খুঁজুন
advertisement
advertisement
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ, ১৪৩৩

গোপালগঞ্জে আপাতত চালু হচ্ছে না ট্রেন, বন্ধ থাকবে দুই থানা ও সরকারি বরাদ্দ

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ১:৩৬ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জে আপাতত চালু হচ্ছে না ট্রেন, বন্ধ থাকবে দুই থানা ও সরকারি বরাদ্দ

ছবির ক্যাপশন

যোগফল প্রতিবেদক:

নাশকতার আশঙ্কা ও নিরাপত্তাঝুঁকি বিবেচনায় গোপালগঞ্জে বন্ধ থাকা ট্রেন চলাচল আপাতত চালু হচ্ছে না। একই সঙ্গে পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রমও নিজস্ব ভবনে ফিরতে আরও সময় লাগবে। এদিকে জেলার বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য সরকারি বরাদ্দের তৃতীয় কিস্তির অর্থ ছাড় স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সংশ্লিষ্ট সরকারি সূত্র জানিয়েছে, গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর থেকে জেলার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিচ্ছে না সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রমও এখনই নিজস্ব ভবনে ফিরছে না। স্থানীয় বাসিন্দারা থানা দুটির কার্যক্রম চালুর দাবি জানালেও সংস্কার ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিতে হচ্ছে। বর্তমানে থানা দুটির কার্যক্রম গোপালগঞ্জ সদর থানা থেকে পরিচালিত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ভবন সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী বলেন, ট্রেন যোগাযোগ চালুর বিষয়টি রেলপথ মন্ত্রণালয় দেখবে। পুড়ে যাওয়া দুই থানার পুলিশ সদস্যরা গোপালগঞ্জেই কর্মরত রয়েছেন। তবে থানা দুটির কার্যক্রম কবে নাগাদ পুনরায় চালু হবে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু জানাননি।

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির বলেন, পুড়ে যাওয়া থানা দুটির সংস্কারকাজ এখনো শুরু হয়নি। এতে কিছুটা সময় লাগবে। ট্রেন চলাচলও বন্ধ রয়েছে। এ সেবা চালু হতেও সময় লাগবে।

স্থগিত থাকবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বরাদ্দ

গোপালগঞ্জে আপাতত বিভিন্ন সরকারি বরাদ্দ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের একাধিক সূত্র জানিয়েছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে দেওয়া অর্থসহায়তার তৃতীয় কিস্তি গোপালগঞ্জে ছাড় করা হবে না।

সাধারণত এসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানে চার কিস্তিতে অর্থ বরাদ্দ দেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, জানুয়ারি থেকে মার্চ মেয়াদের কিস্তির অর্থ ছাড় আপাতত বন্ধ থাকবে। ফলে জেলার বিভিন্ন উন্নয়ন ও স্থানীয় পর্যায়ের কার্যক্রমে এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

১৫ নভেম্বরের ঘটনার পর বন্ধ রেল যোগাযোগ

গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) পুড়িয়ে দেওয়া হয় এবং পুলিশ বক্সে ভাঙচুর চালানো হয়। পাশাপাশি জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ভাঙচুরের ঘটনা ঘটে।

পরে বিএনপির স্থানীয় তিন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ এবং দুটি থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে ১৫ নভেম্বর থেকে গোপালগঞ্জের সঙ্গে অন্যান্য জেলার ট্রেন যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়।

এরপর ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানা এবং ১৯ নভেম্বর মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়া হয়। সেই থেকে থানা দুটির স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে।

এতে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। স্থানীয় বাসিন্দারা থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) ও মামলা করার ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হচ্ছেন।

এদিকে ২৩ নভেম্বর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরের পুরোনো লঞ্চঘাট এলাকার গোলচত্বরে সংঘর্ষ হয়। এতে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হন।

সরকারের অবস্থান বলপ্রয়োগ না করা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, ভবিষ্যতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো কর্মসূচিতে সরকার বলপ্রয়োগ করবে না। এমনকি কোনো ধরনের মারণাস্ত্রও ব্যবহার করা হবে না বলে সরকারের অবস্থান রয়েছে।

ওই কর্মকর্তা জানান, আবারও গাছ কেটে সড়ক অবরোধ কিংবা কারও বাড়িঘরে হামলার ঘটনা ঘটলেও সরকারের অবস্থানে পরিবর্তন আসবে না।

দিনে চলত পাঁচটি ট্রেন

রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জে প্রতিদিন পাঁচটি ট্রেন চলাচল করত। এর মধ্যে ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ সকাল ৬টায় গোপালগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যেত এবং রাত সাড়ে ১০টার মধ্যে ফিরে আসত।

‘অভিযাত্রী কমিউটার’ ঢাকা থেকে গোপালগঞ্জে চলাচল করত। ‘রূপসী বাংলা’ ঢাকা থেকে গোপালগঞ্জের কাশিয়ানী হয়ে যশোরের বেনাপোল পর্যন্ত এবং ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ঢাকা থেকে কাশিয়ানী হয়ে খুলনা পর্যন্ত চলাচল করত। এ ছাড়া ‘ভাটিয়াপাড়া এক্সপ্রেস’ ফরিদপুরের ভাঙ্গা থেকে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া রেলস্টেশন পর্যন্ত যাতায়াত করত। গত ১৫ নভেম্বর থেকে এসব ট্রেনের চলাচল বন্ধ রয়েছে।

ট্রেন বন্ধ থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিয়মিত যাত্রীরা। বাসের তুলনায় ট্রেনে যাতায়াতে সময় ও খরচ কম হওয়ায় অনেকেই এ সেবার ওপর নির্ভরশীল ছিলেন। বিশেষ করে ঢাকাগামী যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপালগঞ্জে ট্রেন চলাচল পুনরায় চালুর বিষয়ে রেলপথ মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে নিরাপত্তাঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে আপাতত ট্রেন চালু না করার পরামর্শ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের আশঙ্কা, আগামী মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে আবারও হামলা, ভাঙচুর কিংবা সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে। তাই সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল ও থানা দুটির কার্যক্রম চালুর সম্ভাবনা কম।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

চৌদ্দগ্রামে এনসিপি নেতার ব্যানার লাগাতে গিয়ে তিনতলা থেকে পড়ে যুবক আহত

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
চৌদ্দগ্রামে এনসিপি নেতার ব্যানার লাগাতে গিয়ে তিনতলা থেকে পড়ে যুবক আহত

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিবের ব্যানার লাগাতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মো. হোসেন নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ধোড়করা বাজারের কাজী শহীদ মার্কেটে এ দুর্ঘটনা ঘটে। আহত হোসেন পাশের নোয়াপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ধোড়করা বাজারের চিওড়া-ঢালুয়া সড়কের পাশে অবস্থিত কাজী শহীদ মার্কেটের তৃতীয় তলায় রশি দিয়ে এনসিপি নেতা সালাউদ্দিন খান রাজিবের একটি ব্যানার লাগানোর চেষ্টা করছিলেন হোসেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে তিনি নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এ বিষয়ে বুধবার চৌদ্দগ্রাম উপজেলা এনসিপির সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম না। দুর্ঘটনার খবর পাওয়ার পর দ্রুত তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তাকে ঢাকার জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চলছে।’

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

মেহেরপুর সীমান্তে তিন মাসে সাড়ে ৫ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ৬:১৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
মেহেরপুর সীমান্তে তিন মাসে সাড়ে ৫ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী সীমান্তে মাত্র তিন মাসে ৫ কোটি ৭৯ লাখ ৫০ হাজার ৬১ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে ১৭ জনকে আটক করা হয়েছে।

বিজিবির যশোর রিজিয়নের আওতাধীন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) গত সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত প্রায় তিন মাসে মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্ত এলাকায় বিভিন্ন অভিযান চালিয়ে এসব মাদক ও চোরাচালানি পণ্য আটক করে।

