আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখলে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
নিজ দলের কেউ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের পাবলিক হলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
এম ইকবাল হোসেইন বলেন, দল, দেশ ও সরকার তাদের। দেশের শান্তি বজায় রাখতে সবাইকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তবে দলের অনেকের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পর্ক রয়েছে এবং কেউ কেউ তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, দলের কেউ আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখলে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কঠোরভাবে দমন করা হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিসেম্বর পর্যন্ত পাড়া-মহল্লায় পাহারা দেওয়া হবে। কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, নিজ নিজ এলাকায় আওয়ামী লীগকে সতর্কবার্তা দিয়ে প্রত্যেক বাজারে মিছিল করতে হবে। কোনো ঘটনা ঘটলে জড়িত ব্যক্তিদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করতে হবে। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। বরং আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহিদ। সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সদস্যসচিব আব্দুর রহমান বাবুল।
এ সময় বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট নূরুল হক, আব্দুস সোবহান সুলতান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীরসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন