খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

ডায়াগনস্টিক পরীক্ষায় চিকিৎসকদের কমিশন বছরে ১,৮৬১ কোটি টাকা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১:২৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ডায়াগনস্টিক পরীক্ষায় চিকিৎসকদের কমিশন বছরে ১,৮৬১ কোটি টাকা

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

রোগীদের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করানোর জন্য পাঠিয়ে পরীক্ষার ফির ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন পান চিকিৎসকেরা। দেশের বড় ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এ ধরনের কমিশন লেনদেনের পরিমাণ প্রতিদিন প্রায় ৫ কোটি ১০ লাখ টাকা, যা বছরে দাঁড়ায় প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা। বাংলাদেশ হেলথ ওয়াচের (বিএইচডব্লিউ) এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

রোববার (১৫ নভেম্বর) ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রকাশিত বাংলাদেশ হেলথ ওয়াচের ২০২৫-২৬ সালের দ্বিবার্ষিক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আকস্মিক পরিদর্শনের সময় সরকারি হাসপাতালগুলোর প্রায় ৪০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ ছাড়া কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) কেনাকাটায় ৪৫৯ কোটি টাকার ক্ষতি হয়েছে। ২৮৩ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত পড়ে রয়েছে। কিছু সরঞ্জাম বাজারদরের চেয়ে ১৮ গুণ পর্যন্ত বেশি দামে কেনার তথ্যও উঠে এসেছে।

বাংলাদেশ হেলথ ওয়াচের আহ্বায়ক ডা. আহমেদ মুশতাক রাজা চৌধুরী এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) ইমেরিটাস বিজ্ঞানী ডা. শামস এল আরেফিনের সম্পাদনায় প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। এতে ১৭ জন গবেষকের লেখা ১১টি অধ্যায় রয়েছে। প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছে সুইডেন দূতাবাস ও সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডা)।

প্রকাশনা অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত প্রতিবেদনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।

ডা. শামস এল আরেফিন বলেন, দুর্বল সুশাসন, জবাবদিহি ছাড়া অতিরিক্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, স্বার্থের সংঘাত নিয়ন্ত্রণে ব্যর্থতা, তদারকিব্যবস্থার সমন্বয়হীনতা এবং অনিয়মকে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়ার প্রাতিষ্ঠানিক সংস্কৃতি দুর্নীতির পেছনে কাজ করছে। শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; সততাকে প্রাতিষ্ঠানিক সংস্কৃতির অংশ করে তুলতে হবে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, শুধু ব্যক্তিকে শাস্তি দিয়ে এ সংকটের সমাধান সম্ভব নয়। এ জন্য পুরো স্বাস্থ্যব্যবস্থায় কাঠামোগত সংস্কার প্রয়োজন। দুর্নীতি শুধু আর্থিক অনিয়ম ও দরপত্র কারসাজির মধ্যে সীমাবদ্ধ নয়; নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থে নীতি ও কৌশল প্রভাবিত করাও দুর্নীতির অন্তর্ভুক্ত।

চিকিৎসকদের অনুপস্থিতি ও নিয়োগে রাজনৈতিক প্রভাব

গবেষণায় দেখা গেছে, আকস্মিক পরিদর্শনের সময় সরকারি হাসপাতালের প্রায় ৪০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। প্রত্যন্ত অঞ্চলের কিছু স্বাস্থ্যকেন্দ্রে এ হার ৭০ শতাংশের বেশি। দায়িত্ব পালন না করেও বেতন-ভাতা নেওয়া ‘ভুতুড়ে চিকিৎসকদের’ বিষয়টিও প্রতিবেদনে উঠে এসেছে।

এ ছাড়া স্বাস্থ্য খাতের ১ লাখ ৮০ হাজারের বেশি কর্মীর নিয়োগ, বদলি ও পদোন্নতিতে রাজনৈতিক প্রভাব এবং কাগজনির্ভর ব্যবস্থাপনার দুর্বলতা চিহ্নিত করা হয়েছে। ২০২১ সালে ২ হাজার ৮৩৯ জন স্বাস্থ্যকর্মীর নিয়োগ বাতিলের ঘটনাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রোগী পাঠিয়ে কমিশন বাণিজ্য

সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিতে গিয়ে রোগীদের নানা ধরনের দুর্নীতির শিকার হওয়ার বিষয়টি প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে দালালের দৌরাত্ম্য, শয্যা বরাদ্দ ও হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার বিনিময়ে অবৈধ অর্থ আদায় এবং রোগীদের বেসরকারি ক্লিনিকে পাঠানো।

একটি ঘটনায় অস্ত্রোপচারের তারিখ ঠিক করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক বৃদ্ধ রোগীর কাছ থেকে হাসপাতালের এক ওয়ার্ডবয় ৫ হাজার টাকা নেন। অথচ ওই ওয়ার্ডে অস্ত্রোপচারের কোনো ব্যবস্থাই ছিল না। এ ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে ওই কর্মচারীকে অন্যত্র বদলি করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, রোগীদের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করানোর জন্য পাঠিয়ে চিকিৎসকেরা পরীক্ষার ফির ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন পান। বড় ডায়াগনস্টিক প্রতিষ্ঠানগুলোতে এ ধরনের কমিশন লেনদেন বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা হতে পারে। তবে এ হিসাব স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নিয়ন্ত্রক সংস্থাগুলোর স্বাধীনতার ঘাটতি

স্বাস্থ্য খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর স্বাধীনতা ও জবাবদিহির দুর্বলতাও প্রতিবেদনে উঠে এসেছে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) প্রায় ৯০ জন সদস্যের মধ্যে ৭০ জনই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট।

পর্যালোচনার আওতায় থাকা ছয়টি নিয়ন্ত্রক সংস্থার কোনোটিতেই রোগী বা সাধারণ জনগণের কার্যকর প্রতিনিধিত্ব পাওয়া যায়নি।

চিকিৎসায় অবহেলার অভিযোগ নিষ্পত্তিতেও দীর্ঘসূত্রতা রয়েছে। ২০১০ সাল থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত বিএমডিসিতে ১৭২টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে ৭৯টি অভিযোগ নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে এবং ২৯টি ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০১০ সালে দেশে মেডিকেল কলেজের সংখ্যা ছিল ৬২টি। ২০২২-২৩ সালে তা বেড়ে ১১৮টিতে দাঁড়ায়। তবে মেডিকেল কলেজের সংখ্যা বাড়লেও শিক্ষার মান নিয়ন্ত্রণ ও তদারকিব্যবস্থার যথাযথ উন্নতি হয়নি।

দুর্নীতি রোধে কাঠামোগত সংস্কারের সুপারিশ

স্বাস্থ্য খাতে দুর্নীতি বন্ধে রোগীদের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার বা চিকিৎসাপ্রতিষ্ঠানে পাঠানোর বিনিময়ে কমিশন নেওয়া আইনিভাবে নিষিদ্ধ করার সুপারিশ করেছে বাংলাদেশ হেলথ ওয়াচ। পাশাপাশি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে চিকিৎসকদের আর্থিক সম্পর্কের তথ্য প্রকাশ বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রতিবেদনে চিকিৎসায় অবহেলার অভিযোগ নিষ্পত্তি ও ক্ষতিপূরণের বিধানসংবলিত আইনি কাঠামো তৈরি, ডিজিটাল মানবসম্পদ তথ্যব্যবস্থা চালু এবং প্রত্যন্ত অঞ্চলে দায়িত্ব পালনে স্বাস্থ্যকর্মীদের প্রণোদনা দেওয়ার সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া সরকারি কেনাকাটার সব তথ্য প্রকাশ, চিকিৎসা সরঞ্জাম কেনা থেকে ব্যবহার পর্যন্ত পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত এবং অনিয়মের তথ্য প্রকাশকারীদের সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

নিয়ন্ত্রক সংস্থাগুলোর স্বাধীনতা নিশ্চিত করতে মন্ত্রী, সচিব ও সংসদ সদস্যদের এসব সংস্থার প্রধান হওয়ার সুযোগ বন্ধ করার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি সংস্থাগুলোতে রোগী ও সাধারণ জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত এবং স্বাধীন আপিল ব্যবস্থা প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়েছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

ছবিতে গ্রেপ্তারকৃতরা

নিজস্ব প্রতিবেদক । যোগফল অনলাইন

দেশের রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিদেশি রিভলভার, ৬টি তাজা গুলি, ৩৬০ গ্রাম হেরোইন ও ৭৫০টি ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। 

রোববার ভোরে পাবনা হাউস গলি ও মুল্লুক চান সড়ক এলাকায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এসআরবির সিপিএসসি কোম্পানি, এসআরবি-২ এ অভিযান চালায়। কোম্পানি কমান্ডার হাসান মুহাম্মদ মুহতারিম পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হাবিবুল ইসলাম রানা (৩২), মো. নাইম কাজি (৩২), মো. সাইদুল ইসলাম রাব্বি (৩০) ও মো. তানজীন খান জিসান (৩২)।

অভিযানে হাবিবুল ইসলাম রানার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও ৬টি তাজা গুলি উদ্ধার করা হয়। নাইম কাজির কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন এবং সাইদুল ইসলাম রাব্বির কাছ থেকে ২ হাজার ৭৫টি পুরিয়ায় ২৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তানজীন খান জিসানের কাছ থেকে জব্দ করা হয় ৭৫০টি ইয়াবা বড়ি।

এসআরবি জানায়, গ্রেপ্তার হাবিবুল ইসলাম রানার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। নাইম কাজির বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একই আইনে মামলা রয়েছে।

উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার চারজনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-২।

সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে থানায় মামলা করেছেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন খাগড়াছড়ি জেলা সদরের উত্তর সবুজবাগ এলাকার মো. মুন্না ও মো. সাইফ এবং দীঘিনালা উপজেলার ওমর ফারুক। ফুটেজে দেখা যাওয়া চতুর্থ ব্যক্তিকে এখনো শনাক্ত করা যায়নি।

ওসি আরও জানান, সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে শনাক্ত তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করে মামলা করেছেন।

এর আগে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর এলাকায় সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম জানান, গভীর রাতে ছাদের ওপর বিকট শব্দ শুনে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় দরজার সামনে কেরোসিন ও পেট্রলের মিশ্রণ পড়ে থাকতে দেখেন। পাশাপাশি রাস্তার পাশের জানালায় আগুন দেওয়ার চেষ্টার চিহ্নও পাওয়া যায়। প্রতিবেশীরা খবর পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন।

এদিকে অগ্নিসংযোগের চেষ্টার খবর পেয়ে রোববার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে বাড়িটি পরিদর্শন করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের সদস্যরা।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে সাতটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

রোববার (২২ নভেম্বর) ভোরে উপজেলার সাহেবের আলগা বিওপির বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। জামালপুর ৩৫ বিজিবি এক খুদে বার্তায় বিষয়টি জানিয়েছে।

বিজিবির খুদে বার্তায় বলা হয়, নিজস্ব গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সীমান্তের ১০৪৭ নম্বর পিলারের কাছে মেকুর আলগা নামক স্থান দিয়ে ভারতীয় গরু চোরাচালানের তথ্য পায় বিজিবি। পরে ওই তথ্যের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন সাহেবের আলগা বিওপির সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় পরিত্যক্ত অবস্থায় সাতটি গরু জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা গরুগুলোর আনুমানিক মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গরু জব্দ করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযানও অব্যাহত রয়েছে।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম