ইরান যুদ্ধ বন্ধ চান ৫৫% মার্কিন ভোটার
ছবি: সংগৃহীত
যোগফল প্রতিবেদক:
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধের পক্ষে মত দিয়েছেন যুক্তরাষ্ট্রের ৫৫ শতাংশ ভোটার। এমনকি যুদ্ধ বন্ধের শর্ত যুক্তরাষ্ট্রের অনুকূলে না হলেও সংঘাতের অবসান চান তারা। ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড ও গবেষণা প্রতিষ্ঠান ইপসোসের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
জরিপ অনুযায়ী, যুদ্ধ অবিলম্বে বন্ধের পক্ষে মত দিয়েছেন ৮০ শতাংশ ডেমোক্র্যাট ও ৫৯ শতাংশ স্বতন্ত্র ভোটার। তবে রিপাবলিকান ভোটারদের মধ্যে এ হার ২৫ শতাংশ।
অন্যদিকে, ২১ শতাংশ মার্কিন ভোটার বর্তমান সামরিক কৌশল অব্যাহত রাখার পক্ষে মত দিয়েছেন। আর ১৮ শতাংশ চান ইরানের বিরুদ্ধে যুদ্ধ আরও জোরদার করা হোক।
যুদ্ধ বন্ধে মার্কিন প্রশাসনের ওপর চাপ সৃষ্টির উদ্যোগেও ডেমোক্র্যাট ভোটারদের সমর্থন রয়েছে। তাদের ৫৩ শতাংশ ইরানে সামরিক অভিযানের জন্য কংগ্রেসের অর্থায়ন বন্ধের পক্ষে। এছাড়া ৫১ শতাংশ আসন্ন বাজেট আলোচনায় ইরান যুদ্ধের জন্য বরাদ্দ আটকে দেওয়ার পক্ষে মত দিয়েছেন। প্রয়োজনে এতে সরকারের অচলাবস্থা তৈরি হলেও তারা এই অবস্থানে থাকতে চান।
জরিপের প্রধান গবেষক শিবলি তেলহামি বলেন, যুদ্ধের বিরোধিতা এবং অবিলম্বে যুদ্ধ বন্ধের পক্ষে জনমত থাকলেও যেকোনো শর্তে যুদ্ধ বন্ধের পক্ষে এত ব্যাপক সমর্থন থাকবে, তা তারা ধারণা করেননি।
যুদ্ধের যৌক্তিকতা নিয়েও মার্কিন ভোটারদের মধ্যে সংশয় রয়েছে। জরিপে মাত্র ২৮ শতাংশ মনে করেন, এই যুদ্ধের ফলে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার ক্ষেত্রে ইরান দুর্বল অবস্থানে পড়েছে।
এদিকে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েও মার্কিন ভোটারদের মধ্যে ভিন্ন ধারণা রয়েছে। জরিপে ৩৫ শতাংশ মনে করেন, প্রণালিটির নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে। বিপরীতে মাত্র ১২ দশমিক ৭ শতাংশ ভোটারের ধারণা, এর নিয়ন্ত্রণ রয়েছে যুক্তরাষ্ট্রের হাতে।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন