শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ায় বন্ধ ৪০ পোশাক কারখানা
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় প্রায় ৪০টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে কয়েকটি কারখানা বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় এবং বাকিগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। এ বিষয়ে কারখানার ফটকে নোটিশও টাঙিয়ে দেওয়া হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে নির্ধারিত সময়ে কাজে যোগ দিতে কারখানায় আসেন শ্রমিকরা। তবে কয়েকটি কারখানায় শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বসে থাকায় কর্তৃপক্ষ আরও ৭ থেকে ৮টি কারখানায় ছুটি ঘোষণা করে। এতে শিল্পাঞ্চলের কর্মপরিবেশে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
কারখানার ফটকে টাঙানো নোটিশে বলা হয়েছে, শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন, সহিংসতা, বেআইনি ধর্মঘট ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ইতোমধ্যে প্রায় ৪০টি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া সকালে শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় আরও ৭ থেকে ৮টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
তবে শ্রমিক নেতারা বলছেন, সব কারখানায় সমস্যা নেই। বরং নির্দিষ্ট কিছু কারখানার অভ্যন্তরীণ সংকট থেকেই শ্রমিক অসন্তোষের সূত্রপাত হয়েছে।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন বলেন, মূলত ১২ থেকে ১৪টি কারখানায় সমস্যা ছিল। এসব কারখানার সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব।
তিনি বলেন, সংশ্লিষ্ট কারখানাগুলোতে বকেয়া বেতন, অতিরিক্ত কাজের চাপ ও অসদাচরণসহ বিভিন্ন বিষয়ে শ্রমিকদের দীর্ঘদিনের ক্ষোভ ছিল। পুঞ্জীভূত সেই ক্ষোভকে কাজে লাগিয়ে বহিরাগত দুষ্কৃতকারীরা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে। বর্তমানে এ পরিস্থিতির সুযোগ নিচ্ছে মালিকপক্ষ।
বন্ধ কারখানাগুলোতে কোনো শ্রমিক যাতে ছাঁটাইয়ের শিকার না হন, সে বিষয়ে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য দাবি ও কারখানার অভ্যন্তরীণ সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন এই শ্রমিক নেতা।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন