আওয়ামী লীগের বিরুদ্ধে গভীর রাতে নয়াপল্টনে যুবদলের বিক্ষোভ
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপতৎপরতার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে কাকরাইল মোড় ঘুরে আবারও দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে কয়েক শতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন। এ সময় তারা ‘আপা আপা করিস না, আপা আর ফিরবে না’, ‘ভেঙে দাও গুঁড়িয়ে দাও আওয়ামী লীগের আস্তানা’ এবং ‘যুবদলের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দেন।
রাতের এ কর্মসূচিতে নয়াপল্টন এলাকায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। মিছিল থেকে আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরে প্রতিবাদ জানান তারা।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন যুবদলের সহসভাপতি নুরুল ইসলাম সোহেল, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি এনামুল খন্দকার এনাম, সদস্যসচিব রবিউল ইসলাম নয়নসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন