ইনানীতে ১৯ দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, নিয়ন্ত্রণে মাঠে বাপেক্সের বিশেষজ্ঞ দল
ছবির ক্যাপশন
শাকুর মাহমুদ চৌধুরী (উখিয়া) কক্সবাজারঃ
কক্সবাজারের উখিয়ার পর্যটন এলাকা ইনানীতে টানা ১৯ দিন ধরে জ্বলছে ভূগর্ভ থেকে বের হওয়া প্রাকৃতিক গ্যাসের আগুন। দীর্ঘ পর্যবেক্ষণ ও নানা পরীক্ষা-নিরীক্ষার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনতে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি ও আধুনিক কারিগরি সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে অবস্থান করছেন বিশেষজ্ঞরা।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে বাপেক্সের কারিগরি দল আগুন নির্বাপণের কাজ শুরু করে। এর আগে পেট্রোবাংলা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও শেভরন বাংলাদেশের বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে গ্যাস উদগীরণের স্থান, গ্যাসের প্রবাহ এবং আশপাশের ভূতাত্ত্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে।
বাপেক্সের ড্রিলিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আনিসুর রহমান জানান, এই মুহূর্তে তাঁদের প্রধান লক্ষ্য হলো গ্যাসকূপের আগুন নিরাপদে নির্বাপণ করা অথবা নিয়ন্ত্রণে আনা। এ জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম ঘটনাস্থলে আনা হয়েছে। তবে আগুন পুরোপুরি নেভাতে কত সময় লাগবে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। প্রয়োজনে আরও আধুনিক সরঞ্জাম আনা হবে।
তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে আসার পর বিশেষজ্ঞ দল গ্যাসের মজুত ও ভূগর্ভস্থ পরিস্থিতি মূল্যায়ন করবে। সেই মূল্যায়নের ফলাফলের ভিত্তিতেই ভবিষ্যতে গ্যাস উত্তোলন কিংবা নতুন করে কূপ খননের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর সকালে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী সেতুসংলগ্ন এলাকায় স্থানীয় এক বাসিন্দার বাড়িতে গভীর নলকূপ স্থাপনের কাজ চলছিল। প্রায় এক হাজার ফুট গভীরে খননকাজ চলাকালে হঠাৎ ভূগর্ভ থেকে গ্যাস বের হতে শুরু করে। একপর্যায়ে সেই গ্যাসে আগুন ধরে যায়। এরপর থেকে বিরতিহীনভাবে জ্বলছে আগুন।
দীর্ঘ ১৯ দিন ধরে আগুন জ্বলতে থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। তবে গ্যাসের প্রকৃত উৎস, মজুতের পরিমাণ এবং বাণিজ্যিকভাবে উত্তোলনের সম্ভাবনা নিয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
এর আগে বাপেক্সের বিশেষজ্ঞ দল টানা প্রায় ১৫ দিন গ্যাসের চাপ ও প্রবাহ পর্যবেক্ষণ করে। দীর্ঘ পর্যবেক্ষণে গ্যাসের প্রবাহ স্থিতিশীল থাকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। বিশেষজ্ঞদের মতে, ভূগর্ভে উল্লেখযোগ্য গ্যাসের মজুত থাকার সম্ভাবনা থাকলেও তা নিশ্চিত হতে আরও ভূতাত্ত্বিক জরিপ, সিসমিক সমীক্ষা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করতে হবে।
এদিকে সম্ভাব্য বিস্ফোরণ ও অন্যান্য দুর্ঘটনা এড়াতে প্রশাসন ঘটনাস্থলের ২০০ মিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করেছে। সাধারণ মানুষের প্রবেশ সীমিত রাখার পাশাপাশি ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।
ইনানী কি দেশের ৩১তম গ্যাসক্ষেত্রের সম্ভাবনার দ্বার খুলে দেবে? দীর্ঘদিনের এই গ্যাস উদগীরণ ঘিরে এমন প্রশ্ন এখন স্থানীয়দের পাশাপাশি জ্বালানি খাতেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে আশার পাশাপাশি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিরাপদে আগুন নিয়ন্ত্রণ এবং ভূগর্ভস্থ গ্যাসের প্রকৃত মজুত নিরূপণ। সব পরীক্ষা-নিরীক্ষা শেষে বাণিজ্যিক সম্ভাবনা নিশ্চিত হলেই কেবল ইনানীর গ্যাস দেশের জ্বালানি খাতে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।

আপনার মতামত লিখুন