আটক মালামালের মধ্যে রয়েছে ৯৪ দশমিক ২৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি, দুটি আগ্নেয়াস্ত্র, দুটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি। এ ছাড়া ৯৩৪ বোতল বিদেশি মদ, ৯৪০ বোতল ফেনসিডিল, ১১২ কেজি ৬০৮ গ্রাম গাঁজা, ১২ গ্রাম হেরোইন, ১১৯ পিস ইয়াবা এবং ১ লাখ ৩২ হাজার ১৩ পিস বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। একই অভিযানে ৯ হাজার ২৫০ কেজি সারসহ অন্যান্য চোরাচালানি পণ্য আটক করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মানবপাচার ও অবৈধ পারাপার প্রতিরোধে টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ নজরদারির পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্তবর্তী জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বাড়াতে নিয়মিত মতবিনিময় ও জনসচেতনতামূলক কার্যক্রমও চালানো হচ্ছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে ব্যাটালিয়নের সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার ও চোরাচালানসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সবসময় প্রস্তুত রয়েছে। সীমান্ত অপরাধ দমনে স্থানীয় জনগণ, প্রশাসন ও সাংবাদিক সমাজের সহযোগিতাও কামনা করেন তিনি।

এদিকে, বুধবার (২৫ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গত সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত যশোর বিজিবি রিজিয়নের কুষ্টিয়া ও খুলনা সেক্টরের সাতটি ব্যাটালিয়ন সীমান্তে অভিযান চালিয়ে ১৫৯ জন আসামিসহ ৯০ কোটি ৬৯ লাখ ৭৭ হাজার ৭৭৮ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি মালামাল আটক করেছে।

আটক মালামালের মধ্যে রয়েছে ৯ দশমিক ৫৩৮৮ কেজি স্বর্ণ, পাঁচটি আগ্নেয়াস্ত্র, ছয় রাউন্ড গুলি, ৯৪ দশমিক ২৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি, ৩ হাজার ৭০৮ বোতল বিদেশি মদ, ৮ দশমিক ৭৭১ কেজি হেরোইন, ২১৮ দশমিক ৮৯ কেজি গাঁজা, ৭৭ হাজার ৫২৮ পিস ইয়াবা, ১ হাজার ৬০৩ বোতল ফেনসিডিল, ৭ দশমিক ০৯৭ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২২ হাজার ৯৬২ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ৩ লাখ ২৭ হাজার ৯২৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট।

বিজিবি আরও জানায়, কুষ্টিয়া থেকে সাতক্ষীরার সুন্দরবন পর্যন্ত প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সাতটি ব্যাটালিয়নের সদস্যরা সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ৬:১০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

ছবি সুনামগঞ্জ জেলা সংবাদদাতা

আমির হোসাইন । সুনামগঞ্জ জেলা সংবাদদাতা

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাহিরপুর উপজেলা শাখার যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর ২০২৬) বেলা ২টায় তাহিরপুর বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাহিরপুর উপজেলা শাখার সভাপতি এইচ কে এম মুহিবুর রহমান মহিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ সামছুজ্জামান তালুকদারের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি হাফিজ শেখ রফিকুল ইসলাম হাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাহিরপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক কে এম মামুনুর রশীদ।

সম্মেলনে বক্তারা যুবসমাজকে ইসলামী আদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনের শেষ পর্যায়ে প্রধান অতিথি ২০২৭-২০২৮ সেশনের জন্য ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাহিরপুর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেন। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে হাফেজ সামছুজ্জামান তালুকদার, সহ-সভাপতি হিসেবে হাফেজ কবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সম্পাদক হিসেবে কে এম মাজহারুল ইসলাম মাজহারকে দায়িত্ব প্রদান করা হয়।

নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়ন এবং তাহিরপুর উপজেলার যুবসমাজকে ইসলামী মূল্যবোধে উজ্জীবিত করতে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।