খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

ধর্মীয় পরিচয়ের কারণে সিরাজকে বাদ দেওয়ার অভিযোগ, তীব্র বিতর্কে ভারতীয় দল

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১:৪১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ধর্মীয় পরিচয়ের কারণে সিরাজকে বাদ দেওয়ার অভিযোগ, তীব্র বিতর্কে ভারতীয় দল

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টের একাদশ থেকে মোহাম্মদ সিরাজকে বাদ দেওয়ায় সমালোচনার মুখে পড়েছে ভারতীয় দল। চারজন পেসার খেলিয়েও অভিজ্ঞ এই বোলারকে একাদশে না রাখায় সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ধারাভাষ্যকাররাও প্রশ্ন তুলেছেন। এর মধ্যেই কংগ্রেসের এক সংসদ সদস্য অভিযোগ করেছেন, ধর্মীয় পরিচয়ের কারণে সিরাজকে বাদ দেওয়া হয়েছে কি না।

শুক্রবার (২১ নভেম্বর) কংগ্রেস সংসদ সদস্য ইমরান মাসুদ এ অভিযোগ তোলেন। তার দাবি, ভালো পারফরম্যান্সের পরও নামের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে জায়গা পাননি সিরাজ। তবে নিজের এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি তিনি।

বার্তা সংস্থা এএনআইকে ইমরান মাসুদ বলেন, ‘বলা হচ্ছে, ভালো পারফরম্যান্স সত্ত্বেও তাকে দলে জায়গা দেওয়া হয়নি। তার নাম সিরাজ। সেই কারণেই তাকে জায়গা দেওয়া হয়নি। ভালো খেলার পরও যদি তাকে বাছাই করা না হয়, তাহলে বৈষম্য স্পষ্ট।’

বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের সবচেয়ে সফল বোলারদের একজন সিরাজ। এই চক্রে তার শিকার ৪৩ উইকেট। সাম্প্রতিক সময়ে ভারতের দুটি গুরুত্বপূর্ণ জয়ে বল হাতে বড় ভূমিকা রেখেছেন তিনি।

২০২৪-২৫ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফিতে পাঁচ টেস্টে ২০ উইকেট নেন সিরাজ। বল করেন ১৫৭.১ ওভার। অন্যদিকে, অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে জসপ্রীত বুমরাহ মাত্র তিনটি ম্যাচ খেলেন। সে সময় ভারতীয় বোলিং আক্রমণের নেতৃত্ব দেন সিরাজ। পাঁচ টেস্টে তার শিকার ছিল ২৩ উইকেট।

দক্ষিণ আফ্রিকার মাটিতেও ভালো পারফরম্যান্স রয়েছে এই পেসারের। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া—এই চার দেশে ২৩ টেস্টে ৯১ উইকেট নিয়েছেন তিনি। নিউজিল্যান্ডে এখনো টেস্ট খেলার সুযোগ না পেলেও সেখানকার কন্ডিশনে ভালো করার সামর্থ্য রয়েছে বলে মনে করছেন অনেকে।

চার পেসার খেলিয়েও বাদ সিরাজ

ওয়েলিংটনের বেসিন রিজার্ভের উইকেটে পেসাররা বাড়তি সুবিধা পাবেন, এমন প্রত্যাশা ছিল। ভারতও একাদশে চারজন পেসার রেখেছে। আক্রমণের নেতৃত্বে ছিলেন জসপ্রীত বুমরাহ। তার সঙ্গে খেলেছেন আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণ ও অংশুল কম্বোজ।

ম্যাচে কম্বোজ ৬৯ রান দিয়ে দুটি এবং আকাশ দীপ ৫৩ রান দিয়ে তিনটি উইকেট নেন। অন্যদিকে, প্রসিদ্ধ কৃষ্ণ ১০০ রান দিয়ে পান একটি উইকেট। শুরুর স্পেলের পর কম্বোজের বোলিং থেকে প্রত্যাশিত বাড়তি সুবিধা না পাওয়ায় সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে।

৪৮ টেস্টের অভিজ্ঞতা থাকা সিরাজ ঘণ্টায় প্রায় ১৪০ কিলোমিটার গতিতে বল করতে পারেন। তার কাছাকাছি ধরনের বোলার হিসেবে একাদশে রয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ। তবে অভিজ্ঞতার দিক থেকে সিরাজ এগিয়ে থাকায় তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হচ্ছে।

একাদশ নির্বাচন নিয়ে যা বলছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট

প্রথম দিনের খেলা শেষে একাদশ নির্বাচনের পক্ষে কথা বলেন ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক। তিনি জানান, ওয়েলিংটনের কন্ডিশন বিবেচনা করেই দল নির্বাচন করা হয়েছে। একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, শ্রীলঙ্কা সফরে দুটি টেস্টেই খেলেছেন সিরাজ।

কোটাক বলেন, ‘সিরাজের কোনো সমস্যা নেই। টিম ম্যানেজমেন্ট যে একাদশকে সবচেয়ে ভালো মনে করেছে, সেটাই খেলেছে।’

তবে ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, গতি, দক্ষতা ও সিমের মুভমেন্ট যদি বিবেচনার বিষয় হয়, তাহলে ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বল করা সিরাজকে কেন রাখা হলো না, সেই প্রশ্ন উঠবেই। তার মতে, অভিজ্ঞতা, আগ্রাসন ও বল হাতে ম্যাচে প্রভাব রাখার সামর্থ্যও বিবেচনায় নেওয়া উচিত ছিল।

ধারাভাষ্যকার হারশা ভোগলেও সিরাজকে বাদ দেওয়ায় হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, সিরাজকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি তা পালন করেছেন। বুমরাহর অনুপস্থিতিতে বোলিং আক্রমণকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই পেসার। তাই তার সঙ্গে সিদ্ধান্তটি নিয়ে খোলামেলা আলোচনা হওয়া উচিত বলে মনে করেন তিনি।

ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনও সিরাজকে একাদশে না দেখে হতাশা প্রকাশ করেছেন। তার মতে, বুমরাহর অনুপস্থিতিতে সিরাজের পারফরম্যান্স, সামর্থ্য ও লড়াকু মনোভাব দলকে বারবার সহায়তা করেছে। তাই তিনি আরও ভালো বিবেচনা পাওয়ার যোগ্য ছিলেন।

সিরাজকে বাদ দেওয়ার পেছনে অন্য কারণের ইঙ্গিত

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরাজ ও টিম ম্যানেজমেন্টের মধ্যে যোগাযোগের ঘাটতি তৈরি হয়েছিল। প্রতিবেদনে দাবি করা হয়, জুনে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের পর আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিরতি চেয়েছিলেন সিরাজ। এরপর থেকেই সমস্যা শুরু হয়।

ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও সিরাজকে বাদ দেওয়ার ঘটনাকে বিচ্ছিন্ন সিদ্ধান্ত হিসেবে দেখছেন না। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘পুরো এক মাস ধরে তারা মোহাম্মদ সিরাজকে বাদ দেওয়ার পরিবেশ তৈরি করছে। শেষ পর্যন্ত তাকে বিশ্বকাপের দল থেকেও বাদ দিলে অবাক হবেন না। এটা শুধু ট্রেলার।’

এদিকে, কংগ্রেস সাংসদ ইমরান মাসুদের ধর্মীয় বৈষম্যের অভিযোগ নাকচ করেছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। নয়াদিল্লিতে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের দেশে সুযোগ দেওয়া হয় যোগ্যতার ভিত্তিতে। ধর্ম বা বর্ণের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’

সরফরাজ খানকে নিয়েও প্রশ্ন

সিরাজকে একাদশে না রাখার পাশাপাশি ভারতীয় দলে সরফরাজ খানের অনুপস্থিতি নিয়েও আলোচনা হচ্ছে। সিরাজ অন্তত সফরের দলে থাকলেও সরফরাজ টেস্ট দলেই জায়গা পাননি।

ঘরোয়া ক্রিকেটে রান করার পাশাপাশি ফিটনেস নিয়েও কাজ করেছেন সরফরাজ। এরপরও জাতীয় দলে ফিরতে না পেরে প্রশ্ন তুলেছেন, টেস্ট দলে জায়গা পেতে তাকে আর কী করতে হবে।

২০২৪ সালে ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডের বিপক্ষে ছিল তার সর্বশেষ টেস্ট। এরপর অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের সঙ্গে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।

সরফরাজ বলেন, ‘কোনো নির্বাচক সরাসরি এটা বলেননি। তবে ভারতীয় দলের সঙ্গে থাকার সময় আমি শুধু শুনেছি, ভারতীয় কন্ডিশনের জন্য তারা আমাকে বেশি ভাবছেন।’

সব মিলিয়ে সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত, ধর্মীয় বৈষম্যের অভিযোগ এবং সরফরাজের দলে জায়গা না পাওয়া—সবকিছু মিলিয়ে ভারতীয় ক্রিকেটে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

ছবিতে গ্রেপ্তারকৃতরা

নিজস্ব প্রতিবেদক । যোগফল অনলাইন

দেশের রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিদেশি রিভলভার, ৬টি তাজা গুলি, ৩৬০ গ্রাম হেরোইন ও ৭৫০টি ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। 

রোববার ভোরে পাবনা হাউস গলি ও মুল্লুক চান সড়ক এলাকায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এসআরবির সিপিএসসি কোম্পানি, এসআরবি-২ এ অভিযান চালায়। কোম্পানি কমান্ডার হাসান মুহাম্মদ মুহতারিম পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হাবিবুল ইসলাম রানা (৩২), মো. নাইম কাজি (৩২), মো. সাইদুল ইসলাম রাব্বি (৩০) ও মো. তানজীন খান জিসান (৩২)।

অভিযানে হাবিবুল ইসলাম রানার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও ৬টি তাজা গুলি উদ্ধার করা হয়। নাইম কাজির কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন এবং সাইদুল ইসলাম রাব্বির কাছ থেকে ২ হাজার ৭৫টি পুরিয়ায় ২৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তানজীন খান জিসানের কাছ থেকে জব্দ করা হয় ৭৫০টি ইয়াবা বড়ি।

এসআরবি জানায়, গ্রেপ্তার হাবিবুল ইসলাম রানার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। নাইম কাজির বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একই আইনে মামলা রয়েছে।

উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার চারজনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-২।

সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে থানায় মামলা করেছেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন খাগড়াছড়ি জেলা সদরের উত্তর সবুজবাগ এলাকার মো. মুন্না ও মো. সাইফ এবং দীঘিনালা উপজেলার ওমর ফারুক। ফুটেজে দেখা যাওয়া চতুর্থ ব্যক্তিকে এখনো শনাক্ত করা যায়নি।

ওসি আরও জানান, সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে শনাক্ত তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করে মামলা করেছেন।

এর আগে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর এলাকায় সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম জানান, গভীর রাতে ছাদের ওপর বিকট শব্দ শুনে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় দরজার সামনে কেরোসিন ও পেট্রলের মিশ্রণ পড়ে থাকতে দেখেন। পাশাপাশি রাস্তার পাশের জানালায় আগুন দেওয়ার চেষ্টার চিহ্নও পাওয়া যায়। প্রতিবেশীরা খবর পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন।

এদিকে অগ্নিসংযোগের চেষ্টার খবর পেয়ে রোববার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে বাড়িটি পরিদর্শন করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের সদস্যরা।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে সাতটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

রোববার (২২ নভেম্বর) ভোরে উপজেলার সাহেবের আলগা বিওপির বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। জামালপুর ৩৫ বিজিবি এক খুদে বার্তায় বিষয়টি জানিয়েছে।

বিজিবির খুদে বার্তায় বলা হয়, নিজস্ব গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সীমান্তের ১০৪৭ নম্বর পিলারের কাছে মেকুর আলগা নামক স্থান দিয়ে ভারতীয় গরু চোরাচালানের তথ্য পায় বিজিবি। পরে ওই তথ্যের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন সাহেবের আলগা বিওপির সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় পরিত্যক্ত অবস্থায় সাতটি গরু জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা গরুগুলোর আনুমানিক মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গরু জব্দ করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযানও অব্যাহত রয়েছে।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম