মক্কা-মদিনায় হামলার প্রতিবাদে খেলাফত আন্দোলনের বিক্ষোভ
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
সৌদি আরবের মক্কা-মদিনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং ওমরাহযাত্রীদের ওপর হুতি বিদ্রোহীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।
শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।
সমাবেশে তিনি বলেন, পবিত্র মক্কায় আল্লাহর ঘর কাবা শরিফ এবং মদিনায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক অবস্থিত। বিশ্বের মুসলমানদের কাছে এ দুই পবিত্র স্থান প্রাণের চেয়েও প্রিয়। মক্কা-মদিনায় হামলা মানে বিশ্বের সব মুসলমানের ওপর হামলা। সৌদি আরবকে ধ্বংস করার কোনো ষড়যন্ত্র মুসলমানরা মেনে নেবে না।
তিনি আরও বলেন, হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বাংলাদেশি ওমরাহযাত্রীসহ সাধারণ মানুষকে হতাহত করছে। এসব ন্যক্কারজনক হামলা যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে। হামলা বন্ধে জাতিসংঘ, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা কামনা করেন তিনি।
সমাবেশে দলের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, মক্কা-মদিনা শুধু সৌদি আরবের ভূখণ্ড নয়, বরং বিশ্বের আড়াইশ কোটি মুসলমানের ঈমান, ভালোবাসা ও আবেগের কেন্দ্রবিন্দু। পবিত্র হারামাইন শরিফাইনের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের হুমকি মুসলিম উম্মাহ মেনে নেবে না।
সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলা বন্ধে জাতিসংঘ, ওআইসি ও মুসলিম বিশ্বের নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে আরও বক্তব্য দেন দলের সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মুফতি আবুল হাসান কাসেমীসহ কেন্দ্রীয়, মহানগর ও খেলাফত ছাত্র আন্দোলনের নেতারা।
সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পল্টন হয়ে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন