খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

জলবায়ু ও নারীস্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাতে চায় তুরস্ক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৩:০৬ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
জলবায়ু ও নারীস্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাতে চায় তুরস্ক

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশবান্ধব পণ্য উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় ও প্রান্তিক নারীদের স্বাস্থ্যগত সমস্যা মোকাবিলায় অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাতে চায় দেশটি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সহধর্মিণী ও জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এমিনে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় রাতে তুরস্কের আন্তালিয়ায় পাপিলন জিউগমা রিলাক্সারি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

তিনি বলেন, কপ-৩১ জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের অংশগ্রহণের প্রথম দিনেই ডা. জুবাইদা রহমানের সঙ্গে তুরস্কের ফার্স্ট লেডির অত্যন্ত ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং নারী ও শিশুদের ওপর এর নেতিবাচক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

শামা ওবায়েদ জানান, জলবায়ু পরিবর্তনের নানা প্রতিকূলতা মোকাবিলায় বাংলাদেশের জনগণের সক্ষমতা ও সহনশীলতার প্রশংসা করেছেন এমিনে এরদোয়ান। পাশাপাশি বাংলাদেশে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, সৌরবিদ্যুৎ এবং পরিবেশবান্ধব বিভিন্ন উদ্যোগে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

বৈঠকে বাংলাদেশের পাটজাত পণ্য, বিশেষ করে পরিবেশবান্ধব ও পচনশীল পণ্য প্লাস্টিকের বিকল্প হিসেবে তুরস্কসহ আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে। এ ক্ষেত্রেও বিশেষ আগ্রহ দেখিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ডা. জুবাইদা রহমান বৈঠকে বাংলাদেশের নারীর ক্ষমতায়ন, নারীর স্বাস্থ্য সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের কারণে নারী ও শিশুদের স্বাস্থ্যগত ও সামাজিক সমস্যার বিষয়গুলো তুলে ধরেন।

এ ছাড়া পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচি, বিশেষ করে বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচি সম্পর্কে এমিনে এরদোয়ানকে অবহিত করেন তিনি।

এসব উদ্যোগের প্রশংসা করে এমিনে এরদোয়ান বলেন, জ্বালানি উৎপাদন, পাটজাত পণ্যের ব্যবহার ও রপ্তানি, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়েছে। শামা ওবায়েদ জানান, ২০১৭ সালে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার সময় এমিনে এরদোয়ান বাংলাদেশ ও কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছিলেন। দীর্ঘদিন ধরে তুরস্ক সরকার রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে আসছে।

তিনি বলেন, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হচ্ছে তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। তবে প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করার বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কাজ করা এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন এমিনে এরদোয়ান।

নারী ও শিশুদের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের নারীরা প্রতিকূল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছেন। জলবায়ু পরিবর্তনের কারণে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি ও নারীদের স্বাস্থ্যগত ঝুঁকির বিষয়গুলোও বৈঠকে তুলে ধরা হয়েছে।

এসব সমস্যা মোকাবিলায় তুরস্কের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে বিনিময়ের আগ্রহ প্রকাশ করেছেন এমিনে এরদোয়ান। এ লক্ষ্যে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করতে একটি বিশেষজ্ঞ দল পাঠানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। বিশেষ করে প্রান্তিক নারীদের স্বাস্থ্যগত সমস্যা মোকাবিলা ও মাতৃস্বাস্থ্যের উন্নয়নে দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করা হবে।

শামা ওবায়েদ আরও জানান, ডা. জুবাইদা রহমান তুরস্কের ফার্স্ট লেডিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ২০১৭ সালের বাংলাদেশ সফরের স্মৃতিচারণ করে এমিনে এরদোয়ানও আবার বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন। সুবিধাজনক সময়ে শিগগিরই বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

সূত্র: বাসস

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

ছবিতে গ্রেপ্তারকৃতরা

নিজস্ব প্রতিবেদক । যোগফল অনলাইন

দেশের রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিদেশি রিভলভার, ৬টি তাজা গুলি, ৩৬০ গ্রাম হেরোইন ও ৭৫০টি ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। 

রোববার ভোরে পাবনা হাউস গলি ও মুল্লুক চান সড়ক এলাকায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এসআরবির সিপিএসসি কোম্পানি, এসআরবি-২ এ অভিযান চালায়। কোম্পানি কমান্ডার হাসান মুহাম্মদ মুহতারিম পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হাবিবুল ইসলাম রানা (৩২), মো. নাইম কাজি (৩২), মো. সাইদুল ইসলাম রাব্বি (৩০) ও মো. তানজীন খান জিসান (৩২)।

অভিযানে হাবিবুল ইসলাম রানার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও ৬টি তাজা গুলি উদ্ধার করা হয়। নাইম কাজির কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন এবং সাইদুল ইসলাম রাব্বির কাছ থেকে ২ হাজার ৭৫টি পুরিয়ায় ২৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তানজীন খান জিসানের কাছ থেকে জব্দ করা হয় ৭৫০টি ইয়াবা বড়ি।

এসআরবি জানায়, গ্রেপ্তার হাবিবুল ইসলাম রানার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। নাইম কাজির বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একই আইনে মামলা রয়েছে।

উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার চারজনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-২।

সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে থানায় মামলা করেছেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন খাগড়াছড়ি জেলা সদরের উত্তর সবুজবাগ এলাকার মো. মুন্না ও মো. সাইফ এবং দীঘিনালা উপজেলার ওমর ফারুক। ফুটেজে দেখা যাওয়া চতুর্থ ব্যক্তিকে এখনো শনাক্ত করা যায়নি।

ওসি আরও জানান, সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে শনাক্ত তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করে মামলা করেছেন।

এর আগে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর এলাকায় সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম জানান, গভীর রাতে ছাদের ওপর বিকট শব্দ শুনে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় দরজার সামনে কেরোসিন ও পেট্রলের মিশ্রণ পড়ে থাকতে দেখেন। পাশাপাশি রাস্তার পাশের জানালায় আগুন দেওয়ার চেষ্টার চিহ্নও পাওয়া যায়। প্রতিবেশীরা খবর পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন।

এদিকে অগ্নিসংযোগের চেষ্টার খবর পেয়ে রোববার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে বাড়িটি পরিদর্শন করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের সদস্যরা।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে সাতটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

রোববার (২২ নভেম্বর) ভোরে উপজেলার সাহেবের আলগা বিওপির বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। জামালপুর ৩৫ বিজিবি এক খুদে বার্তায় বিষয়টি জানিয়েছে।

বিজিবির খুদে বার্তায় বলা হয়, নিজস্ব গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সীমান্তের ১০৪৭ নম্বর পিলারের কাছে মেকুর আলগা নামক স্থান দিয়ে ভারতীয় গরু চোরাচালানের তথ্য পায় বিজিবি। পরে ওই তথ্যের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন সাহেবের আলগা বিওপির সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় পরিত্যক্ত অবস্থায় সাতটি গরু জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা গরুগুলোর আনুমানিক মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গরু জব্দ করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযানও অব্যাহত রয়েছে।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম