খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

বেলকুচিতে ১২ বছরের কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ,সালিশের নামে কালক্ষেপণ

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ৪:৫৬ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বেলকুচিতে ১২ বছরের কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ,সালিশের নামে কালক্ষেপণ

ছবি যোগফল সিরাজগঞ্জ সংবাদদাতা

মনজুরুল ইসলাম || সিরাজগঞ্জ সংবাদদাতা

‎সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মবুপুর গ্রামে ১২ বছর বয়সী এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে ২৫ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর সামাজিকভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত সালিশ হয়নি বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। এদিকে সংবাদ সংগ্রহে যাওয়া সংবাদকর্মীদের বাধা এবং সংবাদ প্রকাশ না করার শর্তে টাকা দেওয়ার চেষ্টার অভিযোগও উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। 
‎
‎ভুক্তভোগী কিশোরীর অভিযোগ, গত ৮ নভেম্বর (রোববার) রাত আনুমানিক ৮টার দিকে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত যুবক তাঁর পথরোধ করেন। এ সময় তাঁকে অনৈতিক প্রস্তাব দেওয়া হয়। তিনি সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করলে অভিযুক্ত তাঁকে জোরপূর্বক জড়িয়ে ধরে যৌন নির্যাতন করেন এবং তাঁর পরনের পোশাক ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ করেন কিশোরী। 
‎
‎কিশোরীর ভাষ্য, তাঁর চিৎকার শুনে আশপাশ থেকে লোকজনের সাড়া পাওয়ার পর অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। দীর্ঘদিন ধরেই অভিযুক্ত তাঁকে বিভিন্ন সময় রাস্তাঘাটে উত্ত্যক্ত করতেন বলেও অভিযোগ করেন তিনি। 
‎
‎ভুক্তভোগীর বাবার ভাষ্য অনুযায়ী, ঘটনার আগে অভিযুক্ত তাঁর বাড়িতে এসে বিড়ি ধরানোর জন্য আগুন নিয়ে যান। পরে মেয়েটি পাশের একটি বাড়ি থেকে সুতার কাজ করে ফেরার পথে এ ঘটনা ঘটে বলে তিনি জানতে পেরেছেন। 
‎
‎সংবাদ সংগ্রহে বাধা ও টাকা দেওয়ার চেষ্টার অভিযোগ 
‎
‎ঘটনার তথ্য সংগ্রহ করতে সংবাদকর্মীরা ঘটনাস্থলে যান। তথ্য সংগ্রহ শেষে ফিরে আসার সময় স্থানীয় পরিচয় দেওয়া প্রায় ৫ থেকে ৭ জন ব্যক্তি তাঁদের পথরোধ করেন এবং সংবাদ প্রকাশ না করার জন্য চাপ দেন বলে অভিযোগ। 
‎
‎সংবাদকর্মীদের অভিযোগ, প্রথমে ৩ হাজার টাকা এবং পরে ৪ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দিয়ে বিষয়টি প্রকাশ না করে চলে যাওয়ার অনুরোধ করা হয়। তবে তাঁরা কোনো টাকা গ্রহণ করেননি। দীর্ঘ সময় আলোচনার পর পরদিন সকালে বিষয়টির সুষ্ঠু সমাধান এবং অভিযুক্তের বিরুদ্ধে সামাজিকভাবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে রাত আনুমানিক ১২টার দিকে সংবাদকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন। 
‎
‎সালিশের আশ্বাস, পরে আর সাড়া মেলেনি 
‎পরদিন ৯ নভেম্বর স্থানীয় বিএনপি নেতা আলামিন, আনোয়ার, ছাত্রদল নেতা সুমনসহ ও করিম নামের কয়েকজন সামাজিকভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন বলে ভুক্তভোগী পরিবারের দাবি। 
‎
‎পরিবারের অভিযোগ, এ সময় তাঁদের আইনি পদক্ষেপ না নিয়ে সামাজিকভাবে বিষয়টি সমাধানের পরামর্শ দেওয়া হয়। প্রথমে ৯ নভেম্বর রাতে সালিশের সময় নির্ধারণ করা হলেও বৃষ্টির অজুহাতে তা স্থগিত করা হয়। পরে ১০ নভেম্বর বাদ মাগরিব নতুন করে সালিশের সময় নির্ধারণ করা হয়। 
‎
‎নির্ধারিত সময়ে ভুক্তভোগীর বাবা কয়েকজনকে সঙ্গে নিয়ে উপস্থিত থাকলেও দীর্ঘ সময় সালিশিদের কোনো সাড়া পাননি। পরে রাত আনুমানিক ১০টার দিকে ফোনে যোগাযোগ করা হলে সালিশিরা জানান, সাংবাদিকরা উপস্থিত থাকলে সালিশ হবে না। 
‎
‎ভুক্তভোগীর পরিবারের দাবি, সাংবাদিকরা উপস্থিত থাকবেন না—এমন আশ্বাস দেওয়ার পরও সালিশ অনুষ্ঠিত হওয়ার বিষয়ে আর কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। 
‎
‎ঘটনার পর থেকে সালিশের নামে সময়ক্ষেপণ এবং আইনি পদক্ষেপ না নেওয়ার পরামর্শ দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবার। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং মেয়েটির নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। 
‎
‎একটি শিশুর ওপর যৌন নির্যাতনের অভিযোগ কোনোভাবেই সামাজিক সালিশের মাধ্যমে চাপা দেওয়ার বিষয় নয়। অভিযোগের নিরপেক্ষ তদন্ত, শিশুর সুরক্ষা এবং আইন অনুযায়ী বিচার নিশ্চিত করা জরুরি।
advertisement
advertisement

রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

ছবিতে গ্রেপ্তারকৃতরা

নিজস্ব প্রতিবেদক । যোগফল অনলাইন

দেশের রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিদেশি রিভলভার, ৬টি তাজা গুলি, ৩৬০ গ্রাম হেরোইন ও ৭৫০টি ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। 

রোববার ভোরে পাবনা হাউস গলি ও মুল্লুক চান সড়ক এলাকায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এসআরবির সিপিএসসি কোম্পানি, এসআরবি-২ এ অভিযান চালায়। কোম্পানি কমান্ডার হাসান মুহাম্মদ মুহতারিম পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হাবিবুল ইসলাম রানা (৩২), মো. নাইম কাজি (৩২), মো. সাইদুল ইসলাম রাব্বি (৩০) ও মো. তানজীন খান জিসান (৩২)।

অভিযানে হাবিবুল ইসলাম রানার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও ৬টি তাজা গুলি উদ্ধার করা হয়। নাইম কাজির কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন এবং সাইদুল ইসলাম রাব্বির কাছ থেকে ২ হাজার ৭৫টি পুরিয়ায় ২৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তানজীন খান জিসানের কাছ থেকে জব্দ করা হয় ৭৫০টি ইয়াবা বড়ি।

এসআরবি জানায়, গ্রেপ্তার হাবিবুল ইসলাম রানার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। নাইম কাজির বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একই আইনে মামলা রয়েছে।

উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার চারজনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-২।

সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে থানায় মামলা করেছেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন খাগড়াছড়ি জেলা সদরের উত্তর সবুজবাগ এলাকার মো. মুন্না ও মো. সাইফ এবং দীঘিনালা উপজেলার ওমর ফারুক। ফুটেজে দেখা যাওয়া চতুর্থ ব্যক্তিকে এখনো শনাক্ত করা যায়নি।

ওসি আরও জানান, সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে শনাক্ত তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করে মামলা করেছেন।

এর আগে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর এলাকায় সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম জানান, গভীর রাতে ছাদের ওপর বিকট শব্দ শুনে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় দরজার সামনে কেরোসিন ও পেট্রলের মিশ্রণ পড়ে থাকতে দেখেন। পাশাপাশি রাস্তার পাশের জানালায় আগুন দেওয়ার চেষ্টার চিহ্নও পাওয়া যায়। প্রতিবেশীরা খবর পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন।

এদিকে অগ্নিসংযোগের চেষ্টার খবর পেয়ে রোববার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে বাড়িটি পরিদর্শন করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের সদস্যরা।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে সাতটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

রোববার (২২ নভেম্বর) ভোরে উপজেলার সাহেবের আলগা বিওপির বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। জামালপুর ৩৫ বিজিবি এক খুদে বার্তায় বিষয়টি জানিয়েছে।

বিজিবির খুদে বার্তায় বলা হয়, নিজস্ব গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সীমান্তের ১০৪৭ নম্বর পিলারের কাছে মেকুর আলগা নামক স্থান দিয়ে ভারতীয় গরু চোরাচালানের তথ্য পায় বিজিবি। পরে ওই তথ্যের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন সাহেবের আলগা বিওপির সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় পরিত্যক্ত অবস্থায় সাতটি গরু জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা গরুগুলোর আনুমানিক মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গরু জব্দ করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযানও অব্যাহত রয়েছে।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম