খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

বিশ্বনেতাদের চোখে তারেক রহমান ‘ট্রান্সফরমেটিভ লিডার’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১:৪১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বিশ্বনেতাদের চোখে তারেক রহমান ‘ট্রান্সফরমেটিভ লিডার’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে বিশ্বনেতারা ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ বা রূপান্তরমূলক নেতৃত্ব হিসেবে দেখছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি বলেন, বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রীকে একজন ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে অভিহিত করা হচ্ছে। বাংলাদেশের প্রায় ১৮ থেকে ২০ কোটি মানুষের নেতৃত্বে তাঁর রূপান্তরমূলক ভূমিকা এবং গণতান্ত্রিক ম্যান্ডেটকে বিশ্বনেতারা গুরুত্বের সঙ্গে দেখছেন।

বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ৩১) চলাকালে স্থানীয় সময় সন্ধ্যায় বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রী দিনব্যাপী কপ৩১-এর বিশ্বনেতা সম্মেলনের উদ্বোধনী অধিবেশন ও প্লেনারি সেশনে অংশ নেন। এ সময় বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। পাশাপাশি উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট, মলদোভার প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী, কুয়েতের প্রধানমন্ত্রী, ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব, লন্ডনের মেয়র এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হয়েছে।

এসব সাক্ষাৎ অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বনেতারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং প্রধানমন্ত্রীর নির্বাচনী ম্যান্ডেটের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। মালদ্বীপের প্রেসিডেন্টও শিগগির বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। অন্যদিকে সিরিয়ার প্রেসিডেন্ট দেশটির পুনর্গঠন, বিনিয়োগ, দক্ষ জনশক্তি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

ওআইসির মহাসচিবের সঙ্গে আলোচনায় ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে। এ ক্ষেত্রে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

লন্ডনের মেয়রের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দীর্ঘদিন লন্ডনে অবস্থান করায় মেয়র তাঁর সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছিলেন। সে অনুযায়ী তাঁদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু, ভিসা প্রক্রিয়া সহজ করা এবং পারস্পরিক সম্পর্ক আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। উজবেকিস্তানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রী আগামী বছরের কোনো এক সময়ে সফরের বিষয়ে তাঁকে আশ্বস্ত করেছেন।

চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার দেশটির সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে জ্বালানি, ভারী শিল্প, কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামো খাতে চীনা বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের জ্বালানি খাতে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনসহ বিভিন্ন সম্ভাবনাময় প্রকল্পে চীনের বিনিয়োগের বিষয়টি আলোচনায় এসেছে। এ ছাড়া বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে যুক্ত করে আঞ্চলিক অর্থনৈতিক করিডর গড়ে তোলার সম্ভাবনা এবং রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে।

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বাংলাদেশ চীনের সহযোগিতা প্রত্যাশা করেছে জানিয়ে তিনি বলেন, এ সংকট সমাধানে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উদ্যোগের পাশাপাশি সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টা প্রয়োজন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এতে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা রাখার সম্ভাবনা নিয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতা ও অবদান রয়েছে। মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ সৃষ্টি হলে জাতীয় স্বার্থ বিবেচনায় বাংলাদেশ ইতিবাচকভাবে তা বিবেচনা করবে।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান কপ৩১-এর সাইড ইভেন্টে জিরো ওয়েস্ট ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন। সেখানে তিনি বর্জ্যকে সম্পদ ও জ্বালানিতে রূপান্তরের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের নীতিগত উদ্যোগ এবং এ বিষয়ে প্রযুক্তিগত সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী আগামীকাল কপ৩১ সম্মেলনে বাংলাদেশের অবস্থান এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশের অগ্রাধিকারগুলো তুলে ধরবেন। এ ছাড়া তাঁর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি ও বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও উপ-প্রেস সচিব হাসান শিপলু উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

ছবিতে গ্রেপ্তারকৃতরা

নিজস্ব প্রতিবেদক । যোগফল অনলাইন

দেশের রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিদেশি রিভলভার, ৬টি তাজা গুলি, ৩৬০ গ্রাম হেরোইন ও ৭৫০টি ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। 

রোববার ভোরে পাবনা হাউস গলি ও মুল্লুক চান সড়ক এলাকায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এসআরবির সিপিএসসি কোম্পানি, এসআরবি-২ এ অভিযান চালায়। কোম্পানি কমান্ডার হাসান মুহাম্মদ মুহতারিম পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হাবিবুল ইসলাম রানা (৩২), মো. নাইম কাজি (৩২), মো. সাইদুল ইসলাম রাব্বি (৩০) ও মো. তানজীন খান জিসান (৩২)।

অভিযানে হাবিবুল ইসলাম রানার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও ৬টি তাজা গুলি উদ্ধার করা হয়। নাইম কাজির কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন এবং সাইদুল ইসলাম রাব্বির কাছ থেকে ২ হাজার ৭৫টি পুরিয়ায় ২৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তানজীন খান জিসানের কাছ থেকে জব্দ করা হয় ৭৫০টি ইয়াবা বড়ি।

এসআরবি জানায়, গ্রেপ্তার হাবিবুল ইসলাম রানার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। নাইম কাজির বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একই আইনে মামলা রয়েছে।

উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার চারজনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-২।

সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে থানায় মামলা করেছেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন খাগড়াছড়ি জেলা সদরের উত্তর সবুজবাগ এলাকার মো. মুন্না ও মো. সাইফ এবং দীঘিনালা উপজেলার ওমর ফারুক। ফুটেজে দেখা যাওয়া চতুর্থ ব্যক্তিকে এখনো শনাক্ত করা যায়নি।

ওসি আরও জানান, সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে শনাক্ত তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করে মামলা করেছেন।

এর আগে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর এলাকায় সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম জানান, গভীর রাতে ছাদের ওপর বিকট শব্দ শুনে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় দরজার সামনে কেরোসিন ও পেট্রলের মিশ্রণ পড়ে থাকতে দেখেন। পাশাপাশি রাস্তার পাশের জানালায় আগুন দেওয়ার চেষ্টার চিহ্নও পাওয়া যায়। প্রতিবেশীরা খবর পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন।

এদিকে অগ্নিসংযোগের চেষ্টার খবর পেয়ে রোববার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে বাড়িটি পরিদর্শন করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের সদস্যরা।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে সাতটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

রোববার (২২ নভেম্বর) ভোরে উপজেলার সাহেবের আলগা বিওপির বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। জামালপুর ৩৫ বিজিবি এক খুদে বার্তায় বিষয়টি জানিয়েছে।

বিজিবির খুদে বার্তায় বলা হয়, নিজস্ব গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সীমান্তের ১০৪৭ নম্বর পিলারের কাছে মেকুর আলগা নামক স্থান দিয়ে ভারতীয় গরু চোরাচালানের তথ্য পায় বিজিবি। পরে ওই তথ্যের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন সাহেবের আলগা বিওপির সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় পরিত্যক্ত অবস্থায় সাতটি গরু জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা গরুগুলোর আনুমানিক মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গরু জব্দ করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযানও অব্যাহত রয়েছে।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম