টুঙ্গিপাড়ায় আ.লীগ-ছাত্রলীগের মিছিল, বিএনপি-যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও আগুন
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দফায় দফায় মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পাশাপাশি বিএনপি সমর্থকদের কয়েকটি দোকানেও ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বর্নি ইউনিয়নের বর্নি বাজার, কুশলী ইউনিয়নের নিলফা বাজার ও পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় এসব ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে বর্নি ইউনিয়নের বর্নি মধ্যেপাড়া বিশ্বাসবাড়ি থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি বর্নি বাজারে পৌঁছালে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ গাজীর কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। এ সময় কার্যালয়ের ভেতরে থাকা ছবি, ব্যানার, ফেস্টুন, চেয়ার ও টেবিল ভাঙচুর করা হয়। পাশাপাশি পুরো বর্নি এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের টানানো ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়।
পরে রাত ৮টার দিকে লাঠিসোঁটা নিয়ে কুশলী ইউনিয়নের নিলফা বাজারে বিক্ষোভ মিছিল করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় সড়ক অবরোধ করে বাজারের বিএনপি কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি বিএনপি সমর্থিত কয়েকজনের দোকানপাটেও ভাঙচুর চালানো হয়।
এরপর রাত ১০টার দিকে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পাটগাতী বাসস্ট্যান্ডে আবারও মিছিল বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ গাজী বলেন, বিকেলে আওয়ামী লীগের একটি মিছিল বর্নি বাজারে এসে তার কার্যালয়ে ভাঙচুর চালায়। এ সময় অফিসের ভেতরে থাকা ছবি, ব্যানার, ফেস্টুন, চেয়ার ও টেবিল ভাঙচুর করা হয়।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন মোল্লা অভিযোগ করেন, নিলফা বাজারের বিএনপি কার্যালয়, বর্নি বাজারের যুবদল কার্যালয়সহ বিএনপি নেতাকর্মীদের কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। বিকেল থেকে রাত পর্যন্ত এসব ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান।
গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি তিনি জানতে পেরেছেন। ঊর্ধ্বতন নেতাদের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা বিকেল থেকে রাত পর্যন্ত কয়েকটি মিছিল বের করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলে তিনি শুনেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন