আওয়ামী লীগের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে স্মরণ করালেন তথ্য প্রতিমন্ত্রী
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। বিষয়টি গণমাধ্যমকেও মনে রাখতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে যারা অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে, তাদের এ ধরনের কর্মকাণ্ড নতুন নয়। তাদের রাজনীতিই ধ্বংসের রাজনীতি। ২০২৫ সালের ১২ মে প্রকাশিত গেজেটের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।
তিনি বলেন, গেজেট অনুযায়ী, বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটির সব অঙ্গসংগঠন, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম ও অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সমাবেশ ও সভা আয়োজনসহ যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
ইয়াসের খান চৌধুরী বলেন, ‘তাদের কার্যক্রম যেমন নিষিদ্ধ, তাদের কার্যক্রমের প্রচারণা করাও নিষিদ্ধ। এটা গণমাধ্যমেরও মনে রাখা উচিত বলে আমি মনে করি।’
অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের আগুন-সন্ত্রাস নতুন কিছু নয়। দলটির জন্মলগ্ন থেকেই তারা আগুন-সন্ত্রাস, গুম, খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে গিয়ে তারা এ ধরনের ঘটনা ঘটাবে, সেটাই স্বাভাবিক বলে মন্তব্য করেন তিনি।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন