সাইফুল ইসলাম | গোপালগঞ্জ জেলা সংবাদদাতা
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) গত দুই দিনে নামফলক ভাঙচুর, নামসংবলিত ব্যানার টাঙানো, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। তবে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান উপস্থিতি দেখা যায়নি।
গত বুধবার (১৮ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নামফলকের ওপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামসংবলিত ব্যানার টাঙানো হয় এবং নামফলক ভাঙচুর করা হয়। পরদিন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও স্লোগান করে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন এবং বিভিন্ন দপ্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি স্থাপনের দাবিতে ৭ দিনের আল্টিমেটাম দেন তারা। একই সময়ে মন্দির গেটসংলগ্ন প্রধান সড়কে গাছ কেটে অবরোধ সৃষ্টি করা হয়।
ওইদিন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ নভেম্বর রাতে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল।
একই সিদ্ধান্তের আলোকে সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্তে নিরাপত্তাহীনতা ও একাডেমিক ক্ষতির আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। বাড়ি যাওয়ার মুহূর্তে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রায়হান হাওলাদার বলেন, ‘বর্তমান সার্বিক পরিস্থিতির কারণে আমাদের পরীক্ষা স্থগিত হয়েছে। তো এটার জন্য আমাদের অনেক ক্ষতি হবে।
আমাদেরও সিকিউরিটি ইস্যু আছে, তা আমাদের এখন বাসায় চলে যেতে হচ্ছে। যদি আমরা পরীক্ষাটা দিতে পারতাম তাহলে আমাদের জন্য খুবই ভালো হইতো। আর তাছাড়া যেহেতু প্রশাসন অনেক প্রেসারে আছে, নিরাপত্তা নিয়ে দফায় দফায় ক্যাম্পাসে ছাত্রলীগের মিছিল আসতেছে। তাদেরও প্রেসার ক্রিয়েট করা হইতেছে। সেক্ষেত্রে তারা বন্ধের ঘোষণা দিয়েছে।’
বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্রসংগঠনের নেতারা। ছাত্রদলের গোবিপ্রবি শাখার সাংগঠনিক সম্পাদক ফারুক খন্দকার বলেন, ‘গত কয়েক দিন ধরে প্রশাসনসহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ ও চাপ প্রয়োগ করেও কার্যকর সাড়া পাইনি।’
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্তটি হঠকারী। বন্ধ ঘোষণা করলেই শিক্ষার্থীরা নিরাপদে বাড়ি পৌঁছাবে, এমন নিশ্চয়তা নেই। গোপালগঞ্জের বিভিন্ন স্থানে এখনো সড়ক অবরোধ রয়েছে। শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পৌঁছানোর নিশ্চয়তা কে দেবে? আমরা এ সিদ্ধান্তের নিন্দা জানাই।’
অন্যদিকে, ছাত্র গণমঞ্চের নিঘাত রৌদ্র বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের একটি পুরোনো চরিত্র হচ্ছে, মাথাব্যথা হলে মাথা কেটে ফেলা। তবে এবার পরিস্থিতি বিশেষ। প্রশাসন রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করেও সহায়তা পায়নি। পুলিশ, বিজিবি কেউই সহায়তা করেনি, সেনাবাহিনীও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘একটি সংগঠন রক্তের ওপর দিয়ে পালিয়ে গিয়ে আবারও রক্তের মধ্য দিয়ে ফিরে আসতে চাইছে, কিন্তু রাষ্ট্র কোনো ব্যবস্থা নিচ্ছে না। মাঝখানে বলির পাঁঠা হচ্ছেন শিক্ষার্থীরা। আমারও দুটি পরীক্ষা বাকি রয়েছে। বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ায় শিক্ষার্থীরা সেমিস্টার আটকে যাওয়াসহ নানা সমস্যায় পড়েছেন।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমান বলেন, ‘শুধু আমাদের বিশ্ববিদ্যালয়েই নয়, গোটা গোপালগঞ্জেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। আমরা বিশ্ববিদ্যালয়ে বিজিবি মোতায়েনের বিষয়ে জেলা প্রশাসককে জানিয়েছিলাম। তবে তারা বিশ্ববিদ্যালয়ে বিজিবি মোতায়েন করবে না বলে আমাদের জানিয়েছে।
গতকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত কোনো বাহিনীর সদস্য ক্যাম্পাসে আসেননি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করেই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।’
এদিকে, গত ১৭ নভেম্বর থেকে ক্যাম্পাসের বাইরে অবস্থান করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।
আপনার মতামত লিখুন