সহযোগী অধ্যাপক গৌতম কুমার সাহা উপস্থিত ছিলেন।

গণিত অলিম্পিয়াডের কনভেনর অধ্যাপক ড. মুহাম্মদ মিনারুল ইসলাম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জাতীয় গণিত অলিম্পিয়াড আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই আয়োজনে আমরা সবার সহযোগিতা পেয়েছি। আশা করছি এই ধারাবাহিকতা বজায় রেখে আগামীতে আরো বড় পরিসরে আমরা গণিত উৎসব করতে পারবো।

উদ্বোধক অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান বাংলাদেশ গণিত সমিতি ও আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, মেধার বিকাশের জন্য গণিত চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার অন্যতম প্লাটফর্ম এই গণিত অলিম্পিয়াড। কেননা এর মধ্য দিয়ে জাতীয় পর্যায়ে সেরা মেধাবীদের বাছাই করা হয় এবং পরবর্তী সময়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দেশের প্রতিনিধি নির্বাচন করা হয়। 

তাই গণিতের আলোড়ন সৃষ্টির জন্য এই অলিম্পিয়াড যে অনবদ্য ভূমিকা পালন করে যাচ্ছে, তা বলার অবকাশ থাকে না।