ঢাবির ৬ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা, বহিষ্কার ২
যোগফল প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক মাকসুদ কামালসহ ছয় শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। এর মধ্যে দুই শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও কর্মস্থলে যোগ না দেওয়ায় সাবেক উপাচার্যসহ দুই শিক্ষককে সাত কর্মদিবসের মধ্যে রেজিস্ট্রারের কাছে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জুলাই অভ্যুত্থানে ভূমিকা ও অসদাচরণের অভিযোগে আরও দুই শিক্ষকের বিরুদ্ধে চার্জশিট গঠনের সিদ্ধান্ত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।
সাময়িক বহিষ্কৃত দুই শিক্ষক হলেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মুশফিকুর রহমান এবং আইন বিভাগের প্রভাষক আজহার উদ্দিন ভূঁইয়া। অনুমতি ছাড়া দেশের বাইরে অবস্থান করায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী জানান, বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ওই দুই শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাদের বিষয়ে দুটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
অন্যদিকে, ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও কর্মস্থলে যোগ না দেওয়ায় সাবেক উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল ও আইন বিভাগের প্রভাষক শাহরিমা তানজিন অর্নিকে সাত কর্মদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে সশরীরে হাজির হয়ে রিপোর্ট করার নির্দেশ দিয়েছে সিন্ডিকেট।
এ বিষয়ে উপ-উপাচার্য বলেন, তাদের অবস্থান সম্পর্কে সংশ্লিষ্ট বিভাগকে জানাতে বলা হয়েছিল। তবে বিভাগ তাদের অবস্থান জানাতে পারেনি। এ কারণে সিন্ডিকেট তাদের সশরীরে রেজিস্ট্রারের কাছে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।
এছাড়া জুলাই অভ্যুত্থানের সময়কার ভূমিকা, শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক শবনম জাহান ও মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক কামাল উদ্দিনের বিরুদ্ধে চার্জশিট গঠনের সিদ্ধান্ত হয়েছে।
উপ-উপাচার্য জানান, ওই দুই শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছিল। কমিটি অভিযোগের সত্যতা পেয়েছে। এ কারণে পরবর্তী সিন্ডিকেট সভায় তাদের বিরুদ্ধে চার্জশিট গঠন করা হবে।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন