খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

ব্যাংক ও খোলাবাজারে ডলারের দরে ৪ টাকার বেশি ব্যবধান

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ব্যাংক ও খোলাবাজারে ডলারের দরে ৪ টাকার বেশি ব্যবধান

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

বৈদেশিক মুদ্রাবাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। জ্বালানি ও প্রয়োজনীয় পণ্য আমদানির দায় মেটাতে ব্যাংকগুলোতে ডলারের চাহিদা বেড়েছে। এর সঙ্গে নগদ ডলারের সীমিত সরবরাহ এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি যুক্ত হয়ে বাজারে নতুন করে চাপ তৈরি করেছে।

বর্তমানে ব্যাংকিং চ্যানেলে প্রতি ডলারের দাম ১২৫ টাকার কাছাকাছি থাকলেও খোলাবাজারে তা বিক্রি হচ্ছে ১২৭ টাকা ৫০ পয়সা থেকে ১২৯ টাকা পর্যন্ত। ফলে ব্যাংকের তুলনায় নগদ ডলার কিনতে গ্রাহককে ৩ থেকে ৪ টাকারও বেশি অতিরিক্ত গুনতে হচ্ছে।

ব্যাংক ও খোলাবাজারে ডলারের দরের এই বড় ব্যবধান উদ্বেগ তৈরি করেছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, এতে বৈদেশিক মুদ্রাবাজারে অস্থিরতা বাড়ার পাশাপাশি ডলারের কৃত্রিম সংকট তৈরি হতে পারে। আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় দেশের ভোগ্যপণ্যের বাজারেও এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে খোলাবাজারে ডলারের দর নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সংগঠনটি সদস্যদের সতর্ক করে বলেছে, নির্ধারিত দরের চেয়ে বেশি দামে ডলার বিক্রির চেষ্টা করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক জরিমানাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তবে এ নির্দেশনার পরও বিভিন্ন স্থানে ১২৭ টাকা ৫০ পয়সা থেকে ১২৯ টাকা পর্যন্ত দরে ডলার বিক্রির খবর পাওয়া যাচ্ছে। এতে নির্ধারিত দরের বাইরে লেনদেন এবং বাজার তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে।

আমদানি ব্যয়ে বাড়ছে ডলারের চাহিদা

ব্যাংকারদের মতে, ডলারের বাজারে নতুন করে চাপ তৈরির অন্যতম কারণ আমদানি দায় পরিশোধের বাড়তি চাহিদা। বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), জ্বালানি তেল ও শিল্পের কাঁচামাল আমদানিতে বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। বিপরীতে রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়লেও আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়ছে না। ফলে ব্যাংকগুলোকে বেশি দামে ডলার সংগ্রহ করতে হচ্ছে।

ব্যাংকারদের তথ্য অনুযায়ী, গত কয়েক দিনে ব্যাংকিং চ্যানেলেও ডলারের দর বেড়েছে। গত বুধবার বাণিজ্যিক ব্যাংকগুলো রেমিট্যান্স সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে প্রতি ডলার সর্বোচ্চ ১২৪ টাকা ৭০ পয়সা দরে কিনেছে। ব্যাংকগুলোর নিজস্ব ক্রয়মূল্য ছিল ১২৪ টাকা ৫৫ পয়সা থেকে ১২৪ টাকা ৬০ পয়সা।

একই সময়ে আমদানি দায় পরিশোধে ঋণপত্র (এলসি) নিষ্পত্তির ক্ষেত্রে ডলারের দর বেড়ে ১২৪ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে। আগের দিন এ দর ছিল ১২৪ টাকা ৫০ পয়সা।

বাংলাদেশ ব্যাংকের ১১ নভেম্বরের তথ্য অনুযায়ী, আন্তঃব্যাংক বাজারে ডলারের ভারিত গড় বিনিময় হার ছিল ১২৪ টাকা ৩৫ পয়সা। অন্যদিকে খোলাবাজারে ডলারের বিক্রয় দর ছিল ১২৭ টাকা ৮৫ পয়সা বা তার বেশি। এতে দুই বাজারের মধ্যে বড় ব্যবধান তৈরি হয়েছে।

এক বছরে দ্বিগুণ জ্বালানি আমদানি ব্যয়

ডলারের চাহিদা বাড়ার অন্যতম কারণ হিসেবে জ্বালানি আমদানির ব্যয় বৃদ্ধিকে সামনে আনছেন সংশ্লিষ্টরা। বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা ও পরিবহন খাত সচল রাখতে জ্বালানি আমদানি অব্যাহত রাখতে হচ্ছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি পণ্যের দাম বাড়ায় একই পরিমাণ পণ্য আমদানিতেও আগের তুলনায় বেশি ডলার প্রয়োজন হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে জ্বালানি পণ্য আমদানিতে ব্যয় হয়েছে প্রায় ২ দশমিক ৫০ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ ব্যয় ছিল ১ দশমিক ২৫ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে জ্বালানি আমদানি ব্যয় প্রায় দ্বিগুণ হয়েছে।

একই সময়ে সামগ্রিক পণ্য আমদানিতেও ব্যয় বেড়েছে। জুলাই-আগস্টে পণ্য আমদানিতে মোট ব্যয় হয়েছে ১২ দশমিক ২০ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১২ শতাংশ বেশি।

আমদানি ব্যয়ের এ ঊর্ধ্বগতি ডলারের চাহিদা বাড়িয়ে দিচ্ছে। বিশেষ করে জ্বালানি আমদানির বড় অঙ্কের দায় পরিশোধের সময় ব্যাংকগুলোকে একসঙ্গে বেশি ডলার সংগ্রহ করতে হচ্ছে। এতে বাজারে বাড়তি চাপ তৈরি হচ্ছে।

নগদ ডলারের সংকটে বাড়ছে ব্যবধান

ব্যাংকিং চ্যানেল ও খোলাবাজারে ডলারের দরের পার্থক্যের পেছনে নগদ বৈদেশিক মুদ্রার সরবরাহও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিদেশ ভ্রমণ, চিকিৎসা, শিক্ষা ও ব্যক্তিগত প্রয়োজনে নগদ ডলারের চাহিদা রয়েছে। কিন্তু বৈধ উৎস থেকে নগদ ডলার সংগ্রহ সীমিত হলে খোলাবাজারে বিক্রেতারা বেশি দাম চাইতে পারেন।

ব্যাংকিং চ্যানেল ও খোলাবাজারে ডলার কেনাবেচার ধরন আলাদা হওয়ায় দুই বাজারে কিছুটা দামের পার্থক্য থাকা স্বাভাবিক। তবে এ ব্যবধান ৪ টাকার বেশি হলে বৈধ চ্যানেলের বাইরে লেনদেনের প্রবণতা বাড়ার ঝুঁকি তৈরি হয়। এতে বাজারে প্রকৃত চাহিদা ও সরবরাহের হিসাবেও অস্পষ্টতা দেখা দিতে পারে।

রিজার্ভ থেকে ডলার বিক্রিতেও মিলছে না স্বস্তি

বৈদেশিক মুদ্রাবাজারে সরবরাহ বাড়িয়ে বিনিময় হার স্থিতিশীল রাখতে বিভিন্ন সময়ে রিজার্ভ থেকে ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। তবে আমদানি দায় পরিশোধের চাহিদা বেশি থাকায় এ উদ্যোগের প্রভাব দীর্ঘস্থায়ী হচ্ছে না। বাজারে ডলারের চাহিদা ও সরবরাহের ব্যবধান বেশি থাকলে কেন্দ্রীয় ব্যাংকের ডলার বিক্রিও সাময়িক স্বস্তি দিতে পারে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১০ নভেম্বর দেশের মোট বা গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৯৯ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভের পরিমাণ ছিল ৩০ দশমিক ১২ বিলিয়ন ডলার।

ডলারের দর বৃদ্ধি প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, রেমিট্যান্স প্রবাহ স্থিতিশীল রয়েছে এবং রপ্তানি আয় ৬ শতাংশ বেড়েছে। তবে কিছু ক্ষেত্রে জ্বালানি কিনতে সরকারকে বিপুল ভর্তুকি দিতে হচ্ছে। ফলে বৈদেশিক মুদ্রার ওপর চাপ তৈরি হয়েছে।

তিনি এ চাপকে সাময়িক উল্লেখ করে বলেন, ব্যাংকগুলো যদি মনে করে এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা রাখা প্রয়োজন, তাহলে কেন্দ্রীয় ব্যাংক অবশ্যই ভূমিকা রাখবে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

ছবিতে গ্রেপ্তারকৃতরা

নিজস্ব প্রতিবেদক । যোগফল অনলাইন

দেশের রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিদেশি রিভলভার, ৬টি তাজা গুলি, ৩৬০ গ্রাম হেরোইন ও ৭৫০টি ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। 

রোববার ভোরে পাবনা হাউস গলি ও মুল্লুক চান সড়ক এলাকায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এসআরবির সিপিএসসি কোম্পানি, এসআরবি-২ এ অভিযান চালায়। কোম্পানি কমান্ডার হাসান মুহাম্মদ মুহতারিম পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হাবিবুল ইসলাম রানা (৩২), মো. নাইম কাজি (৩২), মো. সাইদুল ইসলাম রাব্বি (৩০) ও মো. তানজীন খান জিসান (৩২)।

অভিযানে হাবিবুল ইসলাম রানার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও ৬টি তাজা গুলি উদ্ধার করা হয়। নাইম কাজির কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন এবং সাইদুল ইসলাম রাব্বির কাছ থেকে ২ হাজার ৭৫টি পুরিয়ায় ২৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তানজীন খান জিসানের কাছ থেকে জব্দ করা হয় ৭৫০টি ইয়াবা বড়ি।

এসআরবি জানায়, গ্রেপ্তার হাবিবুল ইসলাম রানার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। নাইম কাজির বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একই আইনে মামলা রয়েছে।

উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার চারজনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-২।

সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে থানায় মামলা করেছেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন খাগড়াছড়ি জেলা সদরের উত্তর সবুজবাগ এলাকার মো. মুন্না ও মো. সাইফ এবং দীঘিনালা উপজেলার ওমর ফারুক। ফুটেজে দেখা যাওয়া চতুর্থ ব্যক্তিকে এখনো শনাক্ত করা যায়নি।

ওসি আরও জানান, সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে শনাক্ত তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করে মামলা করেছেন।

এর আগে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর এলাকায় সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম জানান, গভীর রাতে ছাদের ওপর বিকট শব্দ শুনে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় দরজার সামনে কেরোসিন ও পেট্রলের মিশ্রণ পড়ে থাকতে দেখেন। পাশাপাশি রাস্তার পাশের জানালায় আগুন দেওয়ার চেষ্টার চিহ্নও পাওয়া যায়। প্রতিবেশীরা খবর পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন।

এদিকে অগ্নিসংযোগের চেষ্টার খবর পেয়ে রোববার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে বাড়িটি পরিদর্শন করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের সদস্যরা।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে সাতটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

রোববার (২২ নভেম্বর) ভোরে উপজেলার সাহেবের আলগা বিওপির বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। জামালপুর ৩৫ বিজিবি এক খুদে বার্তায় বিষয়টি জানিয়েছে।

বিজিবির খুদে বার্তায় বলা হয়, নিজস্ব গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সীমান্তের ১০৪৭ নম্বর পিলারের কাছে মেকুর আলগা নামক স্থান দিয়ে ভারতীয় গরু চোরাচালানের তথ্য পায় বিজিবি। পরে ওই তথ্যের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন সাহেবের আলগা বিওপির সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় পরিত্যক্ত অবস্থায় সাতটি গরু জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা গরুগুলোর আনুমানিক মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গরু জব্দ করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযানও অব্যাহত রয়েছে।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম