খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

দেশে নীরবে বাড়ছে ডায়াবেটিস, আক্রান্তের বড় অংশই জানেন না

বার্তা বিভাগ
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ৯:৩৬ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
দেশে নীরবে বাড়ছে ডায়াবেটিস, আক্রান্তের বড় অংশই জানেন না

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

দেশে নীরবে বিস্তার লাভ করছে ডায়াবেটিস। শহর থেকে গ্রাম, তরুণ থেকে প্রবীণ—কেউই এই রোগের ঝুঁকির বাইরে নন। অথচ আক্রান্ত মানুষের বড় একটি অংশ জানেনই না যে, তারা ডায়াবেটিসে ভুগছেন। রোগ শনাক্ত হওয়ার আগেই অনেকের শরীরে দেখা দিচ্ছে হৃদরোগ, কিডনি জটিলতা, চোখের সমস্যা ও স্নায়ু ক্ষতির মতো মারাত্মক জটিলতা। ফলে ডায়াবেটিস এখন শুধু ব্যক্তিগত অসুস্থতা নয়, বাংলাদেশের জনস্বাস্থ্য ব্যবস্থার জন্যও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) তথ্য অনুযায়ী, ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যার দিক থেকে বাংলাদেশ বর্তমানে বিশ্বে অষ্টম অবস্থানে রয়েছে। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৪৫ সালের মধ্যে দেশটি সপ্তম অবস্থানে পৌঁছাতে পারে। ওই সময় দেশে ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াতে পারে প্রায় ২ কোটি ২৩ লাখে। অর্থাৎ আগামী দুই দশকে বিপুলসংখ্যক মানুষকে এই দীর্ঘমেয়াদি রোগ নিয়ে জীবনযাপন করতে হতে পারে।

এমন পরিস্থিতিতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ পালিত হচ্ছে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’। এবারের প্রতিপাদ্য—‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। এক বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে সবাইকে সচেতন হতে হবে এবং নিয়মিত রক্ত পরীক্ষা করতে হবে। তিনি বিশ্ব ডায়াবেটিস দিবস পালনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এবারের প্রতিপাদ্য যথার্থ হয়েছে।

রাষ্ট্রপতি বলেন, প্রত্যেকের উচিত নিজের ঘর, কর্মস্থল ও সমাজে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা তৈরিতে কাজ করা। তিনি ‘বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করেন।

পৃথক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ রোগের ঝুঁকি ও জটিলতা অনেকাংশে কমানো সম্ভব। যথাযথ চিকিৎসা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরাও সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন।

তিনি বলেন, যারা এখনো ডায়াবেটিসে আক্রান্ত হননি, তাদেরও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ এবং শরীরচর্চার মাধ্যমে রোগটি প্রতিরোধে সচেষ্ট থাকা উচিত। ডায়াবেটিস বর্তমানে বিশ্বব্যাপী অন্যতম প্রধান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। বাংলাদেশেও আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে, যা উদ্বেগের বিষয়।

শনাক্তের বাইরে বিপুলসংখ্যক রোগী

বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে (বিডিএইচএস) ২০১৭-১৮-এর তথ্য অনুযায়ী, প্রাপ্তবয়স্কদের মধ্যে ডায়াবেটিসের হার ৯ দশমিক ২ শতাংশ এবং প্রি-ডায়াবেটিসের হার ১৩ দশমিক ৩ শতাংশ। একই তথ্যের ভিত্তিতে প্রায় ৬ শতাংশ প্রাপ্তবয়স্ক অনির্ণীত ডায়াবেটিসে আক্রান্ত বলে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, বিডিএইচএস ২০২২-এর বিশ্লেষণে দেশে ডায়াবেটিসের প্রকোপ প্রায় ১৬ থেকে ১৭ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আক্রান্ত মানুষের বড় একটি অংশ নিজেদের রোগ সম্পর্কে অবগত নন। এতে স্বাস্থ্য ব্যবস্থার একটি বড় দুর্বলতা সামনে এসেছে—অনেক ক্ষেত্রে রোগ শনাক্ত হওয়ার আগেই জটিলতা তৈরি হচ্ছে।

ডায়াবেটিস কেন ভয়াবহ

ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি বিপাকীয় রোগ। এ রোগে শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না অথবা উৎপন্ন ইনসুলিন কার্যকরভাবে ব্যবহার করতে ব্যর্থ হয়। ফলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। দীর্ঘদিন রক্তে শর্করা অনিয়ন্ত্রিত থাকলে শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে।

ডায়াবেটিসের সঙ্গে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি রয়েছে। একই সঙ্গে কিডনি বিকল হওয়া, চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হয়ে দৃষ্টিশক্তি হারানো, স্নায়ুজনিত সমস্যা এবং পায়ে ক্ষত তৈরি হয়ে অঙ্গহানির আশঙ্কাও বাড়ে।

কর্মক্ষম বয়সে ডায়াবেটিসে আক্রান্ত হলে ব্যক্তির কর্মজীবন ও উৎপাদনশীলতার পাশাপাশি পরিবারের অর্থনৈতিক নিরাপত্তাও ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে এ রোগের অর্থনৈতিক প্রভাব শুধু চিকিৎসা ব্যয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না; এর প্রভাব পড়ে পরিবার, কর্মক্ষেত্র ও সামগ্রিক অর্থনীতিতে।

বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিসের আগে একটি গুরুত্বপূর্ণ পর্যায় হলো প্রি-ডায়াবেটিস। এ অবস্থায় রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকলেও তা ডায়াবেটিস নির্ণয়ের সীমায় পৌঁছায় না। এ পর্যায়ে জীবনযাপনে পরিবর্তন আনতে পারলে অনেক ক্ষেত্রে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব।

অতিরিক্ত ওজন, বিশেষ করে পেটে চর্বি জমা, শারীরিক পরিশ্রমের অভাব, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পারিবারিক ইতিহাস ও বয়স ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে। অতিরিক্ত চিনি ও ক্যালরিযুক্ত খাবার, কোমল পানীয়, ফাস্টফুড এবং দীর্ঘ সময় বসে থাকার অভ্যাসও এ ঝুঁকির সঙ্গে সম্পর্কিত।

প্রি-ডায়াবেটিস শনাক্ত হলে খাদ্যাভ্যাস পরিবর্তন, নিয়মিত হাঁটা ও ব্যায়াম, ওজন নিয়ন্ত্রণ এবং চিকিৎসকের পরামর্শ অনুসরণের মাধ্যমে ভবিষ্যতে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমানো সম্ভব।

এ প্রসঙ্গে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি ডা. ফারিয়া আফসানা বলেন, ৫ থেকে ৬ শতাংশ ওজন কমানো এবং সপ্তাহে কমপক্ষে ১৫০ মিনিট দ্রুত হাঁটা প্রয়োজন। পাশাপাশি ভাত, ময়দা ও মিষ্টি পানীয় গ্রহণের পরিমাণ নিয়ন্ত্রণ করতে হবে। তাঁর ভাষ্য অনুযায়ী, এসব পদ্ধতি অনুসরণ করে যুক্তরাষ্ট্রে ডায়াবেটিসের প্রবণতা ৫৮ শতাংশ এবং ভারতে ২৮ শতাংশ কমানো সম্ভব হয়েছে।

চিকিৎসাসেবা এখনো শহরকেন্দ্রিক

দেশে ডায়াবেটিস চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্র থাকলেও সবার জন্য সমানভাবে সেবা নিশ্চিত করা যায়নি। রাজধানী ও বড় শহরগুলোতে বিশেষজ্ঞ চিকিৎসক, পরীক্ষা-নিরীক্ষা এবং উন্নত চিকিৎসার সুযোগ তুলনামূলক বেশি। তবে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এসব সুবিধা সীমিত।

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বিত সেবার অভাবও বড় চ্যালেঞ্জ। ডায়াবেটিস রোগীদের শুধু ওষুধ দিলেই যথেষ্ট নয়; খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম, ওষুধ ব্যবহারের নিয়ম এবং রোগের জটিলতার লক্ষণ সম্পর্কেও সচেতন করতে হবে।

গর্ভকালীন ডায়াবেটিসেও বাড়ছে ঝুঁকি

ডায়াবেটিসের আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো গর্ভকালীন ডায়াবেটিস। গর্ভাবস্থায় প্রথমবারের মতো রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে মা ও শিশু উভয়ের জন্য নানা ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। যথাসময়ে শনাক্ত ও নিয়ন্ত্রণ করা না গেলে গর্ভাবস্থা ও প্রসবকালীন জটিলতার আশঙ্কা বাড়ে।

গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত নারীদের পরবর্তী সময়ে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেশি। তাদের সন্তানদের মধ্যেও ভবিষ্যতে স্থূলতা ও বিপাকীয় সমস্যার ঝুঁকি বাড়তে পারে। তাই গর্ভাবস্থায় যথাসময়ে ডায়াবেটিস পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা, ইনসুলিনের সহজপ্রাপ্যতা এবং সন্তান জন্মের পর মায়ের ফলোআপ নিশ্চিত করা জরুরি।

গ্রিন লাইফ মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. তানজিনা হোসেন বলেন, গর্ভকালীন ডায়াবেটিসে বড় আকারের শিশু জন্ম, প্রি-এক্ল্যাম্পসিয়া, সিজারিয়ান অস্ত্রোপচার এবং নবজাতকের হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি বাড়ে। এ ছাড়া মায়ের পরবর্তী জীবনে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি ৯ থেকে ১০ গুণ বেড়ে যায়। এ ক্ষেত্রে তিনি সর্বজনীন স্ক্রিনিংয়ের ওপর গুরুত্বারোপ করেন।

চিকিৎসা সহজলভ্য করার তাগিদ

ডায়াবেটিস পরিস্থিতি মোকাবিলায় উপজেলা ও জেলা পর্যায়ে চিকিৎসক, নার্স ও ডায়েটিশিয়ানদের জন্য মডিউলভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এম সাইফুদ্দিন।

তিনি বলেন, সাশ্রয়ী ওষুধের অগ্রাধিকার তালিকা প্রণয়ন করে সরকারিভাবে সারা দেশে সেগুলোর সহজপ্রাপ্যতা নিশ্চিত করতে হবে।

এদিকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি (বিইএস) আট দফা সুপারিশ তুলে ধরেছে। সুপারিশগুলোর মধ্যে রয়েছে—

1. দেশে একটি জাতীয় ডায়াবেটিস ও এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠা এবং আগামী পাঁচ থেকে ১০ বছরের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা।

2. ৩৫ বছরের বেশি বয়সী সবার ডায়াবেটিস পরীক্ষার ব্যবস্থা করা। পাশাপাশি বিএমআই ২৩ বা তার বেশি কিংবা অন্যান্য ঝুঁকিতে থাকা ব্যক্তিদের আগেভাগে স্ক্রিনিংয়ের আওতায় আনা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবায় সহজ ঝুঁকি মূল্যায়ন চালু করা।

3. উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ডায়াবেটিস চিকিৎসার প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা। সেখানে নিরবচ্ছিন্ন ওষুধ সরবরাহ, গ্লুকোমিটার, এইচবিএ১সি পরীক্ষা এবং রোগের জটিলতা শনাক্তের ব্যবস্থা নিশ্চিত করা। এ জন্য সরকারি বরাদ্দ বৃদ্ধি ও সাশ্রয়ী ক্রয়নীতি গ্রহণ।

4. সব অন্তঃসত্ত্বা নারীর ডায়াবেটিস পরীক্ষা, ইনসুলিনের সহজপ্রাপ্যতা এবং সন্তান জন্মের পর ফলোআপ নিশ্চিত করা।

5. প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বয়সোপযোগী স্বাস্থ্যশিক্ষা চালু, স্কুলের ক্যান্টিনে স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী খাদ্যনীতি গ্রহণ।

6. এন্ডোক্রাইনোলজিস্টদের জন্য সরকারি পদ সৃষ্টি, বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির প্রশিক্ষণ আসন বৃদ্ধি এবং জেলা পর্যায়ের চিকিৎসকদের জন্য মেন্টরিং ব্যবস্থা চালু।

7. জাতীয় ডায়াবেটিস রেজিস্ট্রি প্রতিষ্ঠা, বহুকেন্দ্রিক গবেষণা এবং চিকিৎসাসেবার মান যাচাইয়ে গুণগত সূচকভিত্তিক জবাবদিহি নিশ্চিত করা।

8. অনিয়ন্ত্রিত ডায়াবেটিস কমাতে রোগীর অবস্থা অনুযায়ী লক্ষ্যভিত্তিক চিকিৎসা, রোগী-শিক্ষা এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে দলভিত্তিক ফলোআপ চালু করা।

বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস মোকাবিলায় শুধু চিকিৎসার ওপর নির্ভর করলে চলবে না। রোগ শনাক্তকরণ, সচেতনতা, প্রতিরোধ, সাশ্রয়ী চিকিৎসা এবং তৃণমূল পর্যায়ে সেবার সুযোগ বাড়ানোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

ছবিতে গ্রেপ্তারকৃতরা

নিজস্ব প্রতিবেদক । যোগফল অনলাইন

দেশের রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিদেশি রিভলভার, ৬টি তাজা গুলি, ৩৬০ গ্রাম হেরোইন ও ৭৫০টি ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। 

রোববার ভোরে পাবনা হাউস গলি ও মুল্লুক চান সড়ক এলাকায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এসআরবির সিপিএসসি কোম্পানি, এসআরবি-২ এ অভিযান চালায়। কোম্পানি কমান্ডার হাসান মুহাম্মদ মুহতারিম পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হাবিবুল ইসলাম রানা (৩২), মো. নাইম কাজি (৩২), মো. সাইদুল ইসলাম রাব্বি (৩০) ও মো. তানজীন খান জিসান (৩২)।

অভিযানে হাবিবুল ইসলাম রানার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও ৬টি তাজা গুলি উদ্ধার করা হয়। নাইম কাজির কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন এবং সাইদুল ইসলাম রাব্বির কাছ থেকে ২ হাজার ৭৫টি পুরিয়ায় ২৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তানজীন খান জিসানের কাছ থেকে জব্দ করা হয় ৭৫০টি ইয়াবা বড়ি।

এসআরবি জানায়, গ্রেপ্তার হাবিবুল ইসলাম রানার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। নাইম কাজির বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একই আইনে মামলা রয়েছে।

উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার চারজনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-২।

সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে থানায় মামলা করেছেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন খাগড়াছড়ি জেলা সদরের উত্তর সবুজবাগ এলাকার মো. মুন্না ও মো. সাইফ এবং দীঘিনালা উপজেলার ওমর ফারুক। ফুটেজে দেখা যাওয়া চতুর্থ ব্যক্তিকে এখনো শনাক্ত করা যায়নি।

ওসি আরও জানান, সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে শনাক্ত তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করে মামলা করেছেন।

এর আগে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর এলাকায় সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম জানান, গভীর রাতে ছাদের ওপর বিকট শব্দ শুনে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় দরজার সামনে কেরোসিন ও পেট্রলের মিশ্রণ পড়ে থাকতে দেখেন। পাশাপাশি রাস্তার পাশের জানালায় আগুন দেওয়ার চেষ্টার চিহ্নও পাওয়া যায়। প্রতিবেশীরা খবর পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন।

এদিকে অগ্নিসংযোগের চেষ্টার খবর পেয়ে রোববার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে বাড়িটি পরিদর্শন করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের সদস্যরা।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে সাতটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

রোববার (২২ নভেম্বর) ভোরে উপজেলার সাহেবের আলগা বিওপির বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। জামালপুর ৩৫ বিজিবি এক খুদে বার্তায় বিষয়টি জানিয়েছে।

বিজিবির খুদে বার্তায় বলা হয়, নিজস্ব গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সীমান্তের ১০৪৭ নম্বর পিলারের কাছে মেকুর আলগা নামক স্থান দিয়ে ভারতীয় গরু চোরাচালানের তথ্য পায় বিজিবি। পরে ওই তথ্যের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন সাহেবের আলগা বিওপির সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় পরিত্যক্ত অবস্থায় সাতটি গরু জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা গরুগুলোর আনুমানিক মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গরু জব্দ করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযানও অব্যাহত রয়েছে।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম