নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: হুইপ দুলু
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
নারীর অধিকার, শিক্ষা, নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না হলে একটি রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় নাটোরের একটি কমিউনিটি সেন্টারে খান ফাউন্ডেশনের ‘ভয়েস ফর চেঞ্জ’ প্রকল্পের আওতায় আয়োজিত এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নীতি নির্ধারণে নারীর কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
দুলু বলেন, সরকার শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য ও রাজনীতিসহ সব ক্ষেত্রে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপির রাজনীতি কখনোই নারীকে করুণার পাত্র হিসেবে দেখেনি, বরং শক্তির আধার হিসেবে বিবেচনা করেছে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন, নারীকে ঘরের চার দেয়ালে বন্দি রেখে বাংলাদেশি জাতীয়তাবাদ পূর্ণতা পেতে পারে না। এ চিন্তা থেকেই ১৯৭৮ সালে তিনি মহিলাবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন। এটি শুধু একটি মন্ত্রণালয় প্রতিষ্ঠা নয়, বরং রাষ্ট্র পরিচালনায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ ছিল।
হুইপ আরও বলেন, শহীদ জিয়ার প্রাতিষ্ঠানিক ভিত্তি, বেগম খালেদা জিয়ার শিক্ষা বিপ্লব এবং তারেক রহমানের ফ্যামিলি কার্ড ও উপবৃত্তি সম্প্রসারণের উদ্যোগ বিএনপির নারী উন্নয়ন ভাবনার ধারাবাহিকতা তুলে ধরে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের অধিকার ও মর্যাদা সমুন্নত করতে কাজ করছেন। পরিবারের জ্যেষ্ঠ নারীর জন্য ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন এবং স্নাতক পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
দুলু আরও বলেন, নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ১৯৭৬ সালে রাষ্ট্রপতির সচিবালয়ে নারীবিষয়ক দপ্তর প্রতিষ্ঠা করা হয়। পরে ১৯৭৮ সালে গঠন করা হয় মহিলাবিষয়ক মন্ত্রণালয়। বেগম খালেদা জিয়ার শাসনামলে ১৯৯৪ সালে এটি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে রূপান্তরিত হয়।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করেছিলেন, যা নারীর শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। বর্তমান সরকার নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন জোরদারে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছে।
বিএনপির সাংগঠনিক কাঠামোয় নারীর অংশগ্রহণ প্রসঙ্গে দুলু বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশের বাস্তবায়নের প্রতিফলন ঘটবে বিএনপির আগামী কাউন্সিলে। প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দলের নীতিনির্ধারণী পর্যায় এ বিষয়ে সচেষ্ট। এর মাধ্যমে দলের সাংগঠনিক কাঠামো ও নির্বাচনে নারীদের ৩৩ শতাংশ অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সুফিয়া হকের সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ।
এ সময় ‘আলো’র নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা, খান ফাউন্ডেশনের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার মো. সালাহউদ্দিন বক্তব্য দেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নীলুফার ইয়াসমিন। সংলাপে বিভিন্ন পর্যায়ে কর্মরত নারী নেত্রীরা গণপ্রতিনিধিত্ব আদেশসহ নারীর ক্ষমতায়নে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন