শ্রীপুরে শ্রমিক আন্দোলনে ১৩ কারখানা ছুটি, মহাসড়কে টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড
ছবির ক্যাপশন
যোগফল প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যে রোববার (২২ নভেম্বর) প্রায় ১৩টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন সকালে শ্রমিকেরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শিল্প পুলিশ, শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সোয়া ৯টার দিকে শ্রীপুর পৌরসভার বৈরাগীরচালা এলাকার আমান টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে কারখানার ভেতরে শান্তিপূর্ণ কর্মবিরতি শুরু করেন। পরে কর্তৃপক্ষ শ্রমিকদের কাজে ফেরানোর চেষ্টা করে ব্যর্থ হলে সকাল সাড়ে ১০টার দিকে কারখানাটি ছুটি ঘোষণা করে।
এরপর আশপাশের আরও কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা একত্র হয়ে মিছিল নিয়ে গড়গড়িয়া মাস্টারবাড়ির দিকে যেতে থাকেন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
পরে শ্রমিকেরা মিছিল নিয়ে আশপাড়া মোড়ের দিকে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশের বাধা অতিক্রম করে শ্রমিকেরা আনসার রোডের দিকে এগোতে থাকলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে। এ সময় শ্রমিকেরা আনসার রোডের ভেতরের দিকে চলে যান।
পরে গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির সদস্যরা মহাসড়কে অবস্থান নেন। এ সময় শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে সড়কের পাশ দিয়ে মিছিল করে আনসার রোডের দিকে এগিয়ে যান।
একপর্যায়ে আশপাড়া মোড়ের সাবলাইন পোশাক কারখানার সামনে অবস্থান নেন শ্রমিকেরা। সেখানে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে। পরে শ্রমিকেরা ১ নম্বর সিএন্ডবি বাজার এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করলে সেখানেও পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে।
শ্রমিকেরা জানান, আগামী ২৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে তাদের মজুরি বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। ওই সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তারা কাজে যোগ দেবেন না।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, শ্রমিক আন্দোলনের কারণে শ্রীপুরের প্রায় ১৩টি পোশাক কারখানা রোববারের জন্য ছুটি ঘোষণা করেছে। কারখানাগুলো হলো—বৈরাগীরচালা এলাকার আমান টেক্সটাইল লিমিটেড, দক্ষিণ ভাংনাহাটি এলাকার হ্যামস গার্মেন্টস লিমিটেড ও রাতুল অ্যাপারেলস লিমিটেড, গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকার ডেনিমেক গার্মেন্টস লিমিটেড, ফখরুদ্দিন টেক্সটাইল লিমিটেড ও মেঘনা গার্মেন্টস, গিলারচালা এলাকার সাবলাইন গার্মেন্টস, ভিন্টেজ ডেনিম লিমিটেড ও প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড, আনসার রোড এলাকার সাসটেইনেবল ওয়েপ প্রসেসিং প্ল্যান্ট, বরমী ইউনিয়নের গাড়ারণ গ্রামের আরবেলা ফ্যাশন লিমিটেড, বহেরারচালা এলাকার তাকওয়া ফ্যাশন লিমিটেড এবং শ্রীপুর সড়কের নতুন বাজার এলাকার এমএইচসি অ্যাপারেলস লিমিটেড।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সফিউল বলেন, শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন