মতলব উত্তরে পৃথক ঘটনায় ব্যক্তি ও কিশোরীর মরদেহ উদ্ধার
ছবির ক্যাপশন
যোগফল প্রতিবেদক:
চাঁদপুরের মতলব উত্তরে পৃথক ঘটনায় দীপক মন্ডল (৪৫) নামে এক ব্যক্তি ও ফাহিমা আক্তার (১৪) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ও সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পৃথক ঘটনায় একজন কীটনাশকজাতীয় ট্যাবলেট সেবন করে এবং অন্যজন গলায় ফাঁস দিয়ে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের তিতারকান্দি গ্রামের নিজ বাড়ির শয়নকক্ষে দীপক মন্ডল অসুস্থ হয়ে পড়েন। পরে তার মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মৃত মনোরঞ্জন মণ্ডলের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, দীপক মন্ডল পারিবারিকভাবে ঋণগ্রস্ত ছিলেন। ঋণের বোঝা সামলাতে না পেরে মানসিকভাবে হতাশ হয়ে তিনি কীটনাশকজাতীয় কেরির ট্যাবলেট সেবন করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
অন্যদিকে, রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পূর্ব ফতেপুর ইউনিয়নের দক্ষিণ লুধুয়া গ্রামের নিজ বাড়ির শয়নকক্ষে ফাহিমা আক্তার (১৪) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের সায়েদ আলী কারির মেয়ে।
পুলিশ ও পরিবারের বরাত দিয়ে জানা যায়, ফাহিমা মোবাইল ফোনে টিকটক করত। তার ব্যবহৃত ফোনটি নষ্ট হয়ে যাওয়ায় নতুন মোবাইল কিনে দেওয়ার জন্য বাবা-মায়ের কাছে আবদার করেছিল। পরিবারের পক্ষ থেকে পরে মোবাইল কিনে দেওয়ার কথা বলা হলেও বিলম্ব হওয়ায় সে হতাশ হয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, পৃথক দুটি ঘটনায় দুজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে দুজনের মৃত্যুই আত্মহত্যা বলে জানা গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন